কাশ্মীর পরিস্থিতি নিয়ে জ্যাকসন হাইটসে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটসে বিক্ষোভ সমাবেশে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলছেন নিউইয়র্কের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের নেতারা
জ্যাকসন হাইটসে বিক্ষোভ সমাবেশে কাশ্মীর ইস্যু নিয়ে কথা বলছেন নিউইয়র্কের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠনের নেতারা

কাশ্মীরে গণহত্যার আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করে জ্যাকসন হাইটসে বিক্ষোভ সমাবেশ করেছে নিউইয়র্কের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন।
১৬ আগস্ট সন্ধ্যায় সাউথ এশিয়ান সলিডারিটি ফাউন্ডেশন আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাশ্মীরের মুসলমানদের নির্মূলে প্রয়াসী হয়েছেন বলে অভিযোগ করেন।
বক্তারা বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের গণতন্ত্র সুরক্ষিত নয়, সংখ্যালঘুদের অধিকার ভূলুণ্ঠিত হতে বাধ্য।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা আতিকুর রহমান সালু, ইসলামিক লিডারশিপ কাউন্সিলের নির্বাহী পরিচালক আবদুল্লাহ, লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক শওকত আলী, সাউথ এশিয়ান সলিডারিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইমরান আনসারি, মাওলানা ভাসানী ফাউন্ডেশন ইউএসএর সেক্রেটারি আলী ইমাম শিকদার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহসভাপতি আবদুর রহিম হাওলাদার, বাংলাদেশি-আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপের সভাপতি কামাল ভূঁইয়া ও নির্বাহী পরিচালক জাহাঙ্গীর কবির, ইউনাইটেড ওলামা কাউন্সিলের সভাপতি মুফতি লুৎফুর রহমান কাসেমি, নিউইয়র্কপ্রবাসী নাগরিক ফোরামের আহ্বায়ক মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ প্রমুখ।
সমাবেশে রাজা আবদুল্লাহ বলেন, যেখানেই মুসলমানেরা আগ্রাসনের শিকার সেখানেই তাদের অধিকার রক্ষার জন্য আওয়াজ তোলা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। আজ ইসরায়েলি আগ্রাসনের মুখে ফিলিস্তিনের যে করুণ পরিণতি লক্ষ্য করা যাচ্ছে, ঠিক অনুরূপভাবে ভারতের আগ্রাসনে কাশ্মীরে অবস্থাও সেদিকে যাচ্ছে। বিষয়টি দ্রুত অনুধাবন করে আমেরিকার নীতি নির্ধারকদের কার্যকর ব্যবস্থা নিতে হবে।
শওকত আলী বলেন, কাশ্মীরে আগ্রাসনের মাধ্যমে ভারতের ‘হিন্দু উগ্রবাদী’ সরকার ভারতের জাতীয় নেতাদের অপমান করেছে। কাশ্মীরে আগ্রাসনের পর বাংলাদেশ ও নেপালের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।
ইমরান আনসারি বলেন, কাশ্মীর ইস্যুটি ভারতের অভ্যন্তরীণ ইস্যু নয়, এটি একটি আন্তর্জাতিক ইস্যু। সুতরাং দক্ষিণ এশিয়ায় আরেকটি রাখাইন রাজ্য দেখার আগেই অবিলম্বে কাশ্মীরে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করতে হবে। তিনি আরও বলেন, ‘আমরা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর কিংবা চীন নিয়ন্ত্রিত কাশ্মীরের মানচিত্র দেখতে চাই না। আমরা দেখতে চাই একটি অখণ্ড স্বাধীন সার্বভৌম কাশ্মীর।’
কামাল ভূঁইয়া বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উগ্রবাদী সংগঠন আরএসএস-এর একজন সক্রিয় সদস্য। তাঁর প্রধান কাজ হলো মুসলমান নিধন। তাঁর এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব বিবেককে কথা বলতে হবে।
আলী ইমাম বলেন, কাশ্মীরে আজ মানবতার বিপর্যয় চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। তাদের জীবন সম্পদের নিরাপত্তায় আজ বিশ্ব বিবেককে আওয়াজ তুলতে হবে। সারা বিশ্বে মুসলিম নিধনের মহোৎসব শুরু হয়েছে। আজকে মুসলমানদের রক্ষায় আওয়াজ তুলতে হবে।
মুফতি ফজলুর রহমান কাসেমি বলেন, কাশ্মীরে ৭০ লাখ জনগণ মানবেতর জীবনযাপন করছে। তাদের রক্ষায় আমাদের আওয়াজ তুলতে হবে।
আবদুর রহিম হাওলাদার বলেন, ভারতের প্রধানমন্ত্রীকে ভাবতে হবে কতজন মুসলমান ভারতের স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। কোনো ভাবেই ভারতে সংখ্যালঘু মুসলমানদের হত্যা মেনে নেওয়া হবে না।
বিক্ষোভ সমাবেশের সহযোগী সংগঠনগুলো ছিল—মজলিশে শুরা নিউইয়র্ক, সাউথ এশিয়ান সলিডারিটি ইনিশিয়েটিভ, ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশন, বাংলাদেশি-আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ, নিউইয়র্কপ্রবাসী নাগরিক সমাজ ও সেইফিস্ট।
এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নজরে আনতে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ১৬ আগস্ট ‘স্ট্যান্ড উইথ কাশ্মীর’ এর ব্যানারে নিউইয়র্কের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন বিক্ষোভ প্রদর্শন করে।