কাউন্সিলরের ওপর হামলায় জড়িতদের কঠোর শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউন্সিলর স্বাগত কিশোর দাসের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে অতিথিরা
কাউন্সিলর স্বাগত কিশোর দাসের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে আয়োজিত সমাবেশে অতিথিরা

বাংলাদেশ কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সহসাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীসহ তাঁর পরিবারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ হয়েছে। ১ অক্টোবর অনুষ্ঠিত সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান হয়েছে। অন্যথায় কনস্যুলেটের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশসহ প্রবাস থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলেও সমাবেশ থেকে হুমকি দেওয়া হয়েছে।
নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকার এশিয়ান ড্রাইভিং স্কুলে মৌলভীবাজার জেলাবাসী আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে আমেরিকা প্রবাসী মৌলভীবাজারবাসী ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। সমাবেশ থেকে সন্ত্রাস বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। অবিলম্বে স্বাগত কিশোর দাস চৌধুরীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।
মৌলভীবাজার জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ ব্যক্তিত্ব আবদুর রহিম খানের সভাপতিত্বে এবং কমিউনিটি অ্যাকটিভিস্ট জুবায়ের খান জুয়েল ও তপোবীর রায় বুরনের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আমেরিকা ইনকের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুক মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কমিউনিটি অ্যাকটিভিস্ট লায়েক তরফদার, সাবেক ছাত্রলীগ নেতা রিয়েল এস্টেট ব্যবসায়ী মঈনুল ইসলাম, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি ইউএসএ ইনকের সদস্য এমদাদ রহমান তরফদার, মো. জাবেদ উদ্দিন, মৌলভীবাজার জেলা সমিতির কর্মকর্তা ও বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক নজরুল হক, জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান চৌধুরী হেলাল, বাংলাদেশি-আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশন ইনকের সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরী, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউএসএ ইনকের সাধারণ সম্পাদক মো. হারুন আলী, কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরীর বড় ভাই সিদ্ধার্থ চৌধুরী সাগর, কমিউনিটি অ্যাকটিভিস্ট ওবায়েদুল হক শিবলু, আবুল কালাম সিপু, শাহ জাবের আহমেদ, সৈয়দ আহমদ জুয়েদ, শাহ রকিব আলী, মুছা খান, বিএনপি নেতা ইমরান শাহ রন, জাফর তালুকদার, জুহেল আহমদ, জুবের চৌধুরী, মো. আবদুল গনি খান, সাবেক মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান, নর্থ ব্রঙ্কস বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন ইনকের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ অব নর্থ আমেরিকার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, কমিউনিটি অ্যাকটিভিস্ট সামছুল আলম সুমন, আক্তার হোসেন, কামরুল হাসান সিরাজী, মাহমুদ চৌধুরী, মো. সাইকুল ইসলাম, মোতালিব রাজা, সৈয়দ আলী আহমদ শাহীন, মো. রাজ্জাক মুন্না, সঞ্চিত রায়, সুদীপ দে, সালাম চৌধুরী, খলিলুর রহমান খলিল, সুমন খান, মোস্তাকিন, ইয়াছিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ হিসেবে একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া বাংলাদেশ সাংবিধানিকভাবে সব দল-মত ও ধর্মের মানুষের সমান অধিকার স্বীকৃত। কাউন্সিলর স্বাগত কিশোর একজন নির্বাচিত জনপ্রতিনিধি। সর্বস্তরের পৌরবাসীর সমর্থনপুষ্ট। মৌলভীবাজার পৌরসভার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখেন। তিনি তিন তিন বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তারা নির্বাক। একজন নির্বাচিত প্রতিনিধির নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ হওয়ায় প্রবাসীরা উদ্বিগ্ন। দেশে যেতে ভয় পাচ্ছে। তারা সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে একই ঘটনা বারবার ঘটবে।
বক্তারা বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অসামান্য অবদান রাখছে প্রবাসীরা। আরও কার্যকর ভূমিকা রাখতে আগ্রহী তাঁরা। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বাংলাদেশ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ প্রত্যাশা করেন প্রবাসীরা। তাঁরা যাতে নির্ভয়ে দেশে যেতে পারেন, হতাশ না হন, বিনিয়োগ করতে পারেন—সে পরিবেশ নিশ্চিত করতে হবে সরকারকে। প্রবাসীরা একযোগে এগিয়ে আসলে বাংলাদেশ দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া সময়ের ব্যাপার মাত্র। নির্যাতনকারীরা সভ্যতার শত্রু, এই অপশক্তিকে মোকাবিলা করতে না পারলে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ রক্ষা করা যাবে না।
সমাবেশে এই সন্ত্রাসী হামলার বিচার দাবি জোরদারে মৌলভীবাজারবাসীসহ সব স্তরের প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত ও অংশগ্রহণের জন্য আয়োজক ও স্বাগত কিশোরের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় মৌলভীবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোরসহ তাঁর পরিবারের চার সদস্য আহত হন। এদিন রাত ৮টার দিকে মৌলভীবাজার শহরের কাশিনাথ সড়কের বাসার ভেতর ঢুকে ১৫/২০ জন সন্ত্রাসী কাউন্সিলর ও তাঁর পরিবারের ওপর এলোপাতাড়ি হামলা চালালে স্বাগত দাস অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যান। তাঁকে মৃত ভেবে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে চারজনকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।