কাজ করতে করতেই চলে গেলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যার ফজলে হাসান আবেদ। প্রথম আলো ফাইল ছবি
স্যার ফজলে হাসান আবেদ। প্রথম আলো ফাইল ছবি

এমনটিই চেয়েছিলেন তিনি। জীবনটা কর্মের। কাজ করতে করতেই চলে যেতে হয়। প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের কাছে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি আমার কাজটা করার চেষ্টা করেছি।’ তিনি স্যার ফজলে হাসান আবেদ।

স্যার ফজলে হাসান আবেদ আমাদের চেনা আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকাদের একজন ছিলেন। তাঁর প্রতি শ্রদ্ধায় নতজানু অনুরাগী ও অনুসারীরা।

স্যার ফজলে হাসান আবেদ বেশ কিছুদিন থেকেই অসুস্থ। কয়েক মাস আগে ফিলাডেলফিয়া থেকে জিয়াউদ্দিন ফোন করলেন। কাঁপা গলায় জানালেন, আবেদ ভাইয়ের ওপর একটা লেখা প্রথম আলোতে প্রকাশের জন্য দিচ্ছেন। প্রথমে মনে করেছি, উত্তর আমেরিকা সংস্করণের জন্য। আমি খুশি হলাম। ধন্যবাদ জানালাম। কিন্তু জিয়া ভাইয়ের গলায় উৎকণ্ঠা টের পাই। জানালেন, প্রথম আলোতে ছাপা হলে রোগশয্যায় থেকেও লেখাটি স্যার ফজলে হাসান আবেদের চোখে পড়বে।

সেদিনই বুঝতে পারি কোথাও সময় দ্রুত ফুরিয়ে যাওয়ার তাগিদ আছে। জিয়া ভাই স্যার ফজলে হাসান আবেদের কাছের লোক ছিলেন। দ্রুতই ছাপা হয় স্যার ফজলে হাসান আবেদকে নিয়ে লেখা ‘ফজলে হাসান আবেদ এক আলোকবর্তিকা’।

জিয়া ভাই জানিয়েছিলেন, জীবন মৃত্যুর সঙ্গে তখন লড়াই করছিলেন স্যার ফজলে হাসান আবেদ। প্রথম আলোতে প্রকাশিত লেখাটি তাঁকে পড়ে শোনানো হয়। তখনই ভাবছিলাম, কর্মব্যস্ত প্রচারবিমুখ মানুষটিকে আমরা আমাদের শ্রদ্ধা ভালোবাসার কথাটা সামনে থেকে প্রকাশেরও সুযোগ পাইনি কোনোদিন।

সদ্য স্বাধীন দেশে দারিদ্র্য বিমোচন, গণশিক্ষা, নারী উন্নয়ন নিয়ে কথা শুনেছিলাম ফজলে হাসান আবেদের বক্তৃতায়। তাঁর অনুসারীদের মধ্যে ছিলেন আ ন স হাবিবুর রহমানসহ বেশ কয়েকজন বেসরকারি উন্নয়ন ব্যক্তিত্ব। তাঁদের দেখে, কর্মকাণ্ড অনুসরণ করতে গিয়ে বাংলাদেশের বেসরকারি উন্নয়ন নিয়ে প্রথম ধারণাটি পাই। তখন আমাদের স্বপ্নবিলাসী ফজলে হাসান আবেদকে বোঝারও ক্ষমতা হয়ে ওঠেনি।

বেসরকারি উন্নয়নের একজন কর্মী হিসেবে দেখেছি, তখন এসব কর্মকাণ্ড নিয়ে জনমনে অনেকটা সন্দেহ। সব ধূম্রজাল মোকাবিলা করেই তাঁদের কাজ করতে হয়েছে।

বাংলাদেশের অজ পাড়া গাঁয়ের লোকজন নলকূপের পানি পান করে। গ্রামপর্যায়েও স্যানিটেশন ব্যবস্থা প্রায় শতভাগের কাছাকাছি। নারী উন্নয়ন, সমবায়সহ উন্নয়নের বিভিন্ন সূচকে আশপাশের দেশ থেকে এগিয়ে আছি আমরা। এতে উন্নয়ন সংগঠকদের অবদান অপরিসীম।

ফজলে হাসান আবেদকে ‘স্যার’ সম্বোধন করা যেত না। সবাই ‘আবেদ ভাই’ ডাকতেন। বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ভাই’ সম্বোধনের প্রচলনটা তাঁরাই শুরু করেন।

২০১৭ সালে বিশ্ব সিলেট সম্মেলনে নিউইয়র্কে গিয়েছিলেন ফজলে হাসান আবেদ। সেদিন দেখেছি নিজের এলাকার লোকজনের সবার কাছে তিনি সত্যিই ভাইয়ের মতো। তিনি এর ওর কাঁধ ধরে কথা বলছেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় নেতাদের সমীহের ব্যক্তি ছিলেন ফজলে হাসান আবেদ।

উন্নয়নের যেকোনো আধুনিক পাঠে ‘ব্র্যাক’ নামটি উচ্চারিত হয়। উচ্চারিত হয় ইংল্যান্ডের রানির কাছ থেকে উপাধি পাওয়া স্যার ফজলে হাসান আবেদ।

প্রথম আলো উত্তর আমেরিকার ২০ ডিসেম্বর সংখ্যার জন্য নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক সামসাদ হুসাম লিখেছেন স্যার ফজলে হাসান আবেদকে নিয়ে। লেখাটি ছাপা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি চলে গেলেন।

নিউজার্সিতে বসে ২০ ডিসেম্বর শনিবার সকালে তীব্র শীতের মধ্যে পাওয়া জিয়া ভাইয়ের বার্তা। দিনব্যাপী শোকাতুর স্বজন, অনুরাগী, অনুসারীদের শোক আর শ্রদ্ধার বার্তা বিনিময়। স্যার ফজলে হাসান আবেদ নিজের ব্যক্তি জীবনে কোনো জৌলুশ চাননি ঠিকই। কিন্তু মানুষের মনে ছড়িয়ে রেখে গেছেন অনেক জৌলুশের!

চলে গেলেন নীরবেই। তাঁকে নিয়ে আমরা কখনো কোনো উচ্ছ্বাস দেখাতে পারিনি। কাজের লোক কাজ করে চলে গেছেন। এমন লোকদের হারিয়ে নিজেদের বড় অসহায় লাগে!