কাজী আতীকের দুটি কবিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নক্ষত্র-প্রেমী নয়, ময়ূখ প্রকাশ

যেখানে নক্ষত্র তারাদের মুগ্ধ আবাস
সূর্যের বিভা-স্পর্শহীন অতিকায় বিবর
না রাত থাকে, না সন্ধ্যা কিংবা ভোর
না আঁধার থাকে, না ছায়া অনুকূল,
থাকে কেবল এক নিজস্ব আলোর উদ্ভাস,
যার দূর-বাহু অনঙ্গ ছুঁয়ে থাকে অনুজ্জ্বল
পৃথিবীর চোখ দেখে থোকা থোকা ফুল,
জোনাকিরও নিজস্ব আলো প্রেমীকে খোঁজে,
ঝোপঝাড় বনাঞ্চলে ঘন ছায়া অন্ধকারের
যে পাওয়ার—জেনে যায় সংকেত প্রেমের।
নক্ষত্র প্রেমী নয়—এক উন্মুখ ময়ূখ প্রকাশ,
জোনাকি প্রণয় পীড়ায়—সাথী উজ্জ্বলা রাত।

(নিউ ইয়র্ক, ৩ এপ্রিল’২০১৮)


প্রিজম্যাটিক অনিদ্রা

প্রায় নিশ্ছিদ্র অন্ধকার রাতের দেহ থেকে
উৎসারিত এক প্রিজম্যাটিক আভা
অনাদি উৎসুক সময়ের কুহক হয়ে
আমাকে জাগিয়ে রাখে রাত, নিভাঁজ শয্যা।

কিছু সংযোগহীন অনুভাবনা প্রকরণ
কখনো নিমগ্ন বেলা, কখনো অস্থির অবরোহ
সুখদুঃখ নানাবিধ আটপৌরে উপলক্ষ
আমাকে জড়িয়ে রাখে মৌন, বর্ণচোরা ইচ্ছা।

অথচ রাতের ভাঙা প্রহরগুলোর সমর্পণ সজ্জা,
হয়তো পেতে চায় আমাকে ফিরে নিশুতি নিদ্রা।

(নিউ ইয়র্ক, ২৮ মার্চ’২০১৮)