কানাডার মন্ট্রিয়েলে বাংলা মেলা উৎসব অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্যারেডের মাধ্যমে মেলা শুরু হয়
বাংলাদেশ প্যারেডের মাধ্যমে মেলা শুরু হয়

কানাডার মন্ট্রিয়েলে অনুষ্ঠিত হয়েছে পঞ্চম বাংলা মেলা উৎসব ২০১৯। নিজেদের সংস্কৃতিকে কানাডাপ্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে ১ সেপ্টেম্বর এ উৎসবের আয়োজন করা হয়।
মন্ট্রিয়েলবাসীর প্রাণবন্ত উপস্থিতি ছিল মেলায়। চার হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে নাচে গানে ভরপুর এ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত বাংলা লোকসংগীতের কিংবদন্তি আবদুল আলীমের মেয়ে নূরজাহান আলীম ও বাউল শফি মণ্ডল সংগীত পরিবেশন করেন। একের পর এক গানে তাঁরা দর্শকদের মাতিয়ে রাখেন। পাশাপাশি মন্ট্রিয়েলের ব্যান্ড দল লোকজ গান পরিবেশন করে। এ ছাড়া নাচ, ম্যাজিক শো, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্যাশন শো ছিল অন্যতম আকর্ষণ। প্রতিবারের মতোই মেলায় ছিল শিশুদের জন্য ফ্রি রাইডসের ব্যবস্থা। ছিল পোশাকসহ রকমারি পণ্যের ২৫টির মতো স্টল।
১ সেপ্টেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ প্যারেডের মাধ্যমে উৎসব শুরু হয়। এরপর বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীতের মাধ্যমে মূল উৎসব শুরু হয়। এ বছর মেলায় প্রথমবারের মতো মন্ট্রিয়েলে ব্যবসায় বিশেষ সাফল্যের জন্য পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী মার্শে স্বদেশ গ্রুপের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন শিল্পী শফি মণ্ডল।
উৎসবের আলোচনা পর্বে বক্তব্য রাখেন মার্ক মিলার এমপি, সিটি কাউন্সিলর মেরি ডোরেস ও লিওনেল পেরেজ, ব্যুরো মেয়র জুলিয়ানা ফুমাগালি, ব্যবসায়ী মুন্সী বশীর, মমিনুল ইসলাম ভূঁইয়া, মেলার গ্র্যান্ড স্পনসর মোস্তাক সরকার, প্লাটিনাম স্পনসর শেখ সোহেল আহমেদ, সিলভার স্পনসর মমিনুল চৌধুরী, হিউম্যান কনসার্নের মাহমুদা খান, ব্যবসায়ী সাঈদুর রহমান, উৎসবের আহ্বায়ক অ্যালেন হেলাল, সদস্যসচিব রাহুল আমীন, আব্দুল মান্নান, বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম ছাদেক এ চৌধুরী ও সাধারণ সম্পাদক জামাল নাসের। এ ছাড়া নতুন প্রজন্মের অনিকা নাসের, কাজী নাজমুল ইসলাম ও রাধিয়া ইউসুফ বক্তব্য রাখেন। গানের শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।