কিউবাকে ট্রাম্পের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার সঙ্গে শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা নিয়েছেন, তা বাতিলের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির বিজয়ী এই প্রার্থী গতকাল সোমবার এক টুইটে হুমকিটি দেন।
টুইটারে ট্রাম্প বলেন, কিউবার জনগণ, যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিউবান এবং পুরো যুক্তরাষ্ট্রের জন্য ভালো কিছু না করলে দেশটির সঙ্গে শান্তি প্রক্রিয়া বাতিল করে দেবেন তিনি।
১৯৫৯ সালে কিউবার মার্কিনপন্থী একনায়ক বাতিস্তার সরকারকে সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে উৎখাত করেন ফিদেল কাস্ত্রো। এরপর থেকেই দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শীতল হতে থাকে। ১৯৬১ সালে কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যকার সম্পর্কের এই স্থবিরতা কাটতে শুরু করে ওবামার উদ্যোগে। চলতি বছরের মার্চ মাসে তাঁর কিউবা সফরের মধ্য দিয়ে শুরু হয় দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প হুমকি দিয়েছিলেন, নির্বাচনে বিজয়ী হলে ওবামার এই শান্তি উদ্যোগ বাতিল করবেন তিনি। সেই সঙ্গে অর্ধশতাব্দীরও বেশি সময় পর দুই দেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে, তাও ছিন্ন করবেন। তাঁর প্রচারণা দলের অভিযোগ, কিউবার কাছ থেকে যা কিছু নিচ্ছে যুক্তরাষ্ট্র, তার চেয়ে বেশিই দিচ্ছে ওবামা প্রশাসন।
ফিদেল কাস্ত্রোর মৃত্যুর কয়েক ঘণ্টা পরই ফিদেলকে ‘বর্বর একনায়ক’ বলে টুইটারে মন্তব্য করেন ট্রাম্প।