কাজ হারালে ভাতা পাবেন উবার চালকেরা
অসুস্থতার কারণে কাজে যেতে পারেননি বাংলাদেশি এক উবার চালক। এ কারণে তিনি কাজ হারান। তাঁর মতো আরও দুজন উবার চালক বিভিন্ন কারণে কাজ হারান। এই তিনজনের হয়ে ফেডারেল আদালতে ক্ষতিপূরণের মামলা করে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স। যুক্তিতর্ক শেষে ১৯ জুলাই এই মামলার রায় ঘোষণা করেছেন আদালত। এতে কর্মহীন উবার চালকদের আনএমপ্লয়মেন্ট বেনিফিট বা বেকার ভাতা দেওয়ার আদেশ দেন আদালত। এই রায়ের ফলে উবার চালকেরা এখন থেকে চাকুরে হিসেবে বিবেচিত হবেন।
এই মামলার রায়কে উবার কর্তৃপক্ষের
জন্য ‘বিরাট পরাজয়’ হিসেবে বর্ণনা করেছে মার্কিন পত্রিকা পলিটিকো। এতে বলা হয়েছে, এই মামলার রায় নিজেদের পক্ষে আনতে সর্বশক্তি নিয়োগ করেছিল উবার কর্তৃপক্ষ। কিন্তু আদালত শ্রমিকদের পক্ষেই রায় দিয়েছেন। ফলে উবার চালকেরা এখন থেকে আনুষ্ঠানিকভাবে চাকরিজীবী মর্যাদা পাবেন। এ কারণে চাকরি না থাকলে বা চাকরিচ্যুত হলে বেকারভাতা পাবেন উবার চালকেরা।
রায়ের পর দেওয়া প্রতিক্রিয়ায় ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক ভৈরবী দেশাই বলেন, ‘এটা একটা যুগান্তকারী রায়। উবারের কঠোর নিয়মকানুনের কারণে অন্তত ২৫ শতাংশ নিবন্ধিত চালককে কর্মহীনতার সঙ্গে লড়তে হয়। একবার কাজ চলে গেলে আবার নতুন কাজ করে কাজ পেতে দীর্ঘ লড়াই করতে হয়। উবার কঠোর নিয়মকানুনের কারণে কাজ হারানো এমন তিনজন চালকের হয়ে আমরা মামলা করেছিলাম প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। কেন কর্মহীন উবার চালকেরা ক্ষতিপূরণ পাবে না মর্মে মামলাটি করা হয়েছিল। আজ যে রায় হলো, তাতে করে ওই তিন চালক রাষ্ট্রীয় বেকার ভাতার আওতায় এলেন। শুধু তারাই নন, এখন থেকে যেকোনো উবার চালক কর্মহীন হলে এই ভাতা পাবেন, যা সপ্তাহে ৪৫০ ডলার বা তার বেশি। ফলে এখন থেকে প্রতিষ্ঠানটির নিয়মনীতির গ্যাঁড়াকলে পড়ে যত উবার চালক কর্মহীন হবেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে এই ক্ষতিপূরণ পাওয়াটা নিয়মে রূপান্তরিত হবে।’
১৯ জুলাই নর্দান ব্লুভার্ডের উবার কার্যালয়ে এই রায় ঘোষণার সময় উপস্থিত উবার চালকেরা একটি ছোট কেক কেটে উদ্যাপন করেন। ওই কেক-এ লেখা ছিল, ‘আমরা জিতেছি, তারা হেরেছে’।
এ বিষয়ে ডেভিড রাফ নামের এক আইনজীবী পলিটিকোকে বলেন, এখন দেখার বিষয় উবার কর্তৃপক্ষ কর্মীদের ভাতা না দিতে নতুন কোনো কৌশল নেয় কিনা। তারা আপিলও করতে পারে রায়ের বিরুদ্ধে। আবার সবচেয়ে বড় বাজার নিউইয়র্কে নিজেদের ব্যবসা অব্যাহত রাখতে তারা এই রায় মেনে নিতে পারে। নিউইয়র্কের শ্রম বিভাগের এই সিদ্ধান্তের প্রতিবাদে আবার তারা তারা স্টেট কোর্টেও যেতে পারে।’
শ্রম বিভাগের মুখপাত্র ঝিল অরোরা বলেন, ‘উবার কর্তৃপক্ষের অবশ্যই অধিকার আছে এই রায়ের বিরুদ্ধে আপিল করার। তারা যদি এই সিদ্ধান্তের বিপরীতে আপিল না করে, তাহলে এই রায়ই চূড়ান্ত বলে বিবেচিত হবে। নিউইয়র্কে একইভাবে অন্য সব ক্ষতিগ্রস্ত উবার চালকও এই ক্ষতিপূরণ পাবে প্রতিষ্ঠানের কাছ থেকে। উবার যদি সেটা প্রদানে ব্যর্থ হয় অথবা নিজেদেরকে শুধরে নিতে ব্যর্থ হয়, তবে সামগ্রিকভাবে উবার কার্যক্রমের ওপর তদন্ত চালানোর এখতিয়ারও থাকবে কর্তৃপক্ষের।’
সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নিউইয়র্কে এককভাবে সবচে বেশি মানুষ কাজ করে উবারের সঙ্গে। এই প্রতিষ্ঠানে নিবন্ধিত চালকের সংখ্যা ৬৫ হাজার। পরিচালন ব্যয় অনেক কম হলেও এই প্রতিষ্ঠান মুনাফার দিক থেকে আমাজনকেও ছাড়িয়ে গেছে। কিন্তু এই রায়ের ফলে শেষ পর্যন্ত উবার চালকদের ক্ষতিপূরণ দিতে বাধ্য হলে প্রতিষ্ঠানটি বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।