কাভানার বিষয়ে এফবিআইয়ের তদন্তে অনাস্থা বাড়ছে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সুপ্রিম কোর্টে মনোনয়নপ্রাপ্ত ব্রেট কাভানার অতীত নিয়ে ‘অতিরিক্ত তদন্ত’ করছে এফবিআই। সাত দিনের মধ্যে এই তদন্ত শেষে হোয়াইট হাউসে প্রতিবেদন দিতে হবে। হোয়াইট হাউস এই প্রতিবেদন বা প্রতিবেদনের অংশ সিনেটের বিচার বিভাগের কাছে পাঠাবে। আগামী শুক্রবারের মধ্যে এই প্রক্রিয়া শেষ হতে হবে।
বিরোধী ডেমোক্র্যাটরা বলছেন, এই তদন্তের বস্তুনিষ্ঠতা নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে। তদন্তে কী কী বিষয় অন্তর্ভুক্ত হবে, কোন কোন সাক্ষীর ভাষ্য নেওয়া হবে, সে ব্যাপারে হোয়াইট হাউস সীমা বেঁধে দিয়েছে। কাভানার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে সম্পৃক্ত সবার সাক্ষ্য গ্রহণের বদলে মাত্র চারজন সাক্ষীর সঙ্গে কথা বলতে এফবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপক ক্রিস্টিন ব্লাসি ফোর্ড কাভানার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর আরও দুজন নারী অনুরূপ অভিযোগ এনেছেন। তাঁদের একজনের সঙ্গে এফবিআই যোগাযোগ করেছে। হোয়াইট হাউসের নির্দেশে অন্যজনের অভিযোগ বিবেচনায় আনা হয়নি।
ডেমোক্র্যাটরা বলছেন, এভাবে এফবিআইয়ের হাত-পা বেঁধে দেওয়া এবং মাত্র সাত দিনের মধ্যে তদন্ত শেষ করতেই হবে—এই শর্ত জুড়ে দেওয়ায় তদন্ত পূর্ণাঙ্গ না হওয়ার আশঙ্কা রয়েছে। সে কথা উল্লেখ করে সিনেটর মেইজি হিরোনো মন্তব্য করেছেন, তদন্তের নামে যা হচ্ছে, তা প্রহসন ছাড়া আর কিছু নয়।
প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন, এফবিআইকে তার কাজে বাধা দেওয়া হবে না। তবে তিনি চান না এই তদন্ত ‘মাছ ধরা অভিযানে’ পরিণত হোক। তাঁর দাবি, ডেমোক্র্যাটদের লক্ষ্য সত্য উদ্ধার নয়, কাভানার নিয়োগ ঠেকানো। যত তদন্তই হোক, তাঁরা কিছুতেই সন্তুষ্ট হবেন না।
ছাত্রাবস্থায় কাভানা অতিরিক্ত মদ্যপান করতেন, তার নতুন প্রমাণ মিলেছে। সিনেটের শুনানিতে তিনি দাবি করেছিলেন, ছাত্রাবস্থায় তিনি বিয়ার পান করেছেন। কিন্তু কখনোই নিয়ন্ত্রণ হারাননি। তবে ইয়েল বিশ্ববিদ্যালয়ে কাভানার সহপাঠী বর্তমানে অধ্যাপক চ্যাড লুডিংটন জানিয়েছেন, অতিরিক্ত মদ্যপানের ফলে কাভানাকে তিনি অনেক সময় অপ্রকৃতিস্থ অবস্থায় দেখেছেন। একবার মদ্যপানজনিত গোলযোগের সময় কাভানা ও তাঁর এক বন্ধু বরফভর্তি গ্লাস অপর এক ব্যক্তির দিকে ছুড়ে মারেন। ঝামেলা মেটাতে পুলিশ ডাকতে হয়। সে কারণে পুলিশের খাতায় কাভানার নাম রয়েছে।
এই বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি যুক্তি দেখান, কাভানা মদ্যপান করতেন, কখনো অতিরিক্ত পরিমাণে, সে কথা তিনি স্বীকার করেছেন। ফলে, এই অভিযোগে তাঁর নিয়োগ বাতিল হওয়ার প্রশ্ন ওঠে না।
তবে কাভানা সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে নিয়োগ পাবেন কি না, সে প্রশ্নে সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট নয়, সিনেটের সদস্যরা। এই মুহূর্তে অন্ততপক্ষে তিনজন রিপাবলিকান সিনেটর ইঙ্গিত দিয়েছেন, তদন্তের ফলাফল দেখে তাঁরা সিদ্ধান্ত নেবেন। অ্যারিজোনার বিদায়ী রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেক বলেছেন, গত সপ্তাহে সিনেট কমিটির শুনানিতে কাভানা যদি কোনো ব্যাপারে মিথ্যা বলে থাকেন, তাহলে তিনি বিপক্ষে ভোট দেবেন।