কাল পবিত্র ঈদুল আজহা, অনেকের কোরবানি দেশে

আমেরিকায় কাল শুক্রবার পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানের সঙ্গে আমেরিকার মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন। এবারের ঈদ হচ্ছে ইতিহাসের ভিন্ন বাস্তবতায়। করোনা মহামারিতে নাকাল আমেরিকা । প্রায় দেড় লাখ মানুষের মৃত্যুর স্মৃতি নিয়েও ধর্মপ্রাণ মানুষ ঈদ উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন নিজেদের মতো করে। ঈদ শুধু ধর্মীয় একটি দিন নয়। বাইরের দেশে বসবাস করা লোকজনের কাছে নিজেদের আত্মপরিচয় প্রকাশের একটা দিন। করোনার কারণে এবার কোরবানি করছেন না নিউইয়র্কের বেশির ভাগ মানুষ।
অনেকেই এবারে কোরবানির অর্থ দেশে পাঠিয়ে দিয়েছেন । দেশে কোরবানি দিচ্ছেন।
ঈদ জামায়াতও সামাজিক দূরত্ব মেনে করতে হবে। মসজিদ কর্তৃপক্ষ ঈদের দিন সকাল থেকে কয়েক দফায় জামাত সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন।
করোনাকালে ঈদুল ফিতরের নামাজ বেশির ভাগ মসজিদে হয়নি। মানুষ ঘরেই ঈদের নামাজ আদায় করেছেন। এবার ঈদুল আজহার নামাজ মসজিদে এবং বাইরে হবে। তবে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
নিউইয়র্কের একাধিক মানুষের সঙ্গে আলাপকালে তারা বলেন, করোনায় আমাদের পরিচিত–অপরিচিত অনেক লোক মারা গেছে। আমরা ঝুঁকি নিতে চাই না। তাই এবার দেশে কোরবানি দিচ্ছি। ঈদের জামাত কয়েক দফায় অনুষ্ঠিত হবে।
জ্যামাইকা মুসলিম সেন্টার, দারুস সালাম মসজিদ , বায়তুল মামুর মসজিদে সকাল থেকেই ঈদ জামাত শুরু হবে। অধিকাংশ মসজিদেই সকাল ৯টা থেকে পর পর ঈদের জামাতের আয়োজন করা হচ্ছে। নামাজে আসার সময় সবাইকে মাস্ক পরে এবং জায়নামাজ সঙ্গে নিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।
জ্যাকসন হাইটসের মোহাম্মদী সেন্টার ফেসবুক লাইভে ঈদের জামাতের আয়োজন করেছে। ইমাম কাজি কায়্যুম জানিয়েছেন, চলমান বাস্তবতায় ফেসবুক লাইভের মাধ্যমে ঈদুল ফিতরের সময় বিপুলসংখ্যক মুসল্লি ঈদের জামাতে যোগ দিয়েছেন। এবারেও কাল শুক্রবার সকাল ৯টায় ফেসবুক লাইভে ঈদের জামাতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
গ্রীষ্মের চমৎকার আবহাওয়ায় এবারের ঈদে সীমিত আকারে হলেও পারিবারিক মিলনমেলার প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা। ঈদ উপলক্ষে পারিবারিক মিলন মেলাকেও লোকজন এখনো ঘরে বা বাড়ির ব্যাকইয়ার্ডে করাকে প্রাধান্য দিচ্ছেন।
ঈদ উপলক্ষে প্রতিবারই জ্যাকসন হাইটসসহ নিউইয়র্কের প্রবাসীবহুল এলাকাগুলো ঈদের কেনাকাটায় জমজমাট হয়ে উঠে। এবারেও ব্যাপক ভিড় ছিল গ্রোসারিগুলোতে। শাড়ি ও জামার দোকানে বেচাকেনা তেমন হয়নি বলে দোকানিরা জানিয়েছেন। যদিও সোনার দোকানগুলো ভালো ব্যবসা করেছে বলে জানা গেছে। সাম্প্রতিক বছরগুলোতে এ সময়ে বাংলাদেশি গ্রোসারিগুলোতে কোরবানির অর্ডার নিয়ে ব্যাপক আয়োজন থাকে। এবার তেমনটি দেখা যায়নি। এস্টোরিয়ার এক গ্রোসারি মালিক জানান, লোকজন দেশেই অর্থ পাঠানোকে এবারে প্রাধান্য দিয়েছে। দেশের লোকজন বেশি কর্মহীন। কোরবানির অর্থ দেশের মানুষের কাছে দেওয়ার তাড়না ছিল এবার প্রবাসীদের মধ্যে।
জ্যামাইকায় বসবাসরত আলেয়া বেগম জানান, করোনায় লকডাউনের পর নিউইয়র্ক খুলে দেওয়া হলেও জীবন স্বাভাবিক হচ্ছে না। এখনো ভাইরাস তাড়া করছে। এর মধ্যে অনেকে স্বজন বা পরিচিতজনকে হারিয়েছেন। সীমিত আকারে ঘরে রান্না করবেন। দেশে আত্মীয়–স্বজনের খোঁজ নেবেন বলে জানালেন তিনি।
আমেরিকায় নতুন আসা শাহ হাসান বলেন, কাজ থেকে শুক্রবারে চুটি নিয়েছেন। কাছের মসজিদে ঈদের জামাতে নামাজ পড়বেন জ্যাকসন হাইটসে বসবাস করা এই প্রবাসী । দেশে ফোন করে খবর স্বজনদের খোঁজ–খবর নেবেন। তিনি দেশে কোরবানির জন্য অর্থ পাঠিয়েছেন।