কারিগরি ভুলে ক্ষতিগ্রস্ত হয়েছিল পারমাণবিক ক্ষেপণাস্ত্র
মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, ২০১৪ সালে কারিগরি ভুলের কারণে তাদের অস্ত্রাগারের একটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এতে কেউ হতাহত হয়নি বা তা জননিরাপত্তার জন্য ঝুঁকির কারণও হয়নি। খবর বিবিসির।
মার্কিন বিমানবাহিনী গত শুক্রবার এক বিবৃতিতে জানায়, রক্ষণাবেক্ষণের সময় ক্ষেপণাস্ত্রটি ক্ষতিগ্রস্ত হয়। উত্তর-পূর্ব কলোরাডোর একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত সামরিক অস্ত্রাগারে ‘দ্য মিনিটম্যান ৩’ নামের ওই আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি রাখা ছিল।
বার্তা সংস্থা এপির ভাষ্যমতে, বিমানবাহিনীর সংক্ষিপ্ত বর্ণনায় বলা হয়েছে, ২০১৪ সালের ১৬ মে নিয়মিত পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটির কিছু ত্রুটি ধরা পড়ে। ত্রুটির পরদিনই তিনজন কারিগরি বিশেষজ্ঞ কাজ শুরু করেন। কিন্তু ত্রুটি সারানোর বদলে উল্টো ক্ষেপণাস্ত্রটিকে ‘বিপজ্জনক মাত্রায়’ ক্ষতিগ্রস্ত করে ফেলেন তাঁরা। এতে তাৎক্ষণিকভাবে ক্ষেপণাস্ত্রটি অস্ত্রাগার থেকে সরিয়ে ফেলা হয়। ওই তিন বিশেষজ্ঞকে ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে আবারও প্রশিক্ষণ দেওয়ার পর তাঁদের দায়িত্বে ফিরিয়ে আনা হয়। এই তিনজনের কারও নাম বলা হয়নি।
বিমানবাহিনীর বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় গোপন বিষয় হিসেবে এ ঘটনার কথা এর আগে প্রকাশ করা হয়নি।