কালাপানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাউস যে গাড়িটা এখন চালাচ্ছি, তার নাম ক্রাউন ভিক্টোরিয়া। কোনো এককালে ফোর্ড মোটর কোম্পানি নিউইয়র্ক পুলিশের জন্য তৈরি করেছিল। পুরোনো হয়ে যাওয়ায় এটা তাদের কাজের অযোগ্য হয়ে গেল। আরও অনেকগুলোর সঙ্গে গাড়িটি নিলামে তুলল। ডাকাডাকি করে আমার বন্ধু পলাশ সেখান থেকে এই গাড়িটা প্রায় পানির দামে কিনে নিল। 

গাড়ির মাথায় সাঁটা লাল নীল বাতি। গ্রিলের আড়ালের সাইরেন, ড্যাশবোর্ডের দুমুখো কথোপকথনের যন্ত্রপাতি আর সামনে সিটের পেছনে লাগানো লোহার জালি—নিলামে ওঠার আগেই গাড়ি থেকে খুলে ফেলা হয় সরকারি কারখানায়। সেখানকার কারিগরেরা এই কাজ খুব যত্ন নিয়ে করে না। নিলামে তোলা গাড়ির ছাদের একসার ছিদ্র আর ড্যাশবোর্ডের ওপরের লম্বা টানা ফাটল সে কথাই বলে। কিন্তু ১৮০০ ডলারে মাত্র তিন বছর বয়সী গাড়ি, অত খুঁত ধরলে তো চলবে না। গাড়ি কেনার পর ভেতরের বাইরের ছোটখাটো গর্ত আর ছিদ্র বন্ধ করে, মেঝেতে নতুন কার্পেট বসিয়ে এবং পুরো গাড়িটার রং পাল্টে ফেলে মোটামুটি একটা গ্রহণযোগ্য চেহারা দাঁড় করানো হয়েছে। স্প্যানিশের গ্যারেজে সব মিলিয়ে এই কাজে খরচ হয়েছে ৪৭৩ ডলার ৫৭ সেন্ট। ঘন নীল পুলিশের গাড়িটা এখন হালকা ছাই রঙের একটি ট্যাক্সি। নিউইয়র্কের ভাষায় এদের বলে লিভারি। অত কিছু করার পরও এই গাড়িগুলোর গা থেকে তাদের পূর্বজন্মের চিহ্ন পুরোপুরি মুছে ফেলা যায় না। চালকের বাঁয়ে, গাড়ির বাইরে, পেছন ও পাশ দেখার জন্য যে আয়নাটি থাকে সেটার ঠিক নিচে কালো হাতলের মাথায় সাঁটা গোল বাটির মতো একটি বাতি থাকে, রাতের অন্ধকারে পুলিশ এটাকে সার্চলাইট হিসেবে ব্যবহার করে। বাদবাকি সব সরঞ্জাম খুলে ফেললেও কেন যেন এরা এই বাতিটি খোলে না। গাড়ির বংশপরিচয় এই বস্তুটিই বয়ে বেড়ায়।
লিভারিটি আমি আর পলাশ দিনের অর্ধেক ভাগাভাগি করে চালাই। সে রাতে, আমি দিনে। ৮০ সালের শুরুর দিকে যে সময়ের কথা বলছি তখন উবার বা লিফট জাতীয় কিছু ছিল না। তবে উবারের সঙ্গে মিল ছিল এই লিভারিগুলোর। স্ক্রিনে টেপাটিপি করে নয়, ফোন তুলে এদের ডাকলে দোরগোড়ায় এসে উবারের মতো হাজির হতো লিভারি; অবশ্য এদের হাতের ইশারায় থামিয়েও রাস্তায় চড়ে বসা যেত।
পলাশ এ দেশে আমার আগে এসেছে। ওর আট মাস পর আমি এসে দেখলাম সে মোটামুটি গুছিয়ে বসেছে। ওজন পার্কের এক ইহুদি পরিবারের বেসমেন্টে তাঁর একার অপর্যাপ্ত সংসার। ঘর মোটামুটি বড়, মেঝেতে পেতে রাখা ফুটখানেক উঁচু একটি তোশক। উল্টো দিকের দেয়াল ছুঁয়ে একটি ফরমিকা আচ্ছাদিত টেবিল। সঙ্গে কালো রঙের চামড়ার স্যুইভেল চেয়ার। তোশকের পায়ের দিক থেকে শুরু হয়ে ওই টেবিলের তলা পর্যন্ত বয়ে গেছে লাল রঙের একটি কার্পেট। ঘরের বাঁ দিকে দুই সিটের একটি সোফা, মুখোমুখি উল্টো দিকের দেয়াল বরাবর ছোট টেবিলের ওপর একটি ১৮ ইঞ্চি রঙিন টেলিভিশন। নিউইয়র্কে পৌঁছানোর পর আমাকে পলাশ সরাসরি এনে তুলেছিল সেই ঘরে। এয়ারপোর্টের দরজা পেরোতেই রাস্তাঘাট আর গাড়িঘোড়ার জৌলুশ দেখে আমার তো পুরো তন্দ্রা লেগে গিয়েছিল। লাগার্ডিয়া থেকে ব্রুকলিনে পলাশের বাসায় পৌঁছা পর্যন্ত মুখের হাঁ–এর ব্যাপ্তি শুধু বেড়েই চলছিল। পলাশের ছবির মতো সুন্দর করে সাজানো ঘর দেখে এবার চোয়াল ঝুলে পড়ে বুক ছুঁয়ে দিল। আমেরিকায় কি আসলেও টাকা উড়ে বেড়ায়, না হলে পলাশ এত তাড়াতাড়ি এমন গুছিয়ে বসল কীভাবে?
আমার বন্ধুভাগ্য ভালো। এ দেশে এসেছি বেপথে। এই কুকর্মের কৃতিত্বটি পলাশের। শুধু যে সে পথ বাতলে দিয়েছে তা নয়, টাকাপয়সা যেখানে যা লেগেছে তাও জুগিয়েছে নিঃশব্দে। সে জন্যে তার প্রতি আমার কৃতজ্ঞতা সীমাহীন। অথচ, তার মতো শানশওকত আমারও নিজের কবে হবে এই চিন্তায় বুকের ভেতরটা চিনচিন করে উঠত প্রথম দিন থেকেই। অবশ্য সেই ব্যথা বেশি দিন বয়ে বেড়াতে হয়নি। এ দেশে কয়েক সপ্তাহ কাটানোর পর, একদিন তার রঙিন টেলিভিশনে প্রাইস ইজ রাইট দেখছি; পলাশ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকল, ‘এই শফি, লুঙ্গি ছেড়ে তাড়াতাড়ি প্যান্ট পর, বাইরে যেতে হবে!’ ‘কেন কী হয়েছে?’ কোনোমতে প্যান্টটা পায়ের ভেতরে গলিয়ে চেইন লাগানোর চেষ্টা করছি, সেই অবস্থায় পলাশ আমাকে প্রায় টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে নিয়ে এল। ঘটনা কী? বুঝলাম ওর পেছনে ছুটতে ছুটতে পরের ব্লকের শেষ মাথায় পৌঁছাতেই। ফুটপাতের কিনারায় পড়ে আছে একটি বড়সড় ম্যাট্রেস, মানে বিছানার তোশক। বহু ব্যবহৃত; মালিকের কাছে প্রয়োজন ফুরানোতে বিসর্জন দেওয়া হয়েছে। ‘ধর!’ পলাশের আদেশ শুনে দেখলাম, ও ওটার একটা কোনা আগেই আঁকড়ে ধরেছে। আমি অন্য কোনা তুলে ধরতেই সে বাড়ির দিকে হাঁটা শুরু করে দিল। বলল, ‘আর আমার সঙ্গে বিছানা ভাগাভাগি করতে হবে না।’
‘মানে, এই ফেলে দেওয়া নোংরা তোশকে শোব?’
‘ও আমার লাট সাহেবরে, যেটাতে এত দিন ধরে আমার সঙ্গে শুয়েছিস, ওটা তো ওভাবেই পাওয়া।’
টাকাপয়সা উড়তে না দেখলেও সেদিন নিশ্চিত হয়েছিলাম, আমেরিকায় বিষয়-আশয় বাতাসেই ওড়ে। শুধু হাত বাড়িয়ে ধরতে হয়। পলাশ বলল, তার ঘরের প্রায় জিনিসই এভাবে কুড়িয়ে আনা, লাল রঙের কার্পেটটি বাদে। স্যালভেশন আর্মি নামে একটি দোকানে খুব অল্প দামে পুরোনো জিনিস বিক্রি করে, সেটি সেখান থেকে শখ করে কেনা।
আজ পলাশ যাচ্ছে শিকাগো। ওকে লাগার্ডিয়া এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গ্র্যান্ড সেন্ট্রাল পার্কওয়েতে উঠব। এখন আমি সেন্ট্রাল টার্মিনাল ড্রাইভের গোল চক্কর পেরিয়ে, লাগার্ডিয়া এক্সেস রোডের শেষ প্রান্তে থমকে আছি। একগাদা গাড়ি আমার সামনে ব্যস্ত হাইওয়েতে ঢোকার সুযোগ খুঁজছে। রিয়ারভিউ মিররে অর্ধচন্দ্রাকৃতি টার্মিনাল বি’র এক পাশ দেখা যাচ্ছে। আমেরিকায় নতুন জীবন শুরু করব বলে বছর দেড়েক আগে দুরুদুরু বুকে ঠিক যেখানটায় এসে আমি দাঁড়িয়েছিলাম সেই জায়গাটি। এইমাত্র পলাশকেও ওখানেই ছেড়ে এসেছি। আয়না থেকে চোখ সরাতে গিয়ে হঠাৎ একটা জিনিস দেখে ভুরু কুঁচকে গেল; ভিড়ের ভেতরে মনে হলো আমিই যেন দাঁড়িয়ে আছি ওখানে। চোখ কচলে আয়নায় আরেকটু মনোযোগ দিয়ে তাকালাম। এবার সেটায় ফ্ল্যাশব্যাকে ফুটে উঠল একরাশ পুরোনো স্মৃতি।
১৯৭৭ সালে বাংলাদেশ ছেড়ে আমি চলে আসি জার্মানিতে। ছয়জনের একটা দলের সঙ্গে। ওই যাত্রাতেই পলাশের সঙ্গে আমার প্রথম পরিচয়। আর তখন থেকেই আমরা দুজন প্রায় হরিহর আত্মা। জার্মানিতে ভালোই ছিলাম, ৮২ সাল পর্যন্ত। তারপর জার্মান সরকার আমাদের মতো ভুয়া রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের খেদানো শুরু করল। সেই ধাক্কায় পলাশ কীভাবে ম্যানেজ করে আমেরিকাতে ঢুকে পড়ল। আমাকেও টেনেছিল। কিন্তু এক অনিশ্চয়তা থেকে আরেকটিতে ঝাঁপিয়ে পড়ার মতো সাহস আমার হয়নি। হাত আঁকড়ে ধরে পলাশ বলে গিয়েছিল, ‘শফি, যদি আমেরিকায় আমি ঢুকতে পারি তবে তোরও ব্যবস্থা হবে।’ সে কথা সে রেখেছিল। নিজে একটু স্থিতিশীল হতেই আমেরিকা থেকে আমাকে টেলিফোন করল, ‘চলে আয়।’
‘কীভাবে?’
‘কালাপানি পাড়ি দিতে হবে।’ পলাশ খুঁটিনাটি বাতলে দিল। প্লেনে ফ্রাঙ্কফুর্ট থেকে বাহামা। বাংলাদেশি পাসপোর্টে বাহামায় ভিসা লাগে না। নামার পর নাসাউ থেকে কোনাকুনি উত্তর পশ্চিমের ছোট দ্বীপ বিমিনিতে যেতে হবে। সেখান থেকে মোটরবোটে সমুদ্র পাড়ি দিয়ে ফ্লোরিডার মায়ামি শহরে। দুই ঘণ্টার যাত্রাপথ। অমন ছোট নৌকায় সাগর পাড়ি, শুনেই বুক ধক করে উঠেছিল। কিন্তু বাছবিচারের অত সুযোগ নেই। ঝটপট জার্মানির পাট গুটিয়ে একদিন লুফথানসার প্লেনে চেপে বসলাম। নাসাউ, সেখান থেকে সি-প্লেনে বিমিনি। বিমিনি থেকে নগদ ৬০০ ডলারের বিনিময়ে ছোট্ট স্পিডবোটে মায়ামি, বারমুডা ট্রায়াঙ্গেলের বুক ফুঁড়ে।
সে ছিল এক ঘুটঘুটে অন্ধকার রাত। কালো জলরাশিকে আদিগন্ত বিস্তৃত একটি সিল্কের চাদরের মতো দেখাচ্ছে; তলে ফুঁসে ফুঁসে উঠছে আটলান্টিক মহাসাগর। বোটের ক্যাপ্টেনের নাম থমাস, যাত্রী কেবল আমি। অন্ধকার ঠেলে দুই ঘণ্টা চলার পর থমাস ইঞ্জিন বন্ধ করে দিল। শব্দ দিয়ে কারও মনোযোগ আকর্ষণ করতে চায় না। তীর এখনো বেশ দূরে, আবছা আলোয় কালো একটা সরলরেখার মতো সেটাকে দেখা যাচ্ছে। বইঠা চালিয়ে আরও খানিকটা এগোনোর পর ফিসফিস করে বলল, ‘নেমে পড়।’ ‘কোথায়?’ আতঙ্কিত স্বরে প্রশ্ন করলাম। তীর এখনো কমপক্ষে ১০০ গজ দূরে। ‘আমি তো সাঁতার জানি না!’ ‘সেটা তোর সমস্যা’—অন্ধকারে দাঁত ঝলমলানো একটা কুৎসিত হাসি দিয়ে আমাকে এক ধাক্কায় বোট থেকে পানিতে ছুড়ে দিল। শক্ত মুঠোয় ওয়াটার-প্রুফ ব্যাগ আঁকড়ে ধরে আমি হাবুডুবু খেতে থাকলাম। অনেক হাত–পা ছোড়াছুড়ি করেও কোনো লাভ হলো না। আমি সাগরের অতলে তলিয়ে যেতে লাগলাম। কিন্তু শক্ত মাটিতে পরমুহূর্তে পা ঠেকে গেল। সোজা হয়ে দাঁড়াতে বুঝলাম পানি সেখানে হাঁটুসমান, ভাটার টানে একদম কমে এসেছে। কী লজ্জা, আরেকটু হলে এতেই ডুবে মারা যেতাম! স্বস্তিতে বুকভরে ঠান্ডা বাতাস টেনে নিয়ে আমি আমেরিকার পানে হাঁটা দিলাম।
কপাল খারাপ! ভেজা বালুর সৈকতে পা রাখতেই সামনে থেকে তিন জোড়া হেডলাইট জ্বলে উঠল! পুলিশ; বিমিনি থেকে বোটে করে নিয়মিত ড্রাগসের চালান আসে। চোরাচালানিদের ধরতে এরা অন্ধকারে ঘাপটি মেরে বসেছিল।
পরদিন জেলের সেলে ঘুম ভাঙল খুব সকালে। এত ক্লান্ত ছিলাম যে, যখন আমাকে এতে ঢোকানো হয়েছিল, ঘরটি দেখার আগেই বিছানায় ঢলে পড়েছিলাম। ঘরটি এবার ভালো করে দেখলাম। বাব্বাহ, আমেরিকার জেল বলে কথা। পুরু গদির চওড়া বিছানা। বেডসাইড টেবিলে টেলিফোন। লাগোয়া বাথরুম। এটা কী জেল না পাঁচ তারকা হোটেল? আনমনে টেলিফোনের রিসিভার তুলে কানে লাগালাম। আরে, ডায়াল টোন আছে দেখছি। পলাশের নম্বর ঘোরালাম। ওর উদ্বিগ্ন গলা শোনা গেল, ‘তুই কোথায়?’
‘জেলে!’
‘মানে?’ বিস্তারিত খুলে বললাম।
‘ফোন কোথায় পেলি?’
‘কেন? বিছানার পাশে টেবিলে।’
‘জেলের ভেতর?’ বিস্মিত কণ্ঠস্বর ওপাশ থেকে ভেসে এল। ‘হতেই পারে না। আচ্ছা, ঘরে জানালা আছে?’
‘হ্যাঁ, পর্দা মোড়া বিশাল জানালা।’
‘দরজা?’
‘আছে।’
‘খোলা যায়?’
‘দেখি, ধর। ‘উঠে গিয়ে দরজার হাতল ঘোরাতেই খুলে গেল। তাকিয়ে দেখলাম কোনো গার্ডের টিকিটিও দেখা যাচ্ছে না। ফিরে এসে সেটা পলাশকে জানাতে সে বলল, ‘এক্ষুনি ঘর ছেড়ে বের হয়ে যা। শুনেছিলাম মায়ামি জেলে জায়গা নেই বলে পুলিশ আসামিদের সকালে কোর্টে চালান দেওয়ার আগ পর্যন্ত মোটেলে রাখছে। কথাটা তাহলে সত্যি। তোকেও মনে হচ্ছে তাই করেছে। সবদিক ভালো করে দেখেশুনে সোজা রাস্তায় উঠবি, একটা ট্যাক্সি ধরবি, বলবি মায়ামি এয়ারপোর্ট। প্রথম যে প্লেন নিউইয়র্ক যাচ্ছে, কাউন্টার থেকে তাঁর টিকিট কাটবি, পারবি?’
‘পারব।’
‘টাকাপয়সা আছে?’ তাই তো? দেখলাম আমার ব্যাগটা বিছানার পাশে রাখা। সেটার ভেতর উঁকি দিয়ে দেখে বললাম, ‘আছে।’
‘তাহলে আর একমুহূর্ত দেরি নয়!’
স্মৃতিতে স্মৃতিতে পুরোই ডুবে গিয়েছিলাম। খোলা জানালা দিয়ে ভেসে আসা সম্মিলিত হর্ন আর একগাদা অশ্রাব্য গালি আমাকে বর্তমানে ফিরিয়ে আনল। গ্র্যান্ড সেন্ট্রালে ওঠার পথ ফাঁকা, আমার সামনে একটাও গাড়ি নেই।