কালো তালিকা থেকে বাদ যাচ্ছে কিউবা

সন্ত্রাসবাদের অভিযোগে যেসব দেশ যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রয়েছে, এ তালিকা থেকে কিউবার নাম বাদ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুই দেশের পাঁচ দশকের শীতল সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে উত্তরণে এটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে মনে করা হচ্ছে।
আজ বুধবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, কালো তালিকা থেকে কিউবার নাম বাদ দেওয়ার বিষয়ে গতকাল মঙ্গলবার কংগ্রেসকে জানান ওবামা। সিদ্ধান্তের পক্ষে সাফাই গাইতে গিয়ে মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশে ওবামা লেখেন, বিগত ছয় মাসে কিউবা সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদে কোনো সমর্থন দেয়নি। গত বছরের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততার অবসান ঘটিয়ে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেন। এরপর গত বছরের শেষের দিকে শুরু হয় দীর্ঘ মূল্যায়ন।
প্রেসিডেন্টের এই পদক্ষেপের বিরোধিতা করতে মার্কিন আইনপ্রণেতারা ৪৫ দিন সময় পাবেন। অন্যথায় তা পরিণতির দিকে গড়াবে।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে এই কালো তালিকা একটি অন্যতম বাধা। ১৯৮২ সালে কিউবাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
সম্প্রতি পানামার রাজধানী পানামা সিটিতে কাস্ত্রোর সঙ্গে ঐতিহাসিক বৈঠক হয় ওবামার। ১৯৫৬ সালের পর প্রথম এ দুই রাষ্ট্রের প্রধানদের বৈঠক হলো।
বৈঠকের তিন দিন পর কালোতালিকা থেকে কিউবার নাম বাদ দিতে উদ্যোগী হলেন ওবামা। তাঁর এই উদ্যোগকে ‘ন্যায্য’ বলে অভিহিত করেছে কিউবা।