কিউবা ও যুক্তরাষ্ট্রের আলোচনায় 'অগ্রগতি'
কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে গত শুক্রবার দ্বিতীয় দফা আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। তবে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন কূটনৈতিক সম্পর্ক নতুন করে শুরু করার দিন-তারিখ ঠিক হয়নি। খবর রয়টার্স ও বিবিসির।
সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের যে তালিকা মার্কিন সরকারের রয়েছে তাতে কমিউনিস্টশাসিত কিউবার নাম আছে। চলমান আলোচনার মধ্য দিয়ে কিউবাকে ওই তালিকা থেকে বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, বিষয়টি এখনো খতিয়ে দেখা হচ্ছে। আর ওই তালিকায় নাম থাকার ব্যাপারটি কিউবার সঙ্গে আলোচনা করা বা সেখানে দূতাবাস চালু করার সঙ্গে সম্পর্কিত নয়। তালিকা থেকে নাম বাদ দেওয়ার ব্যাপারটি কূটনৈতিক সম্পর্ক নবায়নের পূর্বশর্ত নয়। আলোচনায় কিউবার প্রতিনিধিদলের প্রধান জোসেফিনা ভিদাল বলেন, সম্পর্ক পুনরুদ্ধারের ব্যাপারে আলোচনার পরবর্তী তারিখ নির্ধারণ না করলেও দুই পক্ষ পারস্পরিক যোগাযোগ রাখছে। সন্ত্রাসী তালিকা থেকে কিউবার নাম বাদ দেওয়ার ব্যাপারে আগামী কয়েক সপ্তাহে ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি আশাবাদী।
দূতাবাস নতুন করে চালু করার ব্যাপারে পানামায় আগামী ১০-১১ এপ্রিল অনুষ্ঠেয় আঞ্চলিক সম্মেলনের আগেই চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে যুক্তরাষ্ট্র আশাবাদী। মার্কিন প্রতিনিধিদলের প্রধান এ কথা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর মধ্যে পানামায় আলোচনার সম্ভাবনা রয়েছে। তাঁরা গত বছরের ডিসেম্বরে পাঁচ দশকের বৈরী অবসানের ঐতিহাসিক যৌথ ঘোষণা দেন।