কার কথা সত্যি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয়বারের মতো মুখোমুখি বিতর্ক শেষে হাত মেলাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
দ্বিতীয়বারের মতো মুখোমুখি বিতর্ক শেষে হাত মেলাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নিয়েছেন। একে অন্যের দিকে ছুড়েছেন অভিযোগের তির। এসব অভিযোগের কতটা সত্য আর কতটা মিথ্যা, সেটিই যাচাই করেছে সিএনএনের সত্যতা যাচাই দল।

সেন্ট লুইসের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় (বাংলাদেশে সোমবার সকাল) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এই দুই প্রার্থী দ্বিতীয় মুখোমুখি বিতর্কে অংশ নেন। বিতর্কের কয়েকটি ইস্যু বাছাই করে বিশ্লেষণ করেছে সত্যতা যাচাই দল। সাংবাদিক, গবেষক ও সম্পাদকেরা এই দলে অংশ নেন।

ওবামাকেয়ার:
ট্রাম্প মনে করেন, নির্বাচনে হিলারি জয়ী হলে ওবামাকেয়ারে সমর্থন দেবেন। আর সেটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ট্রাম্প বলেন, ওবামাকেয়ারে ভয়ংকর সব বিষয় রয়েছে। ট্রাম্প বিভিন্ন পরিসংখ্যান দিয়ে বলেছেন, ওবামার স্বাস্থ্যবিমা, স্বাস্থ্যসেবা খাত থেকে কোনো সুফল আসেনি।

ওবামাকেয়ারের স্বাস্থ্যবিমা সম্পর্কে হিলারি বলেছেন, এতে দুই কোটি মানুষ স্বাস্থ্যবিমার সুযোগ পেয়েছে। এখন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমা হার ৯০ শতাংশ। আগে এমনটা কখনই ছিল না।

সিএনএনের সত্যতা যাচাইকারী দল বলছে, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের ন্যাশনাল হেলথ ইন্টারভিউ সার্ভে বলছে, ৯০ শতাংশের বেশি মার্কিন নাগরিকের স্বাস্থ্যবিমা রয়েছে। তাই ওবামাকেয়ার নিয়ে ট্রাম্পের বক্তব্য পুরোপুরি সঠিক নয়। বরং স্বাস্থ্যবিমা নিয়ে হিলারির বক্তব্যে সত্যতা রয়েছে।

ই-মেইল
ট্রাম্প বলেন, বারাক ওবামার পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ২০০৯-২০১৩ পর্যন্ত সময়ে হিলারি ব্যক্তিগত সার্ভার থেকে গুরুত্বপূর্ণ ই-মেইল লেনদেন করে রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষতি করেছেন। ওই সময় হিলারির আদান-প্রদান করা ই-মেইল নিয়ে তদন্ত করে এফবিআই। এর মধ্যে এক হাজারের বেশি ই-মেইলে গোপনীয় তথ্য পাওয়া গেছে জানালেও হিলারি যে ‘জেনেশুনে এ কাজ করেছেন’ তার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ই-মেইল কেলেঙ্কারি নিয়ে ট্রাম্প বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরেছেন। সিএনএনের সত্যতা যাচাই দল মনে করে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় ও এফবিআইয়ের হিসেবের সঙ্গে ট্রাম্পের দেওয়া এসব পরিসংখ্যানের বেশির ভাগটাই ভুল প্রমাণিত হয়েছে। তাই সত্যতা যাচাইকারী দলের মতে, হিলারির কর্মকাণ্ড নিয়ে তদন্ত করতে ট্রাম্প বিশেষ কৌঁসুলি নিয়োগ দিতে পারেন।

ইরাক
ট্রাম্প দাবি করেন, তিনি ২০০৩ সালে ইরাকে মার্কিন সেনা অভিযান সমর্থন করতেন না। এমনকি মার্কিন সেনাদের ইরাকে মোতায়েনের পক্ষেও ছিলেন না। তাহলে ক্যাপ্টেন হ‌ুমায়ুন খান এখনো বেঁচে থাকতেন। হিলারি বলেন, ইরাক যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান ভণিতামূলক।

বাস্তবতা হলো, ২০০২ সালে ইরাকে সেনা অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রে যখন ভোটাভুটির আয়োজন করা হয়, তখন ট্রাম্প তাতে সমর্থন দিয়েছিলেন। ইরাকে সেনা অভিযানের এক বছর পর ২০০৪ সালের আগস্ট মাসে দেওয়া সাক্ষাৎকারেও ট্রাম্প যুদ্ধ নিয়ে কোনো বিরোধিতার কথা বলেননি।

তাই ইরাক যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান নড়বড়ে বলেই মনে করছে সিএনএনের সত্যতা যাচাই দল।