কাউন্সিলম্যান প্রার্থী তৈয়েবুরের পক্ষে সুধী সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুধী সমাবেশে বক্তৃতা করছেন তৈয়েবুর রহমান
সুধী সমাবেশে বক্তৃতা করছেন তৈয়েবুর রহমান

নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনে কাউন্সিল ডিস্ট্রিক্ট ২৪-এর কাউন্সিলম্যান পদে ডেমোক্র্যাট দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৈয়েবুর রহমান। তাঁর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গত সপ্তাহে কুইন্সে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে তাঁকে কউন্সিলম্যান পদে নির্বাচিত করার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

আগামী নভেম্বরে নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে। তৈয়েবুরের সুধী সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. তাজুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন খান টিউটোরিয়ালসের মালিক নাঈমা খান। সমাবেশ সঞ্চালনা করেন ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির নেতা আহসান হাবীব।

সমাবেশে কাউন্সিলম্যান প্রার্থী তৈয়েবুর রহমান বলেন, ‘আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী। এ জন্য সবার সহযোগিতা ও দোয়া চাই।’

সমাবেশে তৈয়েবুর রহমানের প্রচারণা দলের চেয়ারম্যান ফখরুল আলম বলেন, আসন্ন নির্বাচনে তৈয়েবুরের বিজয় এক প্রকার নিশ্চিত বলা যায়। এ আসনে ভারত, পাকিস্তান, গায়ানাসহ এশীয় অঞ্চলের প্রায় ১৫ হাজার ভোট রয়েছে। নিজেদের কমিউনিটির পাশাপাশি এসব ভোটারের অন্তত ৫ হাজার ভোট নিশ্চিত করতে পারলেই কাউন্সিলম্যান পদে তার বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

প্রচার দলের ব্যবস্থাপক ডোনাল্ড ক্যাপ্লেইন বাংলাদেশি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া সমাবেশে বাংলাদেশ সোসাইটির সাবেক সহসভাপতি আজাহারুল হক মিলন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী সামসুদ্দিন, বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচন কমিশনার আবু নাসের, মো. হানিফ মজুমদার, মানিকগঞ্জ সোসাইটির সাবেক সভাপতি সেলিম মোসলে উদ্দিন খান বক্তৃতা করেন।