কাজ যার কাছে বাদ্যযন্ত্রের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝংকার মাহবুব

কথাবার্তার ধরন আর চাল-চলন দেখে মনে হয় বেশ চঞ্চল প্রকৃতির। পেশা আর নেশায় ব্যস্ত কর্মপাগল এ মানুষটি নিজের নামের সঙ্গে কর্মের মিল রেখেই এগিয়ে চলেছেন দুর্বার গতিতে। ঝংকার মাহবুব, নিজের কর্মের মাধ্যমে ঝংকার সৃষ্টি করে নামের সার্থকতা রেখে চলেছেন। কর্ম তাঁর কাছে বাদ্যযন্ত্রের মতো, যা সুরের মহিমা সৃষ্টি করে প্রতিনিয়ত ঝংকার করে চলেছে।

পেশায় ওয়েব ডেভেলপার। সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছেন নিয়েলসন কোম্পানিতে। বর্তমানে সপরিবারে বাস করছেন টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে। প্রোগ্রামিং কিংবা কোডিং লেখার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তিনি। লেখক হিসেবেও তাঁর বেশ সুনাম রয়েছে। তাঁর লেখা পাঁচটি বই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে। সহজ ভাষায় প্রোগ্রামিং শেখানো থেকে শুরু করে তরুণদের ডাউন ব্যাটারি রিচার্জ করা, হতাশা ঝেড়ে সামনে এগিয়ে যাওয়া, তাঁদের মধ্যে স্বপ্নের বীজ বুনে দেওয়ার মন্ত্র ও কলাকৌশল বলে দেওয়ার জন্য তাঁর লেখা বই পাঠকপ্রিয়তা পেয়েছে।

ইউটিউবার হিসেবেও তাঁর জনপ্রিয়তা ব্যাপক। পাঁচ-ছয় বছর আগে থেকেই ঝংকার মাহবুব নামের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে আসছেন। সম্প্রতি প্রোগ্রামিং হিরো নামের চ্যানেলে ইংরেজিতেও ভিডিও আপলোড করছেন।

উদ্যোক্তা হিসেবেও ঝংকার মাহবুব এগিয়ে চলেছেন সগৌরবে। অন্যদের নিয়ে মোবাইল অ্যাপসের মাধ্যমে এবং সরাসরি তরুণদের প্রোগ্রামিং শেখানোর কাজ করছেন তিনি।

ছোটবেলা থেকে কম্পিউটার বিজ্ঞান কিংবা কম্পিউটার সম্পর্কে এত ধারণা ছিল না। কলেজে ভর্তি হওয়ার সময় জীববিজ্ঞানের ভীতি থেকে চতুর্থ বিষয় হিসেবে কম্পিউটার পড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক পড়ার সময় কম্পিউটার বিজ্ঞানের নানা বিষয় শিখতে শুরু করেন।

ইচ্ছা ছিল স্নাতক শেষ করে দেশেই থাকবেন। বুয়েটের শেষ বর্ষে থাকার সময় থেকেই বন্ধুদের নিয়ে ব্যবসা শুরু করেন। পরবর্তীতে ফার্নিচারের দোকানও দিয়েছিলেন। কিন্তু উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়া বন্ধুদের ফেসবুকে নানা ছবি দেখে নিজের সিদ্ধান্তে আর অবিচল থাকতে পারেননি ঝংকার। সিদ্ধান্ত নিলেন নিজেও উচ্চশিক্ষার জন্য বাইরে পাড়ি জমাবেন। যেই ভাবা সেই কাজ। ফার্নিচারের দোকান বিক্রি করে স্নাতকোত্তরের জন্য ফিনিক্স পাখির মতো উড়াল দিলেন নর্থ ডাকোটা স্টেট বিশ্ববিদ্যালয়ে।

স্নাতকোত্তর শেষ করে যুক্তরাষ্ট্রের স্ট্রাটা নামের কোম্পানিতে কর্মজীবন শুরু করেন। কিন্তু এখানে অভিজ্ঞতা সুখকর হয়নি। যোগ দেওয়ার মাস তিনেক পর কোম্পানি থেকে তাঁর কাজের উন্নতির জন্য চিঠি দেওয়া হয় এবং শেষ পর্যন্ত পাঁচ মাসের মাথায় চাকরি ছাড়ার নোটিশও আসে। জীবনে হোঁচট খেয়ে হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। সফলতা অর্জন করতে হলে সব সময়ই সামনের দিকে দৌড়াতে হবে। পেছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। জীবন ম্যারাথনের মতো বলেই হয়তো ম্যারাথন দৌড় তাঁর ভীষণ পছন্দের কাজ। চাকরিচ্যুত হওয়ায় তখনকার সময় ভিসা নিয়ে বিপাকে পড়ার দুশ্চিন্তা জেঁকে বসেছিল তাঁর। কিন্তু নিয়েলসন কোম্পানিতে যোগ দিয়ে সব দুশ্চিন্তার অবসান ঘটে। এরপর থেকে সামনের দিকে এগিয়ে চলেছেন তিনি।

কম্পিউটার বিজ্ঞানের বিভিন্ন শাখায় জ্ঞান অর্জন করে তরুণদের স্বাবলম্বী করে তোলার জন্য প্রোগ্রামিং হিরো অ্যাপ এবং বিভিন্ন কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে চলেছেন। তরুণদের অনুপ্রাণিত করার জন্য ফেসবুকে অনুপ্রেরণামূলক লেখালেখিও করেন। তরুণদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ—‘মন খারাপ করা একটা মরণব্যাধি। এটা জীবিত অবস্থায় ফিউচারকে মেরে ফেলবে। তোমার নিশ্বাস থাকবে, মন খারাপের কারণে কাজে অগ্রগতি আসবে না। স্বপ্ন দেখবে, কিন্তু সময় খুঁজে পাবে না। প্ল্যান করবে, কাজের স্পৃহা আসবে না। অন্যদের দেখবে এগিয়ে যাচ্ছে, নিজের ভেতরে উদ্যম পাবে না। সো, মন খারাপ হওয়ার আগেই মনকে কন্ট্রোল করো। আজ থেকে ছয় মাস পরে, দুই বছর পরে ওদের চাইতে আরও বেশি কীভাবে এগিয়ে যাবে সেই চেষ্টা করো। মন খারাপের দিনটাকে স্কিল ডেভেলপের দিন বানাও। ভালো না লাগার সময়টাকে, সফলতার সিঁড়িতে রিপ্লেস করো। কারণ তোমার মন কন্ট্রোল করার সুইচ তোমার হাতে। দুনিয়ার অন্য কারও হাতে না।’

স্বপ্নবাজ ও কাজ পাগল এ মানুষটি তাঁর কর্মের মাধ্যমে ঝংকার সৃষ্টি করে ব্যক্তিগত সাফল্য অর্জন করার পাশাপাশি বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে বলেই প্রত্যাশা।