আলোচনা চালিয়ে যাবে কিউবা ও যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য সর্বশেষ দফা আলোচনা হাভানায় শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার কিউবা এ কথা জানিয়েছে। দেশটি বলেছে, এ আলোচনা অব্যাহত থাকবে। খবর এএফপি ও রয়টার্সের।

এক দিন আলোচনার পরই বৈঠক শেষ হয় বলে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। এতে বলা হয়, ‘পেশাদার আবহে অনুষ্ঠিত বৈঠকের শেষে দুই প্রতিনিধিদল আগামী দিনে চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে যোগাযোগ চালু রাখার ব্যাপারে একমত হয়।’

আলোচনায় ঠিক কী বিষয়ে মতৈক্য হয়েছে, তা বলা হয়নি। প্রথমে আশা করা হয়েছিল, এ সংলাপ কয়েক দিন চলবে।

ভেনেজুয়েলা প্রশ্নে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবস্থান নিয়ে হাভানায় বিক্ষোভের মধ্যেই গত সোমবার ওই আলোচনা শুরু হয়।

লাতিন আমেরিকাবিষয়ক শীর্ষ মার্কিন কূটনীতিক রবার্তা জ্যাকবসন কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তরাষ্ট্রবিষয়ক শীর্ষ কর্মকর্তা হোসেফিনা ভিদালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে এটা দেশ দুটির মধ্যে তৃতীয় দফা আলোচনা।

মার্কিন কূটনীতিক জ্যাকবসন গত রোববার রাতে যখন কিউবার মাটিতে পা রাখেন, তখনই হাভানায় একটি কনসার্ট ও সমাবেশে অংশ নেয় কয়েক হাজার মানুষ। এ আয়োজনের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান বিরোধে ভেনেজুয়েলার মানুষের প্রতি সমর্থন প্রকাশ।

কিউবার মিত্র দেশ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পারদ গত ফেব্রুয়ারি মাস থেকে আরও নিচের দিকে নামতে শুরু করে। ওই সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো অভিযোগ করেন, ওয়াশিংটন তাঁর বিরুদ্ধে একটি অভ্যুত্থান-প্রচেষ্টায় মদদ দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগ নাকচ করে দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি ভেনেজুয়েলার সাত জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেন। অভ্যুত্থান-প্রচেষ্টার অভিযোগ ওঠার পর বিরোধীদের ওপর ভেনেজুয়েলা সরকারের দমনপীড়নমূলক অভিযানের প্রেক্ষাপটে ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়। জবাবে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ওয়াশিংটনে নিযুক্ত ভেনেজুয়েলার কূটনীতিককে প্রত্যাহার করে নেন।

কিউবার সমাজতান্ত্রিক বিপ্লবের পরিপ্রেক্ষিতে ১৯৬১ সালে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কিউবার নেতা রাউল কাস্ত্রো গত ডিসেম্বর মাসে আকস্মিকভাবে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেন।