কাল থেকে আবার দেশে রেমিট্যান্স পাঠানো যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী এক্সচেঞ্জ কোম্পানি আগামীকাল ২ মে থেকে নিউইয়র্কের সাতটি শাখা আমেরিকার সরকারের সামাজিক দূরত্বের বিধবিধান মেনে তাদের কার্যক্রম শুরু করছে। ফলে বাংলাদেশি আমেরিকানরা চাইলে এদিন থেকে আবার বাংলাদেশে রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠানোর সুযোগ পাবেন।

সোনালী এক্সচেঞ্জের এই সাতটি শাখা হচ্ছে ম্যানহাটন, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস, ওজোন পার্ক ও এস্টোরিয়া। যেকোনো শাখায় শনিবার থেকে বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশে অর্থ পাঠানো যাবে।

সশরীরে উপস্থিত না হয়েও সোনালী এক্সচেঞ্জের ওয়েবসাইটের (www.sonaliexchange.com) মাধ্যমে অনলাইনভিত্তিক আর্থিক লেনদেন করা যাবে। 

আমেরিকা সরকারের কোভিড-১৯ বিধিবিধান মেনে ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে স্বশরীরে আসার পর অনলাইন কার্যক্রমে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে যেকোনো প্রয়োজনে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইনকের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবশ্রী মিত্রের সঙ্গে সরাসরি ২১২ ৮০৮ ০৭৯০, ২১২ ৮০৮ ৪০৮৫ এই দুই নম্বরে যোগাযোগ করা যাবে। এ ছাড়া ফ্যাক্সে (২১২ ৮০৮ ০৭৯১) বা ইমেইলে ([email protected]) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবের কারণে স্থানীয় বিধি-বিধান মেনে সোনালী এক্সচেঞ্জের কার্যক্রম গত ২১ মার্চ সাময়িকভাবে স্থগিত করা হয়।

বাংলাদেশি আমেরিকান নাগরিকদের বাংলাদেশে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। গত ডিসেম্বরে নিউইয়র্কে বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে বৈধ পথে বাংলাদেশে রেমিট্যান্স পাঠানো প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নিয়ে কনস্যুলেট জেনারেল আন্তর্জাতিক অভিবাসী দিবসও পালন করেছে।