কানেটিকাটে প্রবাসীদের জন্য ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা
যুক্তরাষ্ট্রের কানেটিকাটে প্রবাসী বাংলাদেশিদের জন্য ২৬ নভেম্বর ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা দেওয়া হবে। কানেটিকাটের ম্যানচেস্টার শহরের ৮২৪ মেইন স্ট্রিটে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট কার্যালয় প্রবাসীদের এ ভ্রাম্যমাণ সেবা দেবে।
এ বিষয়ে কনস্যুলেটের হেড অব চেনসারি সুলতানা পারভীন চৌধুরী প্রথম আলোকে জানিয়েছেন, প্রবাসীরা পাসপোর্ট নবায়ন, নতুন পাসপোর্টের জন্য আবেদন, নো ভিসা সিল, সত্যায়ন, পাওয়ার অব অ্যাটর্নি, দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদনসহ অন্যান্য কনস্যুলেট সেবা ভ্রাম্যমাণ সেবাকেন্দ্র থেকে গ্রহণ করতে পারবেন। এ ব্যাপারে প্রয়োজনে ৮৬০-৯৭০-৩৩৩০ অথবা ৬৪৬-৮২৪-৪৮১৪ ফোন নম্বরে যোগাযোগ করা যাবে।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের যেসব রাজ্য ও নগরীতে বাংলাদেশের কনস্যুলেট অফিস নেই, সেসব এলাকায় নিকটবর্তী স্থায়ী কার্যালয় থেকে নিয়মিত ভ্রাম্যমাণ সেবা দেওয়া হয়ে থাকে। এসব ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবার জন্য স্থানীয় প্রবাসী সংগঠন এবং কমিউনিটি নেতারা সহযোগিতা করে থাকেন।