কাতার সংকটের ইতি টানতে দূত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসাগরীয় অঞ্চলে কাতার সংকটের ইতি টানতে যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত জেনারেল ও মধ্যপ্রাচ্যে নিয়োজিত সাবেক দূত অ্যান্থনি জিনিসহ দুজন কর্মকর্তাকে কাজ করার জন্য অনুরোধ করেছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

গত ৫ জুন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কাতারের ওপর বাণিজ্য ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে দেশটিকে একঘরে করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসর। দোহার বিরুদ্ধে আনা হয় সন্ত্রাসবাদে অর্থায়ন ও তাদের প্রতিপক্ষ ইরানের সঙ্গে মিত্রতা বাড়ানোর অভিযোগ। যদিও সেসব অভিযোগ অস্বীকার করেছে কাতার। দেশটি সন্ত্রাসে অর্থায়ন প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিও করেছে। উপসাগরীয় সংকটে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কুয়েত। কিন্তু যে দেশগুলোর মধ্যে টানাপোড়েন, সে দেশগুলো এখনো পর্যন্ত সরাসরি আলোচনা শুরু করেনি।

উদ্ভূত প্রেক্ষাপটে রেক্স টিলারসন সাংবাদিকদের বলেন, কাতার এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে করা প্রতিশ্রুতির বাস্তবায়ন ঠিকমতো করে আসছে। সংকট থেকে উত্তরণের জন্য ওই অঞ্চলে জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক টিম রেন্ডারকিংকে পাঠিয়েছেন তিনি। এ ছাড়া রেন্ডারকিংয়ের সঙ্গে কাজ করার জন্য একসময়ের মধ্যপ্রাচ্য মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল অ্যান্থনি জিনিকে তিনি অনুরোধ করেছেন বলেও এ সময় জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

তুরস্কের সঙ্গে নৌ মহড়া

এদিকে গত মঙ্গলবার পারস্য উপসাগরে তুরস্কের সঙ্গে যৌথ নৌ মহড়া চালিয়েছে বলে জানিয়েছে কাতার। ওই অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আঙ্কারা ও দোহার যৌথ সামরিক সহযোগিতার অংশ হিসেবে ওই নৌ মহড়া চালানো হয়।