কাউন্সিলম্যান পদে পিটিশন দাখিল হেলাল শেখের

বাংলাদেশি-আমেরিকানদের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নিউইয়র্ক সিটি কাউন্সিলম্যান পদে প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান হেলাল আবু শেখ। ১০ জুলাই নিউইয়র্ক সিটির ম্যানহাটনে বোর্ড অব ইলেকশনে ২ হাজার ২০০ নিবন্ধিত ডেমোক্রেটিক ভোটারের স্বাক্ষর সংবলিত পিটিশন দাখিলের সময় তিনি এ কথা বলেন।
শেখ হেলালের নির্বাচনী এলাকা কুইন্স ডিস্ট্রিক্ট ৩২ বেলি হারবার, ব্রিজিপয়েন্ট, বোর্ড চ্যানেল, হেমিলটন বিচ, হাওয়ার্ড বিচ, লিন্ডেন উড, নেপনসিট, ওজোনপার্ক, রকওয়ে বিচ, রকওয়ে পার্ক, সাউথ ওজোন পার্ক, সাউথ রিচমন্ড হিল এবং উড হ্যাভেন নিয়ে গঠিত। এ সময় কাউন্সিলম্যান প্রার্থী হেলাল আবু শেখের সঙ্গে তাঁর মেয়ে মাইশা, ক্যাম্পেইন কর্মকর্তারা এবং বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।
পিটিশন দাখিল শেষে তাঁকে অব্যাহত সহযোগিতার জন্য হেলাল আবু শেখ বাংলাদেশি কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, নিয়মমতো ৯০০ ভোটারের পিটিশন দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ২ হাজার ২০০ ভোটারের স্বাক্ষর সংবলিত পিটিশন দাখিলের মাধ্যমে প্রাথমিক বাছাইয়ে কাউন্সিলম্যান পদে প্রার্থী হিসেবে ব্যালটে তার নাম অন্তর্ভুক্তির বিষয়টি প্রায় নিশ্চিত হয়েছে। এর মাধ্যমে কাউন্সিলম্যান পদে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী অভিযাত্রাও শুরু হলো। প্রাথমিক বাছাইয়েও ভোটাররা তাকে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদী।
হেলাল আবু শেখ ২০১৩ সালেও ডিস্ট্রিক্ট ৩৭ ব্রুকলিন থেকে কাউন্সিলম্যান পদে প্রার্থী হয়েছিলেন। সে নির্বাচনে অবশ্য জিততে পারেননি। সিটির মাধ্যমিক স্কুলের সাবেক শিক্ষক হেলাল শেখ।