কাল অভিষেক, নৈতিক চ্যালেঞ্জে ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাল শুক্রবার শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার আগেই নৈতিকতা প্রশ্নে একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। পর্যাপ্ত খোঁজখবর ছাড়া মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন এবং সিনেটে তাঁদের শুনানি দ্রুত সেরে ফেলার যে উদ্যোগ তিনি ও কংগ্রেসের রিপাবলিকান নেতৃত্ব নিয়েছেন, বিভিন্ন মহল থেকে তা প্রবল সমালোচনার মুখে পড়েছে।
ট্রাম্প মনোনীত মন্ত্রিসভার একাধিক সদস্য তাঁদের আর্থিক লেনদেন নিয়েও বিব্রতকর অবস্থায় পড়েছেন। গত মঙ্গলবার সিনেটের শিক্ষাবিষয়ক কমিটির মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রীর পদে ট্রাম্পের মনোনীত মিশিগানের ধনকুবের বেটসি ডাভোস। ডেমোক্রেটিক সিনেটর বার্নি স্যান্ডার্স প্রথমেই তাঁর কাছে জানতে চান, এ কথা কি সঠিক যে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা এ পর্যন্ত রিপাবলিকান পার্টির জন্য ২০০ মিলিয়ন ডলার চাঁদা দিয়েছেন। ডাভোস চাঁদার বিষয়টি স্বীকার করে নিয়ে বলেন, সঠিক অঙ্ক তাঁর জানা না থাকলেও সম্ভবত এই পরিমাণ চাঁদা তাঁরা দিয়েছেন।

মন্ত্রিসভার জন্য ট্রাম্পের মনোনীত অন্যান্য সদস্যের মতো ডাভোসও সরকারি কর্মকাণ্ডের ব্যাপারে সম্পূর্ণ অনভিজ্ঞ। ট্রাম্পের মনোনয়নে কংগ্রেস সায় দিলে ডাভোস হবেন সাম্প্রতিক সময়ের প্রথম শিক্ষামন্ত্রী, যাঁর শিক্ষা-সংক্রান্ত বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। তিনি স্কুলে ধর্মীয় শিক্ষা চালুর পক্ষে। এ জন্য অর্থ ব্যয়ও করেছেন।

সরকারি নৈতিকতা দপ্তর ডাভোসের কর্মকাণ্ডের নিরীক্ষা শেষ করার আগেই এই শুনানি ডাকা হয়েছে, তাতে একাধিক ডেমোক্রেটিক সিনেটর তাঁদের আপত্তির কথা জানান। সিনেটর প্যাটি মারি বলেন, ব্যবসায়ী ডাভোস কীভাবে নিজের ব্যবসায়িক স্বার্থকে মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে বিযুক্ত রাখবেন, সে প্রশ্নের জবাব দেননি।

.
.

স্বাস্থ্যমন্ত্রীর পদে ট্রাম্পের মনোনীত প্রার্থী টম প্রাইসও ডেমোক্র্যাটদের জেরার মুখে পড়েছেন। রিপাবলিকান দলীয় এই কংগ্রেসম্যান গত বছর চিকিৎসাসামগ্রী প্রস্তুতকারক একটি কোম্পানির শেয়ার কেনার এক দিন পরেই সেই কোম্পানির জন্য লাভজনক একটি আইন কংগ্রেসে প্রস্তাব করেন। সে কথা উল্লেখ করে সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার বলেছেন, এটি সম্ভবত একটি বেআইনি কাজ। এই নিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি টম প্রাইসের মনোনয়নের ব্যাপারটি স্থগিত রাখার দাবি জানান।
ট্রাম্প মনোনীত আরেক ধনকুবের অ্যান্ডি পাজদার জেরার মুখে পড়ে শ্রমমন্ত্রীর পদ নেওয়া নিয়ে দোটানায় পড়েছেন। একাধিক ফাস্ট ফুড চেইনের মালিক এই ব্যবসায়ী শ্রমিকদের ন্যূনতম ঘণ্টাপ্রতি বেতন ১৫ ডলার করার বিরোধী, সে কারণে শ্রমিক ইউনিয়ন সমূহ এই পদে তাঁর নিয়োগের বিরোধী। সিএনএন জানিয়েছে, সমালোচনা এড়াতে তিনি এখন এই পদ গ্রহণে ইতস্তত করছেন।
রাজস্ব মন্ত্রণালয়ের দায়িত্বে ট্রাম্পের মনোনীত ব্যাংক-মালিক স্টিভ মিনুশিনের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে মামলা করেছে দুটি শ্রমিক ইউনিয়ন।

এদিকে ট্রাম্পের জাতীয় নিরাপত্তা পরিষদের পরিচালক হিসেবে মনোনীত টিভি ভাষ্যকার মনিকা ক্রাউলি এই পদ গ্রহণে আগ্রহী নন বলে জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নিজের পিএইচডি থিসিস ও ওয়াশিংটন টাইমস পত্রিকায় বিভিন্ন কলামে অন্যের লেখা থেকে তুলে দিয়েছেন।

মঙ্গলবার ট্রাম্পের জন্য আরও একটি দুঃসংবাদ ছিল। এদিন তাঁর টিভি অনুষ্ঠান ‘অ্যাপ্রেনটিস’-এর সাবেক প্রতিযোগী সামার জারভস যৌন নিপীড়নের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে মামলা করার কথা জানান।

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। তাঁর এই অভিষেককে সামনে রেখে ভক্ত-সমর্থকদের উদ্‌যাপনের পাশাপাশি বহু বিরোধীও রাজধানী ওয়াশিংটন ডিসিতে সমবেত হচ্ছেন। তারই অংশ হিসেবে গত মঙ্গলবার স্থানীয় একটি সিনাগগে (ইহুদি ধর্মের প্রার্থনার স্থান) অভিবাসী ও শরণার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে ‘রিফিউজি বল’-এর আয়োজন করা হয়। এতে গাইছেন ইরানি বংশোদ্ভূত মার্কিন র‍্যাপার মানা l ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের। তাঁর এই অভিষেককে সামনে রেখে ভক্ত-সমর্থকদের উদ্‌যাপনের পাশাপাশি বহু বিরোধীও রাজধানী ওয়াশিংটন ডিসিতে সমবেত হচ্ছেন। তারই অংশ হিসেবে গত মঙ্গলবার স্থানীয় একটি সিনাগগে (ইহুদি ধর্মের প্রার্থনার স্থান) অভিবাসী ও শরণার্থীদের প্রতি সংহতি প্রকাশ করে ‘রিফিউজি বল’-এর আয়োজন করা হয়। এতে গাইছেন ইরানি বংশোদ্ভূত মার্কিন র‍্যাপার মানা l ছবি: এএফপি

ট্রাম্পের জন্য অবশ্য বড় হুমকি হচ্ছে, ২০১৩ সালে মস্কোর একটি হোটেলে যৌনকর্মীদের নিয়ে অশ্লীল কাজকর্মের কথিত অভিযোগ। এফবিআই জানিয়েছে, অভিযোগটি প্রমাণিত নয়। ট্রাম্প নিজেও এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট পুতিন একই কথা বলেছেন। কিন্তু বিভিন্ন মার্কিন ও ইউরোপীয় তথ্যমাধ্যমে বলা হচ্ছে, ট্রাম্পের কেলেঙ্কারির একটি ভিডিও টেপ রয়েছে।

মঙ্গলবার মার্কিন টিভি নেটওয়ার্ক এমএসএনবিসি এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, সোভিয়েত আমলে বিদেশি অতিথিদের ব্ল্যাকমেল করার লক্ষ্যে অধিকাংশ প্রধান সোভিয়েত হোটেলে গোপন ভিডিও ক্যামেরা রাখা হতো এবং আড়ি পাতা হতো। কীভাবে এই আড়ি পাতা হতো, তার প্রমাণপত্র নিয়ে এস্তোনিয়ায় একটি জাদুঘর রয়েছে।

কোনো কোনো ভাষ্যকার বলেছেন, কথিত কোনো ভিডিও টেপ জনসমক্ষে এলে অভিশংসনের সম্মুখীন হতে পারেন ডোনাল্ড ট্রাম্প।