
মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেওয়া কানাডার অনারারি জাতীয়তা ফিরিয়ে নেওয়া এবং রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সোচ্চার কানাডার নাগরিকেরা। ১৭ সেপ্টেম্বর কানাডার পার্লামেন্ট ভবনের সামনে শত শত মানুষ একত্র হয়ে মৌন বিক্ষোভ প্রদর্শন করেন। প্রখর রোদের তীব্রতা উপেক্ষা করে তাঁরা ঘণ্টার পর ঘণ্টা সেখানে দাঁড়িয়ে ছিলেন।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, বাংলাদেশকে আরও বেশি সহযোগিতা ও সহায়তা করা হোক। বক্তারা বাংলাদেশের সাধারণ মানুষসহ যারা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সু চির বিচার দাবি এবং রোহিঙ্গা নির্যাতনের চিত্র সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ছিল বিক্ষোভকারীদের হাতে।
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকেরা এই বিক্ষোভে অংশ নেন। উপস্থিত ছিলেন লিবারেল পার্টির সাংসদ কারিন মাগ্রিমন, কানাডা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল আলেক্স নেভ ও রোহিঙ্গা শরণার্থী রইস আহমেদ। বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী নাসের জামাল, রুহুল আমিন রাহুল, নারী নেত্রী শিরিন সাজি, মিনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লাবলু আকন, সাংবাদিক খালিদ হোসেন শাহীন, সাইফুর সাগর, মোহাম্মদ মুসা, কাজী ফারুক, শফিকুর রহমান, মোহাম্মদ আরিফ প্রমুখ।