কাবুল থেকে লোকজনকে সরানো ঝুঁকিপূর্ণ হতে পারে: বাইডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
এএফপি ফাইল ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, লোকজনকে এভাবে সরিয়ে আনতে গিয়ে সেনাবাহিনী ঝুঁকির মুখে পড়তে পারে। কাজটি যথেষ্ট কঠিন। স্থানীয় সময় গতকাল শুক্রবার বেলা একটার দিকে হোয়াইট হাউসে বক্তব্য দেন বাইডেন। সেখানেই তিনি এসব কথা বলেন। খবর বিবিসি, রয়টার্সের।

আফগানিস্তান ছেড়ে মানুষ পালানোর জন্য মরিয়া। যুক্তরাষ্ট্র সেখান থেকে লোকজনকে সরিয়ে নিতে সহায়তা করছে। এ ঘটনার উল্লেখ করে এমন মন্তব্য করেন বাইডেন।

বাইডেন বলেন, আফগানিস্তান থেকে ১৩ হাজার মানুষকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্র। উড়োজাহাজে যেভাবে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, তা যথেষ্ট কঠিন কাজ ছিল।
বাইডেন আরও বলেন, মার্কিনদের মধ্যে যাঁরাই ঘরে ফিরতে চাইবেন, তাঁদেরই ফিরিয়ে নেওয়া হবে। বক্তব্য দেওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাইডেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে মার্কিনদের সরিয়ে নেওয়াকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যে ৫০ থেকে ৬৫ হাজার আফগান দেশ ছাড়তে চান, তাঁদেরও একইভাবে সরিয়ে নেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার এ প্রক্রিয়া বিপজ্জনক। লোকজনকে এভাবে সরিয়ে আনতে গিয়ে আমাদের সেনাবাহিনী ঝুঁকির মুখে পড়তে পারে। কাজটি যথেষ্ট কঠিন।’ তিনি বলেন, ‘শেষ পর্যন্ত কী হবে বা লোকজনকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ঝুঁকিমুক্তভাবে শেষ করা যাবে কি না, এমন কোনো প্রতিশ্রুতি আমি দিতে পারছি না। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে আমি বলতে পারি, প্রয়োজনীয় সবকিছু আমি করব।’ তিনি আরও বলেন, আফগানিস্তানে আটকে পড়া মার্কিনদের উদ্ধার করতে মার্কিন সেনাবাহিনী পাঠানোর কোনো প্রয়োজন নেই। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট থাকলে তালেবান বিমানবন্দরে সবাইকে ঢুকতে দিচ্ছে বলে দাবি করেন তিনি।

তবে বাইডেন এমনটা বললেও বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা বিমানবন্দরে ঢুকতে সমস্যায় পড়ছেন। পলিটিকোর খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, যেসব মার্কিন আফগানিস্তান ছাড়ার চেষ্টা করছেন, তালেবান তাঁদের মারধর করছেন।

আফগানিস্তান থেকে মানুষকে সরিয়ে নিতে সেখানে প্রায় ছয় হাজার মার্কিন সেনা রয়েছে। তবে আফগানিস্তান ছাড়তে চাইছেন—এমন মানুষের ভিড় বাড়ছে। বিমানবন্দরে যাওয়ার আগে তাঁদের তালেবানের তল্লাশির মুখে পড়তে হচ্ছে।

ন্যাটোর এক কর্মকর্তা গতকাল রয়টার্সকে জানান, তালেবানের ক্ষমতা দখল নেওয়ার পর থেকে এ পর্যন্ত কাবুল বিমানবন্দর থেকে ১৮ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এখনো কাবুল ছাড়ার জন্য বিমানবন্দরের বাইরে ভিড় জমে আছে। সবাই কাবুল ছাড়তে মরিয়া। ন্যাটোর ওই কর্মকর্তা নাম প্রকাশে রাজি হননি।

গত রোববার কাবুল দখলে নেয় তালেবান। সে সময় থেকে এ পর্যন্ত আফগানিস্তান থেকে ৩ হাজার ২০০ জনের বেশি মার্কিনকে ফিরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আফগানিস্তানে তালেবানের হামলার ঝুঁকিতে রয়েছে—এমন প্রায় দুই হাজার আফগানকেও যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।

জো বাইডেন আগে ঘোষণা দিয়েছিলেন, ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিককে ফিরিয়ে নেওয়া হবে।