বাংলাদেশ সোসাইটির এক আজীবন সদস্য অভিযোগ করেছেন, কিছু অযোগ্য, অথর্ব, স্বার্থান্বেষী, লোভী বো স্বেচ্ছাচারিতা মানুষ আমেরিকাপ্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটিকে অচল করে দিয়েছে। তারা সংগঠনটিকে নিজেদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণে
ব্যবহার করেছে। এ অবস্থায় কমিউনিটির স্বার্থে আর নীরব থাকা যায় না। বাংলাদেশি কমিউনিটি নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের আইন অনুযায়ী মোকাবিলা করা হবে। নানা কর্মকাণ্ডের জন্য অসৎ নেতৃত্বকে ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। আইনি সমস্যা মোকাবিলায় এসব ব্যক্তি সংগঠনের তহবিল ব্যবহার করতে দেওয়া হবে না। করলে তাদের আইনগত দায় নিতে হবে।
২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন সোসাইটির আজীবন সদস্য নীরু এস নীরা রব্বানী। এতে তিনি লিখিত বক্তব্যে সোসাইটির নানা অনিয়ম তুলে ধরেন। সংবাদ সম্মেলনে নানা প্রশ্নের উত্তর দেন জ্যাকব মিলটন। এ সময় সোসাইটির সাবেক কর্মকর্তা ওসমান চৌধুরী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সোসাইটির অনিয়ম দূর করতে আইনের আশ্রয় নেওয়া হয়েছে। এ লক্ষ্য কুইন্স কাউন্টির সুপ্রিম কোর্ট অব নিউইয়র্কে দুটি মামলা করা হয়েছে। এতে সোসাইটির সভাপতি কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকীসহ কার্যকরী পরিষদের সব কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। মামলার বাদী নীরু এস নীরা ও ওসমান এ চৌধুরী।
লিখিত বক্তব্যে নীরু এস নীরা বলেন, ১৯৭৬ সালে কিছু মানুষের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ সোসাইটি। সংগঠনটির মূল উদ্দেশ্য ছিল প্রবাসে বাংলাদেশি কালচারের প্রসার ঘটিয়ে প্রবাসীদের মনে দেশপ্রেম জাগিয়ে রাখা, তাদের সুখ দুঃখে পাশে দাঁড়ানো এবং দেশের অস্তিত্ব ও উন্নয়নের প্রশ্নে ভূমিকা রাখা।
লিখিত বক্তব্যে নীরা দাবি করেন, শুরুতে সোসাইটির প্রতিষ্ঠাতাদের ভালো উদ্দেশ্য থাকলেও তারা এই ভিন দেশের আইন-কানুন, কালচার বা নিয়মকানুন সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল ছিলেন বলে মনে হয় না। গত কয়েক মাসে আমরা বাংলাদেশ সোসাইটি সম্পর্কে অনেক কিছুই জেনেছি। আমরা সংক্ষিপ্ত আকারে সোসাইটির দুরবস্থার কথা তুলে ধরতে চাই। সোসাইটির বর্তমান নির্বাহী কমিটির কার্যকাল শেষ হলেও তারা এখনো প্রতিষ্ঠানটিকে অবৈধভাবে নিয়ন্ত্রণ করে লুটপাটের মাধ্যমে তাদের নিজ স্বার্থ হাসিল করছে। কিছু অযোগ্য, অথর্ব, স্বার্থান্বেষী, লোভী ও স্বেচ্ছাচারী মানুষ নিজেদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণে সংগঠনকে ব্যবহার করেছে।
বক্তব্যে অভিযোগ করা হয়, চার দশক আগে প্রতিষ্ঠিত বাংলাদেশ সোসাইটির সংবিধান থাকলেও এর কোনো প্রয়োগ নেই। চার দশক ধরে যারাই সংগঠনটিকে পরিচালনা করেছে, তারাই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সোসাইটিকে নিজের সম্পত্তি হিসেবে ব্যবহার করেছে।
দুর্নীতির মাধ্যমে সংগঠনটির তহবিল তছরুপ থেকে শুরু করে এমন পরিস্থিতি তৈরি করে রাখা হয়েছে যাতে সেখানে কোনো শিক্ষিত, মার্জিত ও সমাজসেবী না যেতে পারে। তা ছাড়া বাংলাদেশ সোসাইটির সংবিধানটি আমেরিকার ফেডারেল ও স্টেট আইনের সঙ্গে অনেক ক্ষেত্রেই সংগতিপূর্ণ নয় বলে অযোগ্য ও অসৎ নেতৃত্ব সব ধরনের অপকর্ম করার সুযোগ পাচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বাংলাদেশ সোসাইটির নির্বাচন পদ্ধতি সোসাইটির সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। ফলে অশিক্ষিত, অযোগ্য, অনভিজ্ঞ, অদূরদর্শী লোভী, অসৎ ও স্বার্থান্বেষী লোকজন সংগঠনের নির্বাহী কমিটি ও বোর্ড অফ ট্রাস্টিতে জায়গা করে নিয়েছে।
এতে আরও অভিযোগ করা হয়, সোসাইটি প্রতিষ্ঠার পর বাড়ি ক্রয় ছিল সংগঠনটির একমাত্র অর্জন। কিন্তু আজ পর্যন্ত প্রোপার্টির ট্যাক্স, মর্টগেজ, মেইনটেন্যান্স এবং সিটি ও স্টেটের বিল্ডিং কোড অনুযায়ী রক্ষণাবেক্ষণে দায়িত্বপ্রাপ্ত কেউই সঠিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। প্রোপার্টির ভাড়া দেওয়া ও ভাড়া উত্তোলনেও রয়েছে ঘাপলা। ভাড়া তোলা হয়েছে, কিন্তু রসিদ দেওয়া হয়নি। ভাড়া কে উত্তোলন করেছে, পরে তাও খুঁজে পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে অভিযোগ তোলা হয়, সোসাইটিকে অলাভজনক সংস্থা হিসেবে দেখানো হলেও কোন এক অজানা কারণে সম্পত্তির ওপর সিটি ও স্টেটের ট্যাক্স ধারণ করা হয়েছে। সোসাইটির তথাকথিত নির্বাহী কমিটি ও বোর্ড অফ ট্রাস্টি প্রোপার্টির ভাড়া উত্তোলন, সদস্য ফি এবং ডোনেশান সংগ্রহের পরেও প্রোপার্টির ট্যাক্স এবং মর্টগেজ পরিশোধে ব্যর্থ হয়েছে। সোসাইটির তথাকথিত কর্মকর্তাদের ব্যর্থতার কারণেই প্রোপার্টির ট্যাক্স লীন একাধিকবার বিক্রি হয়েছে। অথচ সোসাইটির কর্মকর্তারা প্রোপার্টি ট্যাক্স লীন সেল বন্ধ করা তো দূরের কথা, এ সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, সোসাইটির তথাকথিত কর্মকর্তারা বানোয়াট এক নির্বাচন পদ্ধতির আবিষ্কার করেছে। সংবিধানের তোয়াক্কা না করে ডলারের বিনিময়ে স্বাক্ষর নকল ও ভুয়া পরিচয়ে তারা হাজার হাজার সদস্য সংগ্রহ করেছে, যাহা স্টেট ও ফেডারেল আইনের পরিপন্থী। সঠিক নির্বাচন পদ্ধতির অভাবে কিছু লোক কোনো যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়াই কর্মকর্তা পদে নির্বাচনে অংশ নিচ্ছে। এসব লোকজন তাদের ট্যাক্স রিটার্নে ১০–১৫ হাজার ডলার বার্ষিক আয় দেখানোর পর সোসাইটির নির্বাচনে কী করে লাখ লাখ ডলার খরচ করে?
নীরা রব্বানী অভিযোগ করেন, সোসাইটির তথাকথিত কর্মকর্তারা বার্ষিক বনভোজনের নামে এমনকি প্রবাসের কেউ মারা গেলে মৃতের কবরের ব্যবস্থার নামেও অর্থ চুরির অজুহাত তৈরি করে। এ সব অবৈধ কর্মকাণ্ড বন্ধ করার লক্ষ্যে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। আমরা কমিউনিটির অনেকের কাছ থেকেই সাহায্য চেয়েছিলাম। কেউই এগিয়ে আসেনি। তাই আমরা উই আর দি পিপল ও লিগ্যাল নেটওয়ার্কের শরণাপন্ন হয়েছি। জ্যাকব মিল্টন বাংলাদেশি কমিউনিটির কল্যাণে আমাদের সাহায্য করতে রাজি হন।
সংবাদ সম্মেলনে সোসাইটির মামলা, ট্যাক্স লীন, ট্যাক্স লীন সেল, প্রোপার্টি লঙ্ঘন, সোসাইটির অসংগতিপূর্ণ সংবিধান ও নির্বাচন পদ্ধতি এবং পরবর্তী করণীয় নিয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন জ্যাকব মিল্টন।
তবে অনিয়মের অভিযোগ সম্পর্কে সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী বলেন, ‘আমাদের সময়ে কোন অনিয়ম হয়নি। তবে সোসাইটির লীনসহ অন্যান্য বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।’