কানেকটিকাটে উড়ল বাংলাদেশের পতাকা

বাংলাদেশের স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো আমেরিকার কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ মিলফোর্ড শহর ভবনের সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা।
১৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের এই লাল সবুজ পতাকা উত্তোলন করা হয় লাল সবুজের পতাকা। কানেকটিকাটের নিউ মিলফোর্ড শহরের ইকোনমিক ডেভেলপমেন্ট করপোরেশনের বোর্ড অন ডিরেক্টর ও বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ এবং নাজিয়া আহমেদ নিশির উদ্যোগে এ পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো আমরা কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউ মিলফোর্ড শহর ভবনের সামনে বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়াতে সক্ষম হয়েছি। আমাদের এ কাজে সহায়তার জন্য নিউ মিলফোর্ড সিটি মেয়র পেটি বাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
পতাকা উত্তোলনের এ কর্মসূচিতে বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট ও স্থানীয় বরিশাল কমিউনিটির নেতাসহ কানেকটিকাটপ্রবাসী বাংলাদেশি মীর সাব্বির আহমেদ, নাজিয়া আহমেদ নিশি, শাহাজ ইসলাম, আনোয়ার মণ্ডল, শফি আলম, আবদুল করিম, আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনে সহযোগিতা করায় নিউ মিলফোর্ড সিটি মেয়র পেটি বাস উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়েছেন।