ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে, এ বিষয়ে ভারত ও পাকিস্তানকেই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। প্রতিবেশী দেশ দুটিকেই শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার সুযোগ এবং ধরন নির্ধারণ করতে হবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো গত সোমবার এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘কাশ্মীর ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আমরা এ সমস্যা সমাধানে ভারত ও পাকিস্তানের যেকোনো ধরনের ভালো উদ্যোগকে স্বাগত জানাব। তবে শান্তি প্রতিষ্ঠার জন্য আলোচনার সুযোগ এবং ধরন নির্ধারণ করতে হবে দেশ দুটিকেই।’
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের ব্যাপার।
সোমবার ভারতের স্বাধীনতা দিবসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া ভাষণ সম্পর্কে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি এলিজাবেথ ট্রুডো। তিনি বলেন, ‘আমি মোদির বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করব না। এই বিষয়ে তিনিই ভালো বলতে পারবেন।’
নিরাপত্তা বাহিনীর গুলিতে বুরহান ওয়ানি নামের এক তরুণ বিচ্ছিন্নতাবাদী নেতার নিহত হওয়াকে কেন্দ্র করে গত জুলাইতে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতার সূত্রপাত। তখন থেকে মাসাধিককাল ধরে সেখানে বিক্ষোভ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতীয় কর্তৃপক্ষ মুঠোফোন নেটওয়ার্ক বন্ধ, কারফিউ জারি করাসহ বিভিন্ন ব্যবস্থা নেয়। সহিংসতায় গত এক মাসে কাশ্মীরে ৬০ জনের মতো লোক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে পাঁচ হাজারের বেশি মানুষ।