কানাডার 'হ্যালিফ্যাক্স এক্সপ্লোশন' ইতিহাসের এক বিপর্যয়ের অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতবর্ষ অতিক্রম করেও কানাডার হ্যালিফ্যাক্সের গভীর শোকবাহী এক দিবস রূপে পালিত হয় একটি বিশেষ দিন। ইতিহাসের পরিক্রমায় এ দিনটির সূত্রপাত হয়েছিল ১৯১৭ সালের ৬ ডিসেম্বর।

বহু জাতিসত্তার ও সংস্কৃতির প্রতি সহনশীলতার আদর্শে স্বীকৃত আধুনিক রাষ্ট্র কানাডার পূর্বের আটলান্টিক প্রদেশের নোভা স্কোশিয়ার রাজধানী হ্যালিফ্যাক্সে ঘটেছিল স্মরণকালের ইতিহাসের ভয়াবহ মানবসৃষ্ট বিস্ফোরণ। এই বিস্ফোরণটি ১৯৪৫ সালের আণবিক বোমা বিস্ফোরণের আগে ঘটিত বিশেষ উল্লেখযোগ্য বিপর্যয়রূপে ইতিহাসে আলোচিত হয়। কানাডার ও বিশ্ব ইতিহাসের পাতায় এ বিপর্যয় ‘হ্যালিফ্যাক্স এক্সপ্লোশন’ নামে পরিচিত।

প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন প্রেক্ষাপটে কানাডার হ্যালিফ্যাক্স বন্দরটি উত্তর আমেরিকার একটি গুরুত্বপূর্ণ নৌ-ঘাঁটি রূপে বিবেচিত হতো। কানাডিয়ান রয়েল নৌবাহিনীর নানা মহড়া ও একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের যেমন আমেরিকা ও যুক্তরাজ্যের রয়্যাল ব্রিটিশ নৌ সেনাবাহী জাহাজ, যুদ্ধে সেনাবাহিনীর রসদ, বিস্ফোরক, মালামালবাহী জাহাজের প্রয়োজনীয় যন্ত্রাংশ সারাই ও মেরামতকাজ, যুদ্ধ যাত্রা বা ঘরে ফেরার পথে জাহাজের সাময়িক বিরতিস্থল ইত্যাদি বিভিন্ন কাজে বন্দরটি ব্যবহৃত হতো।

ঘটনার দিন সকল নয়টার সময় এক নরওয়েজিয়ান জাহাজ এস এস ইমো প্রথম বিশ্বযুদ্ধের বেলজিয়ান রিলিফ কমিশনের বিভিন্ন ত্রাণ সামগ্রীর সরবরাহ নিয়ে হ্যালিফ্যাক্স বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। একই সময় নিউইয়র্ক থেকে আগত ফরাসি বাষ্পচালিত একটি জাহাজ এস এস মন্ট ব্লাঁ বন্দর অভিমুখে যাত্রা করলে এস এস ইমোর সঙ্গে এক বিরাট সংঘর্ষ ঘটে। আসন্ন বিপদের আশঙ্কায় মাউন্ট ব্লাঁ জাহাজ থেকে হুঁশিয়ারি সংকেত ব্যবহার করা হয়েছিল। তবে তাতে জাহাজের গতিপথ নির্ধারণের জন্য এ নৌ চালনার নির্দেশনা পর্যাপ্ত ছিল না। তাই আশানুরূপ ফল লাভ হয়নি। আর দুটি জাহাজ কাছাকাছি অবস্থান করায় সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে।

মন্ট ব্লাঁ জাহাজটি ২ হাজার ৯৩৫ টন বিস্ফোরক বহন করছিল। বিস্ফোরক বহনকারী জাহাজের লাল পতাকার হুঁশিয়ারি উত্তোলন করার বিধান থাকলেও জাহাজটি তা করেনি। পরে এ বিপর্যয়ের বিচার ও তদন্তের সময় বিষয়টি বিশেষ সমালোচনার মুখে পড়ে। মন্ট ব্লাঁ জাহাজে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে তা ব্যাপক শব্দে বিস্ফোরিত হয়। ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে বিশাল এক জলোচ্ছ্বাস তীরবর্তী বিস্তৃত অঞ্চলে আঘাত হানে। এ বিস্ফোরণে হলিফ্যাক্সের সৈকত থেকে উত্তরে ৮০০ মিটার বিস্তৃত অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ছিল কানাডার ফার্স্ট নেশন মিকমা সেটেলমেন্টের টার্টেল কোভ অঞ্চল, আফ্রিকান নোভা স্কোটিয়ান সম্প্রদায়ের জন্য নির্ধারিত আফ্রিকভিল এলাকা, রেল লাইন ও ডার্টমাউথ হারবারের অনেকাংশ। এই বিস্ফোরণে প্রায় দুই হাজার নিরীহ অধিবাসী নিহত হন। নয় হাজার মানুষ আহত হন। ক্ষতিগ্রস্ত অঞ্চলের ২৫ হাজারের বেশি অধিবাসী পর্যাপ্ত আশ্রয়ের অভাবে গৃহহীন হয়ে পড়েন।

সাময়িকভাবে মন্ট ব্লাঁ জাহাজকে দোষারোপ করা হলেও পরে কানাডার সুপ্রিম কোর্ট ও লন্ডনের প্রিভি কাউন্সিল জুডিশিয়াল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বিপর্যয়ের জন্য দুটি জাহাজকেই সমানভাবে দায়ী করে।

সেদিন যারা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন এবং সৌভাগ্যক্রমে প্রাণ রক্ষা হয়েছিল, তাঁদের অনেকেই শতবর্ষের যাত্রায় ইহলোকের মায়া ত্যাগ করেছেন। কিন্তু তাঁদের লেখা ও স্মৃতিচারণ সেই বিপর্যয়ের ঘটনাকে সঞ্চারিত করেছে বংশ পরম্পরায়। আজ এক শ বছর পরও হ্যালিফ্যাক্সের অধিবাসীদের হৃদয়ে সেই ভয়াবহ স্মৃতি উঁকি মারে। হ্যালিফ্যাক্স শহরের উত্তরে নিডহ্যাম পার্কে এ বিপর্যয়ের স্মরণে বেল টাওয়ার স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। এই বিপর্যয় দিনটি শতবর্ষে পদার্পণ করেছে ২০১৭ সালে। ওই বছর সারা হ্যালিফ্যাক্স ও কানাডার পূর্বাঞ্চলের বিভিন্ন অংশে দিবসটি পালিত হয় নানা আয়োজনের মধ্য দিয়ে।