কিউবা সফরে যাচ্ছেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ‘ঐতিহাসিক’ সফরে কিউবা যাচ্ছেন। দক্ষিণ আমেরিকা সফরের অংশ হিসেবে স্ত্রী মিশেলকে নিয়ে তিনি মার্চের ২১-২২ তারিখে কমিউনিস্ট দেশটিতে যাবেন। দীর্ঘদিনের বৈরী কিউবা সফর করা দ্বিতীয় ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ওবামা। খবর সিএনএন ও বিবিসির।
আধা শতাব্দীর বেশি সময়ের বৈরিতার অবসানের পর গত বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। গত ডিসেম্বরে ওবামা নিজেই বলেন, তিনি কিউবার রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের সঙ্গে দেখা করতে চান। কিউবা এর জবাবে বলে, ওবামাকে তারা স্বাগত জানায়, তবে কিউবার অভ্যন্তরীণ বিষয়ে মাথা ঘামানো তাঁর উচিত হবে না।
ওবামার এই সফর হবে বেশ সংক্ষিপ্ত। হোয়াইট হাউসের এক পদস্থ কর্মকর্তা বলেন, ওবামার সফরের সময় হাভানায় কলম্বিয়া সরকার ও দেশটির বিদ্রোহী ফার্ক গোষ্ঠীর মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে। কিউবা সরকার এই চুক্তির পক্ষে কাজ করেছে।
গত মঙ্গলবারই যুক্তরাষ্ট্র ও কিউবা ৫০ বছর পর বাণিজ্যিক বিমান চলাচলের চুক্তিতে স্বাক্ষর করে। এর আগে ১৯২৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ কিউবা সফর করেন। ওবামার সফরের সিদ্ধান্তের সমালোচনা করেছেন রিপাবলিকান পার্টি থেকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন-প্রত্যাশী দুই প্রার্থী মার্কো রুবিও এবং টেড ক্রুজ। দুজনই কিউবা ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীর সন্তান।