
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সবাইকে চমকে দিয়ে জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগে বলা হচ্ছিল, ‘ক্ষুব্ধ শ্বেতাঙ্গ পুরুষেরা’ ট্রাম্পের মূল সমর্থক। তবে বুথ-ফেরত ভোটারদের মধ্যে চালানো জরিপের ফল বলছে, শুধু শ্বেতাঙ্গ নয়, হিস্পানিক ও কৃষ্ণাঙ্গদের ভোটও ২০১২ সালের নির্বাচনের চেয়ে বেশি পেয়েছেন রিপাবলিকান প্রার্থী।
এবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, সিবিএস নিউজ, সিএনএন, ফক্স নিউজ ও এনবিসি নিউজের যৌথ উদ্যোগে গঠিত ‘ন্যাশনাল ইলেকশন পুলের জন্য জরিপটি চালিয়েছে এডিসন রিসার্চ। বুথ-ফেরত প্রায় ২৫ হাজার ভোটারের ওপর জরিপ চালানো হয়েছে। এতে দেখা গেছে, যেসব ভোটার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পক্ষে ছিলেন, তাঁদেরও ১০ শতাংশ হিলারি ক্লিনটনকে ভোট দিয়েছেন। অন্যদিকে যেসব নাগরিক মনে করেছিলেন, বারাক ওবামার অনুসৃত অভিবাসন নীতি নতুন প্রেসিডেন্টের বন্ধ করা উচিত নয়, তাঁদের মাত্র ৫ শতাংশ ট্রাম্পকে ভোট দিয়েছেন।
জরিপ অনুযায়ী, ট্রাম্প ও হিলারির বাইরে অন্য প্রার্থীরা মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছেন। পুরুষদের মধ্যে ৫৩ শতাংশ ভোট দিয়েছেন ট্রাম্পকে। আর ৪১ শতাংশ নিয়েছেন হিলারির পক্ষ।
শ্বেতাঙ্গদের মধ্যে ৫৮ শতাংশ ট্রাম্পকে ভোট দিয়েছেন। আর হিলারি পেয়েছেন তাঁদের ৩৭ শতাংশের সমর্থন। শ্বেতাঙ্গ নারীদের মধ্যে ৫৩ শতাংশ ট্রাম্পকে এবং ৪৩ শতাংশ হিলারিকে বেছে নিয়েছেন।
এবার কৃষ্ণাঙ্গদের দেওয়া ৮৮ শতাংশ ভোট পেয়েছেন হিলারি। তাঁদের ৮ শতাংশ ভোট গেছে ট্রাম্পের পক্ষে। আর হিস্পানিকদের দেওয়া ৬৫ শতাংশ ভোট হিলারি পেয়েছেন, যেখানে ২৯ শতাংশ ভোট পেয়েছেন ট্রাম্প। অথচ ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মিট রমনি পেয়েছিলেন ২৭ শতাংশ হিস্পানিক ভোট।
হিলারি স্বল্প আয়ের ভোটারদের মধ্যে জনপ্রিয় ছিলেন। বছরে ৫০ হাজার ডলারের কম আয় করেন, এমন ভোটারদের ৫২ শতাংশ গেছেন তাঁর পক্ষে, যেখানে ট্রাম্প ভোট পেয়েছেন ৪১ শতাংশের।
জরিপে দেখা গেছে, তরুণদের মধ্যে হিলারির জনপ্রিয়তা বেশি ছিল। অন্যদিকে ৪৫ বা এর চেয়ে বেশি বছর বয়সীদের ক্ষেত্রে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন ট্রাম্প।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান—দুই শিবিরেই এমন সমর্থকেরা ছিলেন, যাঁরা কিনা নিজের দলের প্রার্থীকেও খুব একটা পছন্দ করতেন না। এডিসন রিসার্চের জরিপে দেখা গেছে, নিজেদের রিপাবলিকান দাবি করেও ৭ শতাংশ ভোটার হিলারিকে ভোট দিয়েছেন। আর ডেমোক্র্যাট হয়েও ৯ শতাংশ ভোটার রায় দিয়েছেন ট্রাম্পের পক্ষে।
জরিপে অংশ নেওয়া ভোটারদের ৪১ শতাংশ যে প্রার্থীকে ভোট দিয়েছেন, তাঁকে খুবই পছন্দ করেন। অন্যদিকে ৩২ শতাংশের প্রার্থীর ব্যাপারে কিছু আপত্তি ছিল। আর ২৫ শতাংশ ভোটার বলছেন, এক প্রার্থীকে অপছন্দ করেন বলেই আরেকজনকে ভোট দিয়েছেন।
সরাসরি ভোটে এগিয়ে হিলারি: ইলেকটোরাল কলেজ পদ্ধতিতে হেরে গেলেও নির্বাচনে দেশবাসীর বেশি ভোট পেয়েছেন হিলারি ক্লিনটনই। ৯২ শতাংশ গণনায় দেখা গেছে, সরাসরি ভোটে (পপুলার ভোট) প্রতিপক্ষের চেয়ে এগিয়ে হিলারি। যদিও ব্যবধান অতি সামান্য। হিলারির পক্ষে ছিল মোট ভোটের ৪৭ দশমিক ৭ শতাংশ। ট্রাম্পের ভাগে ৪৭ দশমিক ৫ শতাংশ। ভোট পড়েছে প্রায় ১২ কোটি। সিএনএনের হিসাব অনুযায়ী, হিলারি পেয়েছেন ৫ কোটি ৯৭ লাখ ৫৫ হাজার ২৮৪টি ভোট। আর ট্রাম্প পেয়েছেন ৫ কোটি ৯৫ লাখ ৩৫ হাজার ৫২২টি ভোট।