কলেজ পর্যায়ে ৭৫ হাজার বৃত্তির আবেদন

নিউইয়র্ক অঙ্গরাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বৃত্তির জন্য আবেদন করেছেন ৭৫ হাজার শিক্ষার্থী। যদিও মোট ৮৭ মিলিয়ন ডলারের বৃত্তি তহবিল থেকে সর্বোচ্চ ২৩ হাজার শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আবার আবেদনকারীদের সবাই যে যোগ্য এমনও নয়। অনেকেরই রয়েছে শিক্ষাজীবনে অনাকাঙ্ক্ষিত বিরতি। রয়েছে নিম্ন গ্রেড পয়েন্ট। ফলে এমনকি সক্ষমতা থাকা সত্ত্বেও যোগ্য প্রার্থীর ঘাটতি রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ক নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু এম কোমো গত বছর এ উচ্চতর বৃত্তির অর্থ অনুমোদন করেন। এ জন্য বরাদ্দ হয় ৮৭ মিলিয়ন ডলার। এ তহবিল থেকে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে পড়ার সুযোগ করে দেওয়া হবে। অনুমোদন লাভের পরপরই এ তহবিলের বিপরীতে একের পর এক আবেদন জমা পড়তে থাকে। সব মিলিয়ে মোট ৭৫ হাজার আবেদন জমা পড়েছে।
আবেদনকারীদের অনেকেই অবশ্য বৃত্তির যোগ্যতা অর্জন করতে পারেননি। অনেক শিক্ষার্থীর পরিবারের আয় নির্ধারিত উচ্চ মানের চেয়ে বেশি। এ বৃত্তি কার্যক্রমের আওতায় তাঁরাই সুফলভোগী হবেন, যাঁদের পরিবারের আয় বার্ষিক ১ লাখ ডলার। ফলে প্রথম বছরেই যোগ্য প্রার্থীর অভাব দেখা দিয়েছে। আর ২০১৯ সালে পরিবারের বার্ষিক আয়সীমা ১ লাখ ২৫ হাজার ডলার করা হলে এ ঘাটতি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এ তথ্য প্রকাশের পর অনেকেই চমকে উঠেছেন। তাঁদের মতে, বৃত্তির যোগ্যতা সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়নি। বিশেষত আবেদনকারীকে নিয়মিত শিক্ষার্থী হবে এমন বাধ্যবাধকতার বিষয়ে অনেকেই অবহিত ছিলেন না বলে দাবি করেন। কিন্তু এখন এমন তথ্য জেনে অনেকেই তীব্র হতাশ হয়েছেন বলে জানান।
এমনই একজন জেনি ফ্রেঙ্কেল। কুইন্সের সেইন্ট জোনস বিশ্ববিদ্যালয়ের ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীও আবেদন করেছিলেন বৃত্তির জন্য। কিন্তু তাঁর শিক্ষাজীবনে রয়েছে ছেদ। একটি দুর্ঘটনার কারণে তিনি নিয়মিতভাবে শিক্ষা কার্যক্রম চালাতে পারেননি। দীর্ঘদিন থাকতে হয়েছে হাসপাতালে। এদিকে উচ্চশিক্ষায় আগ্রহী জেনির রয়েছে ৭০ হাজার ডলারের শিক্ষাঋণও। এ অবস্থায় উচ্চতর বৃত্তির প্রকল্পটি তাঁর মনে আশার সঞ্চার করেছিল। কিন্তু নিয়মিত শিক্ষার্থী হওয়ার বাধ্যবাধকতা আক্ষরিক অর্থেই তাঁর হৃদয় ভেঙে দিয়েছে। বিষয়টি জানার পর তিনি গভর্নর কার্যালয়ে যোগাযোগ করেন। বহু চেষ্টার পর একটি উত্তরই তিনি পেয়েছেন, তিনি এ বৃত্তির জন্য যোগ্য নন। কারণ, তাঁর শিক্ষাজীবনে ছেদ রয়েছে।
এ বিষয়ে সেটোন হল বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা বিভাগের অধ্যাপক রবার্ট কেলচেন নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘এ তহবিল বরং সেই সব শিক্ষার্থীরই বেশি দরকার, যাদের এসব বাধ্যবাধকতা পূরণের সক্ষমতাই নেই, যারা ঝরে পড়ছে। সাধারণ নিম্ন আয়ের পরিবারের সন্তানদেরই শিক্ষাজীবনে ছেদ পড়ে। অল্প বয়সেই তাদের অনেককে কাজে যোগ দিতে হয়। কিন্তু এমন একটি বিধান রেখে এ উচ্চতর বৃত্তি প্রকল্পটিকে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের সন্তানদের জন্যই সুরক্ষিত করা হলো।’
নিউইয়র্ক কর্তৃপক্ষ ২৩ হাজার বৃত্তি প্রদানের সক্ষমতার কথা বললেও এখন পর্যন্ত চলতি বছরের জন্য নির্ধারিত বৃত্তির সংখ্যা তারা নিশ্চিত করতে পারেনি। এদিকে দুই-এক সপ্তাহের মধ্যেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম শুরু হয়ে যাবে। পুরো প্রক্রিয়া এখন কোন পর্যায়ে রয়েছে, তা-ও সুস্পষ্ট নয়। কারণ, ২৮ আগস্ট পর্যন্ত বর্ধিত সময়সীমাজুড়ে শুধু আবেদনের বিপরীতে পরিবারের বার্ষিক আয়ের প্রতিবেদন জমা নেওয়া হয়েছে। সুতরাং কয়েক সপ্তাহের মধ্যেই সুনিশ্চিত কোনো পরিসংখ্যান সামনে আসছে না, এটা মোটামুটি নিশ্চিত বলা যায়। এ অনিশ্চয়তা শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
অন্য অঙ্গরাজ্যগুলোয় কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে বৃত্তি কার্যক্রম থাকলেও নিউইয়র্কের এ উচ্চতর বৃত্তি একটু স্বতন্ত্র। একই সঙ্গে এ কার্যক্রমের গতিও অন্য অঙ্গরাজ্যগুলোর তুলনায় বেশি ছিল। অন্য অঙ্গরাজ্যগুলোয় এ ধরনের বৃত্তি কার্যক্রম শুরু করতে যেখানে দীর্ঘ সময় লেগেছিল, নিউইয়র্কে প্রস্তাব উত্থাপনের পর মাত্র কয়েক মাসের মধ্যেই তা শুরু হয়। কিন্তু এসব কিছু আশার সঞ্চার করলেও বাড়তি যোগ্যতা ঘোষণা এ কার্যক্রমটিকে সমালোচিত করে তুলেছে অনেকের কাছে। সঙ্গে শুধু টিউশন পরিশোধের বিষয়টি নিয়েও সমালোচনা রয়েছে। বিশ্লেষকদের মতে, ‘এ কার্যক্রমের আওতায় শুধু টিউশন ফি দেওয়া হচ্ছে। অথচ বই, বিভিন্ন প্রয়োজনীয় ফি এমনকি থাকা-খাওয়ার জন্যও একজন দরিদ্র শিক্ষার্থী উচ্চশিক্ষার স্বপ্ন ফিকে হয়ে আসতে পারে। এ বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় নেওয়া উচিত ছিল। নিউইয়র্কের উচ্চশিক্ষা কার্যক্রমে এ বৃত্তি কতটা প্রভাব বিস্তার করতে পারবে, তা সময়ই বলে দেবে। তবে এখন পর্যন্ত ইতিবাচক কিছু পরিবর্তনই নজরে আসছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বৃত্তির প্রকল্পটি ঘোষণার পর চলতি বছর নিউইয়র্কের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু প্রার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৯ শতাংশ। এখন বাকিটা নির্ভর করছে প্রকল্পটির সাফল্য ও গ্রহণযোগ্যতার ওপর।
এ বিষয়ে এক বিবৃতিতে নিউইয়র্কের গভর্নর বলেন, ‘এ বিষয়ে মানুষের আগ্রহ আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। সারা দেশে প্রথমবারের মতো শুরু হওয়া এ বৃত্তির কার্যক্রম শুরুতেই সাফল্য দেখিয়েছে তাতে আমি গর্বিত। নিম্ন ও মধ্য আয়ের বহু পরিবারের শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি এক নতুন আশার দুয়ার খুলে দিয়েছে। টিউশন ফি ছাড়াই মেধাবী শিক্ষার্থীরা উচ্চ মানের শিক্ষা গ্রহণ করতে পারবেন। প্রতিবছর আমরা এ কার্যক্রমের আওতা বাড়াব।’ ২০২১ সাল নাগাদ এ বৃত্তির তহবিল ১৬৩ মিলিয়ন করার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। আর এর আওতা বাড়িয়ে সে সময়ের মধ্যে ৩২ হাজারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।