কিউবার সঙ্গে ঘনিষ্ঠতায় বাগড়া দেওয়ার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবার সঙ্গে দীর্ঘ বৈরিতা অবসানের প্রচেষ্টা আটকে দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার বিরোধীরা। ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর মার্কো রুবিওসহ অনেকে প্রকাশ্যেই এমন হুমকি দিচ্ছেন। খবর বিবিসির।

সমাজতান্ত্রিক কিউবার সঙ্গে গত শতাব্দীর ষাটের দশক থেকেই যুক্তরাষ্ট্রের শত্রুতা চলছে। বারাক ওবামা গত বুধবার অনেকটা আকস্মিকভাবেই ৫০ বছরের সেই শত্রুতা অবসানের লক্ষ্যে কয়েকটি পদক্ষেপের ঘোষণা দেন। প্রায় একই সময়ে দেওয়া ভাষণে তাঁর এ ঘোষণাকে স্বাগত জানান কিউবার নেতা রাউল কাস্ত্রো। পরস্পরের হাতে আটক থাকা কয়েকজন বন্দীর মুক্তির সূত্র ধরে দৃশ্যত সম্পর্কের এ বরফ গলার প্রক্রিয়া শুরু হয়।

ওবামাবিরোধীদের অনেকে ঘোষণা দিয়েছেন, তাঁরা এ বিষয়ে উদ্যোগ আটকে দেবেন। রিপাবলিকান সিনেটর ও সিনেটের পররাষ্ট্রবিষয়ক সম্পর্ক কমিটির সদস্য মার্কো রুবিও সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, কিউবায় মার্কিন রাষ্ট্রদূত মনোনয়নের যেকোনো পদক্ষেপ তিনি আটকে দেবেন। কাস্ত্রোবিরোধী অন্য মার্কিন আইনপ্রণেতারা বলেছেন, কিউবার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কোনো তহবিল বরাদ্দের প্রসঙ্গ এলে তা কংগ্রেসের অনুমোদন পাবে না।

ওবামাবিরোধী এসব আইন-প্রণেতার মধ্যে নিজ দল ডেমোক্রেটিক পার্টির সদস্যও রয়েছেন। এ রকমই একজন নিউ জার্সির ডেমোক্র্যাট সিনেটর রবার্ট মেন্ডেজ। সিনেটের পররাষ্ট্রবিষয়ক সম্পর্ক কমিটির এই সদস্য বলেন, ‘এটা বিশ্বাস করা ভুল হবে যে একজন মার্কিন প্রেসিডেন্ট তাঁর হাত বাড়িয়ে দিয়েছেন বলেই কিউবা সংস্কারের পথে হাঁটবে।’

ওবামার পদক্ষেপের আরেক কট্টর সমালোচক প্রভাবশালী রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, নীতিতে পরিবর্তন আনার ক্ষেত্রে তহবিল কেটে দিতে যেসব আইনপ্রণেতা চেষ্টা করবেন, তিনি তাঁদের একজন।