কিছু আফগান নাগরিকের পাসপোর্ট ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাজারো আফগান নাগরিক দেশ ছাড়ার জন্য উন্মুখ হয়ে আছে
ছবি: রয়টার্স

আফগানিস্তান থেকে নিরাপদে লোকজনকে সরানোর প্রাক্কালে কিছুসংখ্যক মার্কিন-সমর্থক আফগান নাগরিকের পাসপোর্ট ধ্বংস করা হয়েছে। কাবুলে মার্কিন দূতাবাসের লোকজন এ কাজ করেছেন।

কিছু আফগান নাগরিকের পাসপোর্ট ধ্বংস করে দেওয়ার কোনো কারণ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়নি। তবে সিএনএন এ-সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা আফগান নাগরিকদের পরিচয়সংক্রান্ত কোনো তথ্য যাতে তালেবানের হাতে না পড়ে, সে জন্যই এমন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য অ্যান্ডি কিমের অফিস থেকে মার্কিন সংবাদমাধ্যমকে কিছুসংখ্যক আফগান নাগরিকের পাসপোর্ট ধ্বংসসংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে।

হাজারো আফগান নাগরিক বর্তমানে দেশ ছাড়ার জন্য উন্মুখ। যাদের পাসপোর্ট ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের স্থানান্তর করতে পারছে না যুক্তরাষ্ট্র। ফলে, এসব আফগান নাগরিক বিপাকে পড়েছে। তালেবানের হাতে প্রাণ যাওয়ার ভয়ে শঙ্কিত এসব আফগান নাগরিককে সাহায্য করার জন্য এখন কাউকে পাওয়া যাচ্ছে না।

এশীয় বংশোদ্ভূত প্রতিনিধি পরিষদের সদস্য অ্যান্ডি কিম এক বার্তায় জানিয়েছেন, কাবুলের মার্কিন দূতাবাসে সব ধরনের পাসপোর্ট ও ভিসা প্রদান বাতিল করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ‘ভিসা সার্ভিস’ চালু রাখার সম্ভব হচ্ছে না।

দেশত্যাগে উন্মুখ আফগানদের নিরাপদ আশ্রয়ে থাকার পাশাপাশি পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ডাক না পাওয়া পর্যন্ত কোনো অবস্থাতেই দেশত্যাগে উন্মুখ আফগানদের বিমানবন্দরে না যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

কাবুল বিমানবন্দরে দেশত্যাগে মরিয়া আফগান নাগরিকদের ছবি ও ভিডিও মার্কিন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ার পর এ নিয়ে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

আফগানিস্তানে গত ২০ বছর যুক্তরাষ্ট্রকে সমর্থন ও সাহায্য করে যাওয়া আফগান নাগরিকদের জন্য নিজেদের করণীয় আছে বলে মন্তব্য করছেন আমেরিকানরা। এ নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের কাছে ব্যাপক ই–মেইল বার্তা পাঠানো হচ্ছে। যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানানো হচ্ছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য টম মেলিনোস্কি বলেছেন, পাসপোর্ট ছাড়াই মার্কিন–সমর্থক আফগানদের শনাক্ত করে স্থানান্তর করার প্রয়াস নেওয়া হবে।

কাবুলে মার্কিন দূতাবাস সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপত্র নেড প্রাইস জানিয়েছেন, দূতাবাস থেকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও ভবনটি কড়া নিরাপত্তার মধ্যে রয়েছে।

তালেবানের হাতে কাবুল পতনের পর এখন পর্যন্ত তিন হাজারের বেশি লোকজনকে যুক্তরাষ্ট্রে স্থানান্তর করা হয়েছে। ১৭ আগস্ট মার্কিন সামরিক বাহিনীর বিমানে এক হাজারের বেশি লোককে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলে জানায় পররাষ্ট্র দপ্তর। এর মধ্যে ৩৩০ জন মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারী। তার বাইরে প্রায় দুই হাজার আফগান নাগরিককে বিশেষ অভিবাসনব্যবস্থায় যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জানিয়েছেন।