কাজ না করলে ফুড স্টাম্প মিলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদলে যাচ্ছে ফুড স্ট্যাম্প বা খাদ্য সুবিধা। আমেরিকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য নিরাপত্তা কর্মসূচি (যা ফুড স্ট্যাম্প নামে পরিচিত) কঠিন করে তোলা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ফুড স্ট্যাম্প গ্রহণকারীদের প্রাকযোগ্যতা কঠোর করার ফলে প্রায় সাত লাখ প্রাপ্তবয়স্ক মানুষ এই কর্মসূচি থেকে বাদ পড়বেন বলে মনে করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, শিশু ছাড়াও উপযুক্ত শারীরিক ক্ষমতাপ্রাপ্ত বয়স্কদের সপ্তাহে কমপক্ষে ২০ ঘণ্টা কাজ করতে হবে। ন্যূনতম ২০ ঘণ্টা কাজ করলেই অর্থনৈতিক অন্যান্য অক্ষমতা সাপেক্ষে ফুড স্ট্যাম্পের জন্য আবেদন করা যাবে। ৪ ডিসেম্বর ট্রাম্প প্রশাসনঘোষিত এই সংক্রান্ত নতুন নীতিমালায় এসব কথা বলা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এই নতুন বিধি কার্যকর হবে।
প্রশাসন বলছে, এই পরিবর্তনটি সাপ্লিমেন্ট নিউট্রিশন প্রোগ্রাম বা এসএনএপি গ্রহণকারীদের কাজ করতে উৎসাহিত করার উদ্দেশ্যে করা হয়েছে। নাগরিক সংগঠনগুলো আশঙ্কা করছে, এটি অল্প আয়ের লোকজনের জন্য ক্ষতির কারণ হতে পারে। যারা খুঁজেও কাজ পায় না, এসব কর্মহীনের জন্য ফুড স্ট্যাম্প কঠিন করে তোলা হল। অসুস্থ লোকজন, শারীরিকভাবে পূর্ণ সুস্থ্য নয়—এমন লোকজনের জন্য আমেরিকার জীবন কঠিন হয়ে উঠবে।

মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে তাদের উৎসাহিত করা দরকার। তবে এ সাহায্য অসীম হতে পারে না বলে বলেছেন আমেরিকার কৃষিমন্ত্রী সনি পেরডু। তিনি বলেন, আমেরিকার চলমান চাঙা অর্থনৈতিক পরিস্থিতিতে সবারই কাজ করার সুযোগ আছে এবং সবাইকে কাজ করতে হবে।
নতুন নিয়ম চালু হলে ১৮ থেকে ৪৯ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের ওপর এর প্রভাব পড়বে। মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৬ সালে প্রায় ৪ মিলিয়ন প্রাপ্তবয়স্ক ফুড স্ট্যাম্পের সুবিধা গ্রহণ করেছিল। এর মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ কোন কাজই করেননি। প্রশাসন থেকে বলা হচ্ছে, নতুন নিয়ম চালু হলে পাঁচ বছরে এ খাতে প্রায় ৫ বিলিয়ন ডলার সাশ্রয় হবে।
সাপ্লিমেন্ট নিউট্রিশন প্রোগ্রামের নতুন নিয়ম অনুযায়ী, সপ্তাহে ন্যূনতম ২০ ঘণ্টা কাজ না করলে তিন বছরের মধ্যে তিন মাসের বেশি ফুড স্ট্যাম্প পাওয়া যাবে না। অনগ্রসর অঙ্গরাজ্যগুলো যেখানে কর্মহীনের সংখ্যা বেশি, সেসব এলাকায় ন্যূনতম কাজের বাধ্যবাধকতার কড়াকড়ি বলবৎ হবে। ফলে এসব শর্ত পূরণ না হলে ফুড স্ট্যাম্পের আবেদন মঞ্জুর করা হবে না। এ পরিবর্তনের ফলে অনগ্রসর এলাকার লোকজনের ফুড স্ট্যাম্প পাওয়া দুরূহ হয়ে উঠবে।
পেরডু বলেছেন, ‘নতুন নিয়ম কংগ্রেসের মূল উদ্দেশ্যকে এগিয়ে নিতে সহায়তা করবে। ফুড স্ট্যাম্প জীবনযাত্রার উপায় হতে পারে না। উদ্দেশ্য হচ্ছে, নাগরিকের কঠিন সময়ে সহায়তা করা।’
বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, ফুড স্ট্যাম্প নিয়ে নতুন বিধিগুলো ২০২০ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
ফুড স্ট্যাম্পের এই পরিবর্তন শক্তিশালী বিরোধিতার মুখে পড়েছে। পাশাপাশি আইনি চ্যালেঞ্জও অবশ্যম্ভাবী বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্য থেকে এর মধ্যেই বলা হয়েছে, পরিবর্তনের নতুন বিধিগুলো অঙ্গরাজ্য ও নগরের সেবা সংস্থাগুলোর ওপর বিশাল প্রশাসনিক চাপ সৃষ্টি করবে। কংগ্রেসনাল ডেমোক্র্যাটের পক্ষ থেকে ইতিমধ্যে এ নিয়ে মামলার হুমকি দেওয়া হয়েছে। মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্রেটিক সিনেটর ডবি স্ট্যাবেনো ফুড স্ট্যাম্পের নতুন বিধির সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এমন একটি প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন। এর পরিবর্তে নাগরিকদের কর্মসংস্থান ও প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছিল।
হাউস এগ্রিকালচার কমিটির র‌্যাঙ্কিং সদস্য মাইকেল কনও বলেছেন, ফুড স্ট্যাম্প গ্রহীতাদের অনেকেই কর্মহীন, অসুস্থ বা পরিবারের কাউকে তাদের দেখাশোনা করতে হয়। তিনি বলেন, এর মধ্যেও যাদের কাজের সুযোগ আসবে, তাদের আত্মমর্যাদা ফিরিয়ে আনার জন্য কাজে যোগ দেওয়া উচিত এবং অর্থনীতিতে অবদান রাখতে এগিয়ে আসা উচিত।
অলাভজনক প্রতিষ্ঠান, খাদ্য গবেষণা ও অ্যাকশন সেন্টারের সভাপতি জেমস ডি ওয়েইল এক বিবৃতিতে বলেছিলেন, ফুড স্ট্যাম্প বিধিমালার পরিবর্তন হাজার হাজার আমেরিকানের টেবিল থেকে খাবার সরিয়ে ফেলবে। তিনি বলেন, যাদের বেশির ভাগই কর্মহীন এলাকায় বসবাস করেন। এ পরিবর্তনের ফলে জনস্বাস্থ্য, অর্থনীতি, কৃষি উৎপাদন, গ্রোসারি ব্যবসাসহ সব জায়গায় বিরূপ ফেলবে।
ইলিনয় বিশ্ববিদ্যালয়ের কৃষি ও ভোক্তা অর্থনীতি বিভাগের অধ্যাপক ক্রেগ গ্রাউনসন বলেন, ফুড স্ট্যাম্পের সুযোগগ্রহণ কাজকে নিরুৎসাহিত করে এমন কোনো প্রমাণ মিলেনি। যদিও বলা হচ্ছে, অনেকেই ফুড স্ট্যাম্প সুবিধার অপব্যবহার করছে এবং রক্ষণশীলদের মধ্যে এ নিয়ে কড়াকড়ি আরোপ করার জোর সমর্থন রয়েছে।