কলেজ পড়ুয়া শ্বেতাঙ্গরা ট্রাম্পের বিপক্ষে
মার্কিন যুক্তরাষ্ট্রের শ্বেতকায় পুরুষদের অধিকাংশই ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন, এ কথা অনেক আগে থেকেই স্পষ্ট হয়েছে। কিন্তু সেই শ্বেতকায় পুরুষ যদি কলেজ পর্যন্ত লেখাপড়া করে থাকেন, তাহলে তাঁদের অধিকাংশ ট্রাম্পকে নয়, হিলারিকে সমর্থন করবেন। ফক্স নিউজের জরিপে এমন তথ্য এসেছে।
জরিপে দেখা যাচ্ছে, শুধু স্কুল অবধি লেখাপড়া করেছেন এমন শ্বেতকায় পুরুষদের মধ্যে হিলারির তুলনায় ট্রাম্পের সমর্থন প্রায় ৪০ পয়েন্ট বেশি। কিন্তু কলেজ ডিগ্রি রয়েছে, এমন শ্বেতকায় পুরুষদের মধ্যে হিলারির প্রতি সমর্থন ট্রাম্পের তুলনায় ৬ পয়েন্ট বেশি।
সব পুরুষ ভোটারকে হিসাবের আওতায় আনলে ট্রাম্প হিলারির তুলনায় ৭ পয়েন্টে এগিয়ে। কিন্তু সব নারীর মধ্যে ট্রাম্পের তুলনায় হিলারির সমর্থন ১৭ পয়েন্ট বেশি। এই জরিপ অনুসারে, এই মুহূর্তে হিলারি ক্লিনটন ট্রাম্পের তুলনায় সারা দেশের সব ভোটারের মধ্যে ৬ পয়েন্টে এগিয়ে আছেন।
ট্রাম্প আরবি পড়তে না পারলেও আরবিকে ভয় পান?
নুইসেন্স কমিটি-এই নামের একটি পলিটিক্যাল অ্যাকশন কমিটি মিশিগানের ডিয়ারবর্ন শহরে মহাসড়কে নতুন একটি বিলবোর্ড স্থাপন করেছে। এতে আরবিতে লেখা আছে, ‘এখানে যা লেখা আছে ট্রাম্প তা পড়তে পারেন না, কিন্তু একে তিনি ভয় পান।’ মিশিগানের প্রধান শহর ডেট্রয়টে ও তার আশপাশে এক উল্লেখসংখ্যক আরব-আমেরিকান ও অন্যান্য মুসলমানের বাস। ডিয়ারবর্ন শহরে মোট অধিবাসীর প্রায় এক-তৃতীয়াংশ আরব। এখানে বিপুলসংখ্যক বাংলাদেশি-আমেরিকানদেরও বাস। ডেট্রয়েটের সন্নিকটে হ্যামট্রামিকের একটি অঞ্চলকে গত বছর আনুষ্ঠানিকভাবে ‘বাংলা টাউন’ নামে অভিহিত করা হয়েছে।
নুইসেন্স কমিটির একজন মুখপাত্র জানিয়েছেন, এই এলাকার আরব ও মুসলিম অধিবাসীদের কথা মাথায় রেখেই আরবি বিলবোর্ডটি স্থাপন করা হয়েছে। সেখানে একটি ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, যেখানে মুসলিমদের বিরুদ্ধে ট্রাম্প যেসব কথা বলেছেন, তার পূর্ণ বিবরণ রয়েছে। মুখপাত্র জানান, নভেম্বরের নির্বাচনে মুসলিম-আমেরিকানরা যাতে ট্রাম্পের বিপক্ষে ভোট দিতে অনুপ্রাণিত হন, সেই লক্ষ্যেই এই বিলবোর্ডটি স্থাপিত হয়েছে।
ট্রাম্পের জনসভায় ডেমোক্র্যাটদের ভাড়াটে লোক গন্ডগোল পাকায়!
হিলারি ক্লিনটনকে সমর্থন করেন, এমন একটি রাজনৈতিক গ্রুপ ট্রাম্পের বিভিন্ন জনসভায় গন্ডগোল পাকানোর জন্য নিজেদের ভাড়াটে লোক পাঠানোর পরিকল্পনা করেছিল। প্রজেক্ট ভেরিটাস নামের একটি রক্ষণশীল গ্রুপ গোপনে রেকর্ডকৃত একটি ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যায় হিলারির সমর্থনে দুজন কর্মকর্তা তাঁদের এসব তৎপরতার কথা নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করছেন।
ভিডিওতে দেখা যায়, আমেরিকানস ইউনাইটেড ফর চেঞ্জ নামের একটি রাজনৈতিক গ্রুপের পরিচালক স্কট ফোভাল ট্রাম্পের নির্বাচনী সভায় নিজের লোক পাঠিয়ে গন্ডগোল পাকানোর পরিকল্পনা করছেন। ডেমোক্রেসি পার্টনার নামের আরেকটি হিলারি সমর্থক গ্রুপের পরিচালক বব ক্রেমারের সঙ্গে আলোচনায় তিনি এসব লোক পাঠানোর আগে তাঁদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি বুঝিয়ে বলছেন।
ভিডিওটি প্রকাশের পেছনে রয়েছেন জেমস ও’কিফ নামের একজন বিতর্কিত রিপাবলিকান অ্যাকটিভিস্ট। এর আগে প্ল্যান্ড পারেন্টহুড নামের একটি সংস্থার বিরুদ্ধে মিথ্যা ভিডিও প্রচারের জন্য তিনি গত বছর অভিযুক্ত হয়েছিলেন।