কার জয়ের সম্ভাবনা কত?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট শুরু হওয়ার আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। ভোটের আগে এক জনমত জরিপে বলা হচ্ছে, এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ।

রয়টার্স/ইপসসের চূড়ান্ত স্টেটস অব দ্য নেশন জরিপ বলছে, হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে দেওয়ার ব্যাপারে হিলারি ক্লিনটনের ৯০ শতাংশ সম্ভাবনা রয়েছে।

গতকাল সোমবার প্রকাশিত ওই জরিপে বলা হয়েছে, হিলারির সম্ভাবনা মোটামুটি গত সপ্তাহের মতো রয়েছে। তবে আজ মঙ্গলবারের (৮ নভেম্বর) ভোটে কোনো অঘটন নির্ভর করছে ছয়-সাতটি অঙ্গরাজ্যে শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ ও হিস্পানিক ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার ওপর।

জনমত জরিপে ট্রাম্পের চেয়ে হিলারি ৩ পয়েন্ট এগিয়ে আছেন। হিলারি সমর্থন ৪৫ শতাংশ, ট্রাম্পের ৪২ শতাংশ।
হিলারি ৩০৩টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে পারেন। ট্রাম্প পেতে পারেন ২৩৫টি ইলেক্টোরাল ভোট।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কোনো প্রার্থীর কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়। জরিপের তথ্য অনুযায়ী, সুস্পষ্টভাবে এগিয়ে আছেন হিলারি।

জরিপে বলা হয়, ট্রাম্পের সম্ভাবনা নির্ভর করছে ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলাইনা, ওহাইও ও পেনসিলভানিয়ার ফলাফলের ওপর।

গত রোববার ফ্লোরিডা, মিশিগান, নর্থ ক্যারোলাইনা ও ওহাইওতে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়। পেনসিলভানিয়ায় হিলারিকে ৩ পয়েন্টে এগিয়ে থাকতে দেখা যায়। প্রেসিডেন্ট হতে হলে ট্রাম্পকে এই অঙ্গরাজ্যগুলোর অধিকাংশতেই জয় পেতে হবে।

ফ্লোরিডা, মিশিগান ও পেনসিলভানিয়া—এই তিন অঙ্গরাজ্যের মধ্যে দুটিতে ট্রাম্প হারলে হিলারির বিজয় অনেকটা নিশ্চিত হয়ে যাবে।