কিউবা-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সংলাপ কাল শুরু
দশকের পর দশকের বৈরিতার অবসানের ঘোষণা এসেছে আগেই। বাকি ছিল কেবল উচ্চপর্যায়ের সরাসরি সংলাপের। সেটিও হতে চলেছে আগামীকাল বুধবার। এদিন রাজধানী হাভানায় কিউবার জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন জ্যেষ্ঠ কর্মকর্তারা। এরই মধ্যে মার্কিন আইনপ্রণেতাদের একটি দল গত রোববার কিউবার ভিন্নমতাবলম্বীদের সঙ্গে বৈঠক করেছে। খবর এএফপির।
হাভানায় যুক্তরাষ্ট্র ও কিউবার কর্মকর্তারা বৈঠক করবেন দুই দিন ধরে। এসব বৈঠকে আলোচ্য বিষয় হিসেবে থাকছে অভিবাসী সমস্যার পাশাপাশি উভয় দেশে রাষ্ট্রদূত বিনিময়ের বিষয়টিও। ১৯৬১ সালে দেশ দুটির মধ্যে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক ভেঙে পড়ার পর এই প্রথম এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার নেতা রাউল কাস্ত্রো গত মাসে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিয়ে বিশ্বকে চমকে দেন। ওই ঘোষণার পাঁচ সপ্তাহের মাথায় হাভানায় উভয় দেশের জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।
হাভানায় মার্কিন প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন রোবার্তা জ্যাকবসন, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের পশ্চিম গোলার্ধবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। আর কিউবার প্রতিনিধিদলটির নেতৃত্বে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্রবিষয়ক পরিচালক হোসেফিনা ভিদাল।
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান আটলান্টিক কাউন্সিলের লাতিন আমেরিকাবিষয়ক গবেষক পিটার শেচটার বলেন, ‘জ্যাকবসনের সফর সন্দেহাতীতভাবেই ঐতিহাসিক একটা ঘটনা। এটা পরিবর্তন বয়ে আনবে।’