কারি শিল্পে কর্মী নেবে যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিস জনসনের সঙ্গে এনাম আলী
বরিস জনসনের সঙ্গে এনাম আলী

ব্রিটেনে কারি শিল্পের কর্মী সংকট নিরসনে নতুন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। আগের কর্মী আনার নিষেধাজ্ঞা তুলে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ব্রেক্সিট পরবর্তী নতুন পয়েন্ট বেইজড ইমিগ্রেশন নীতি ঘোষণার আগে কারি শিল্পকে বাঁচাতে দক্ষ শেফ আনার নিয়ম সহজ করার ঘোষণা দিয়েছেন। আর এ দেশের মূলধারার পত্রিকাগুলো একে ‘ভিন্দালু ভিসা’ বলে অভিহিত করছে।
৯ সেপ্টেম্বর সরকারি ওয়েবসাইটে এ ব্যাপারে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তবে নতুন ঘোষণা দেওয়া ‘ভিন্দালু ভিসার’ ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কমিউনিটির নেতৃবৃন্দ।
নতুন প্রস্তাবিত ভিসাকে কেন ভিন্দালু ভিসা নামে অভিহিত করা হয়েছে—এ ব্যাপারে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা এনাম আলী এমবিই বলেন, ‘ভিন্দালু ভিসা ২০১৭ ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে আমি নামকরণ করি, যাতে এই ভিসা শুধু ব্রিটিশ কারি ইন্ডাস্ট্রিকে উপস্থাপন করে। আমার এই ভিন্দালু ভিসার প্রস্তাব বাস্তবায়নে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডে তৎকালীন লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রধান ভিন্স কেবলসহ অনেক রাজনীতিবিদ প্রতিশ্রতি দেন। ভিন্দালু নামকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়বে, মূলধারার গণমাধ্যমে এটি আলোচিত হবে এবং দ্রুত দাবি বাস্তবায়নে সাহায্য করবে বলে এই নামকরণ করা হয়।’
এনাম আলী আরও বলেন, কারি শিল্পকে বাঁচাতে ২০১৫ সালে তৎকালীন সরকারের বিভিন্ন সেক্টর মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি (মেক), প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ে ১ থেকে ৩ বছরের জন্য ত্বরিত ভিসার ব্যবস্থা করার পক্ষে ৭৫ পৃষ্ঠার সুপারিশমালা উপস্থাপন করা হয়।
এনাম আলী বলেন, ‘টেকওয়েযুক্ত রেস্টুরেন্টে শেফ আনার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ১০ জনের ডেলিগেট নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দেখা করলে তিনি আমাদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে একটি চিঠি দেন এবং দাবি পূরণে সহযোগিতার আশ্বাস দেন। পরে তেরেসা মে প্রধানমন্ত্রী হলে তার কাছেও এ ব্যাপারে লিখিত প্রস্তাব দিই। সাজিদ জাভেদ এই দাবি বাস্তবায়নে ঘোষণা দেন যা ৯ সেপ্টেম্বর লিখিত আকারে প্রকাশ পায়।’
তবে এ ব্যাপারে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) সভাপতি এম এ মুনিম স্থানীয় টিভিতে এক সাক্ষাৎকারে দাবি করেন, কয়েক বছর ধরে ওয়ার্ক পারমিট চালুর জন্য বিসিএ আন্দোলন করে যাচ্ছে।
নতুন ঘোষণা দেওয়া ভিন্দালু ভিসার ব্যাপারে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করে গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের চেয়ারপারসন আতাউর রহমান বলেন, বর্তমানে সরকার এক সাংবিধানিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ব্রেক্সিট ও সাধারণ নির্বাচনের ওপর অনেক কিছু নির্ভর করছে। নতুন সরকার এলে পলিসি পরিবর্তনও হতে পারে।
ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর আগেই ভিন্দালু ভিসা নিয়ে বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই একটি আদম ব্যবসায়ী চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।