কাউন্সিলম্যান পদে মামুন ও সোমার প্রার্থিতা ঘোষণা
নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন নির্বাচনে কাউন্সিলম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মীর্জা মামুন ও সোমা সায়ীদ। নগরের ডিস্ট্রিক্ট ১৮ থেকে প্রার্থিতা ঘোষণা করেছেন মীর্জা মামুন রশীদ। আর ডিস্ট্রিক্ট-২৪-এ কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি সোমা সায়ীদ।
মীর্জা মামুন ৮৭ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ও ১২ জুডিশিয়াল ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশিদের মধ্যে প্রথম নির্বাচিত জুডিশিয়াল ডেলিগেট ছিলেন। এ ছাড়া নিউইয়র্কের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের তিনবার নির্বাচিত সহসভাপতিসহ মোট আট বছর দায়িত্ব পালন করেছেন।
সোমা সায়ীদ কুইন্স কাউন্টি উইমেন্স বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, ল ইয়ার রেফারেল অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস ফর দ্য সার্ভিস ফর দ্য নিউইয়র্ক স্টেট বার অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। ১১ অক্টোবর তিনি ফেসবুক পেজ ও জুম প্ল্যাটফর্মের মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।
এরই মধ্যে নির্বাচনী প্রচার কার্যক্রমও শুরু করেছেন দুই প্রার্থী। বিভিন্ন মানুষের সঙ্গে তাঁরা মতবিনিময় করছেন। সোমা সায়ীদ প্রচারের অংশ হিসেবে ওয়েবসাইট উন্মোচন ও ফেসবুক পেজ তৈরি করেছেন। এরই মধ্যে প্রার্থী হিসেবে নিবন্ধনও করেছেন তিনি।
সোমা সায়ীদ ন্যায্য স্বাস্থ্যসেবা, অর্থনৈতিক ন্যায়বিচার, পুলিশ সংস্কার, সাশ্রয়ী আবাসন ও সুশিক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন। এ ছাড়া তাঁর প্রচারে ন্যায়বিচার ও সমতার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। ন্যায্য স্বাস্থ্যসেবা সম্পর্কে তাঁর মত, স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট ব্যবস্থার আওতায় একটি অভিন্ন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার দাবি দীর্ঘদিনের। সিঙ্গেল পেয়ার হেলথকেয়ার নামের এই ব্যবস্থা গড়ে তুলতে তিনি লড়াই করবেন। অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তা দেওয়া হবে, যাতে তারা অর্থনৈতিক ন্যায়বিচার পায়। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য প্রতি মাসে এক হাজার ডলারের তহবিল আদায়সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। পুলিশ সংস্কার বিষয়েও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এ ছাড়া শিক্ষা ও সাশ্রয়ী আবাসন নিশ্চিতে তিনি কাজ করবেন বলেও জানান। তিনি বলেন, ‘আমি সোমা সায়ীদ। আমি নিউইয়র্ক সিটি কাউন্সিলে ডিস্ট্রিক্ট-২৪ থেকে নির্বাচন করছি। আমি আপনাদের ভোট ও সহযোগিতা চাই।’
উল্লেখ্য, অ্যাটর্নি সোমা সায়ীদ প্রথম মুসলিম ও দক্ষিণ এশিয়ান নারী আইনজীবী, যিনি ৯০ বছরের পুরোনো একটি সংগঠনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করে জয়ী হন। নিজের নামে গড়ে তুলেছেন অ্যাটর্নি সোমা সায়ীদ অ্যান্ড অ্যাসোসিয়েটস। নিউইয়র্কে ১৬ বছর ধরে আইনপেশার সঙ্গে সম্পৃক্ত সোমা ২০০৪ সালে নিউইয়র্ক বারের সদস্য হন। তিনি কাজ করেন দ্য সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক, দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব নিউইয়র্ক, দ্য সাউদার্ন ডিস্ট্রিক্ট ব্যাংকক্রাপসি কোর্ট, দ্য ইস্টার্ন ডিস্ট্রিক্ট ব্যাংকক্রাপসি কোর্ট, দ্য ইউএস ট্যাক্স কোর্ট এবং দ্য সেকেন্ড সার্কিট কোর্ট অব আপিলসে। আইন পেশার পাশাপাশি নিজ কাজের জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
মাত্র ১২ বছর বয়সে টাঙ্গাইল থেকে বাবা-মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সোমা। জ্যামাইকা হাইস্কুল থেকে হাইস্কুল ডিপ্লোমা করার পর ভর্তি হন কিউনির সিটি কলেজে। সেখানে আরবান লিগ্যাল স্টাডিজ বিষয়ে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন। এর পর আলবেনিতে ল স্কুলে ভর্তি হন। সেখান থেকে জুরিস ডক্টর (জেডি) ডিগ্রি সম্পন্ন করেন। তাঁর বাবা আফতাব উদ্দীন সায়ীদ ছিলেন একজন আইনজীবী। মা আমেনা সায়ীদও একজন শিক্ষানুরাগী। তাঁরা দুই ভাই, দুই বোন। বাবা সরকারি চাকরি ছেড়ে এ দেশে এসে এমবিএ সম্পন্ন করে সিপিএ হন।
এদিকে প্রচার শুরু করেছেন মীর্জা মামুনও। সিলেটের জগন্নাথপুরের সম্ভ্রান্ত মীর্জা বাড়ির সন্তান মীর্জা মামুনুর রশীদের তিন ভাই যথাক্রমে ব্যারিস্টার মীর্জা আবদুল মতিন, ব্যারিস্টার মীর্জা আবদুল হান্নান, ব্যারিস্টার আবদুল ওয়াহিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টে আমৃত্যু আইন পেশায় নিয়োজিত ছিলেন। একজন দক্ষ সংগঠক হিসেবে মীর্জা মামুনের রয়েছে জনপ্রিয়তা। ব্রঙ্কস ইউনাইটেড ক্লাবের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল ফুটবল লীগ টুর্নামেন্টে তাঁর ক্লাব পরপর নয়বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একজন দক্ষ সমাজসেবক ও সংগঠক মীর্জা মামুন আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন।