
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম অভিবাসীবিরোধী হিসেবে পরিচিত দণ্ডপ্রাপ্ত শেরিফ জো আরপাইনোকে ক্ষমা করে দিয়েছেন। অ্যারিজোনা রাজ্যের মারিকোপা কাউন্টির শেরিফ জো আরপাইনো আদালত অবমাননা দায়ে দণ্ডিত হয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তাঁর ক্ষমতা প্রয়োগ করে জো আরপাইনোকে ক্ষমা করে দেন।
আমেরিকায় অভিবাসীদের শত্রু হিসেবে পরিচিত জো আরপাইনো লাতিন অভিবাসীদের প্রতি কঠোর অবস্থান নিয়েছিলেন। অবৈধ অভিবাসীদের আইনের যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে আটক কেন্দ্রে রাখাসহ নানা নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ৮৫ বছর বয়সী জো আরপাইনো চরম অভিবাসন বিরোধী শেরিফ হিসেবে ২৪ বছর দায়িত্ব পালন করেন। তাঁর রোষানলে পরে বহু অভিবাসীর জীবন তছনছ হয়েছে। অনেকে বিতাড়িত হয়েছেন, কারাগারে স্থান হয়েছে অগুনতি অভিবাসীর।
বিচার বিভাগের দীর্ঘ তদন্ত শেষে গত ৩১ জুলাই তাঁকে আদালত দণ্ড দেন। আদালতের রায় উপেক্ষা করে অভিবাসীকে কারাগারে আটক রাখার জন্য জো আরপাইনকে দণ্ড দেওয়া হয়েছিল। ক্ষমা প্রদর্শন করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জো আরপাইনো আমেরিকাকে নিরাপদ রেখেছেন। প্রেসিডেনশিয়াল ক্ষমার জন্য জোকে যোগ্য ব্যক্তি হিসেবে তিনি উল্লেখ করেন।
গত ২৫ আগস্ট বিকেলে যখন ক্যাটাগরি চার হ্যারিকেন নিয়ে আমেরিকার সংবাদমাধ্যম ব্যস্ত, ঠিক সে সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প জো আরপাইনোর ক্ষমা ঘোষণার পর নাগরিক অধিকার সংগঠন এবং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। নাগরিক অধিকার সংগঠনগুলো বলছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর ন্যায়সংগত ক্ষমতার ব্যবহার করেছেন, তবুও জো আরপাইনোর মতো অভিবাসী বিদ্বেষীর প্রতি ক্ষমা প্রদর্শন অনৈতিক।
ডেমোক্র্যাট দলের নেত্রী সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, জো আরপাইনোকে ক্ষমার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আইনের অপব্যবহার করেছেন। দলের জাতীয় কমিটির প্রেসিডেন্ট টম পেরেজ বলেন, জাতীয় প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটার দিনে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন ক্ষমা প্রদর্শন কাপুরুষতার শামিল। তিনি বলেন, এ ক্ষমা ঘোষণা অগুনতি লোককে আহত করবে।
জো আরপাইনোকে ক্ষমা ঘোষণা করায় প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা উল্লসিত। তারা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর কথা রাখছেন। দেশের নিরাপত্তা রক্ষায় যারা জীবনবাজি রেখে কাজ করছেন, তাদের প্রতি প্রেসিডেন্ট তাঁর দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন।