
ঘটনা ১
কাস্টমার সার্ভিস এজেন্ট হিসেবে বিমানের দরজা খোলার পর বিশেষ করে পেছনেরটিতে আমাদের দায়িত্ব হলো যাত্রীদের পথ নির্দেশনা দিয়ে র্যাম্প থেকে বের করে নিয়ে আসা। নিরাপত্তাজনিত কোনো কিছু যাতে বিঘ্ন না হয়, সেটাও দায়িত্বে পড়ে। র্যাম্পকে বিপজ্জনক জোন হিসেবে দেখা হয়। চারদিকে বিভিন্ন যানবাহনের পাশাপাশি বিমানও চলে। রানওয়ের যে কর্মী অতিরিক্ত সিঁড়িটা চালিয়ে এনে বিমানের দরজার সঙ্গে স্থাপন করেন, তার দায়িত্ব হলো দরজা খুলে দেওয়া। এ সপ্তাহের শুক্রবার সকাল বেলা, গতানুগতিক কাজ চলছে। র্যাম্প কর্মী দরজা খুলে নেমে আসছে, পেছনে যাত্রীরাও নেমে আসছেন। আমি সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি। দেখি, তার পেছনে প্রথমে নেমে আসছেন একজন মেয়ে যাত্রী। তিনি এক নবজাতককে তোয়ালে দিয়ে পেঁচিয়ে বাম হাতে বুকে চেপে ধরেছেন এবং ডান হাতে বেশ ভারী লাগেজ, ঠিকমতো তুলে নামতে পারছেন না। বাচ্চাটা না পড়ে যায়, আমার খুব মায়া হলো। চোখ ইশারায় ওকে (এক্সকিউজ করে) বললাম, তাকে সাহায্য করতে। কারণ বিমানের শব্দে কথা শোনা যাচ্ছে না। সে পেছন ঘুরে মেয়ের লাগেজ নিয়ে নেমে এল। মেয়েটা কাছাকাছি আসতেই দেখি, এটি একটা রাবারের বাচ্চা। কিন্তু অবিকল মানবশিশুর মতো এবং যেভাবে মায়ের মতো বুকে ধরে রেখেছে তাতে বোঝার উপায় নেই, এটি কোনো মানবশিশু নয়। এর আগেও এসব রাবারের শিশু দেখেছি। তবু আমি যেন বোকা বনে গেলাম। র্যাম্পের ছেলেটা লাগেজ রেখে আমার দিকে তাকাল। চোখাচোখি হতেই দুজনে মুখ টিপে হাসলাম। সে বলল, সেও প্রথমে তাই ভেবেছে।
যাই হোক, ইদানীং হঠাৎ দেখি কোনো মেয়েকে এ রকম নকল বাচ্চা বহন করে। আরেক দিন শ্বেতাঙ্গ এক মেয়ের হাতে দেখি কৃষ্ণাঙ্গ বাচ্চা। আমি একটু ভাবলাম, ‘মনে হয় বাচ্চাটা বাবার মতো হয়েছে’। মেয়েটি কাছাকাছি আসতে দেখলাম নকল বাচ্চা। কিন্তু এত নিখুঁত মানবশিশু যে, ধারণাও করা যায় না। এ রকম একটা বাচ্চা নিয়ে হিস্পানিক এক মহিলা পাতাল রেলের পথে পথে ভিক্ষা করছে, যাত্রীদের আবেগীয় ব্ল্যাকমেল করছে, যা একটা প্রবন্ধে লিখেছি একবার। এর মধ্যেই আজ পেয়ে গেলাম নাশভিলের এক যাত্রীকে।
বিজ্ঞান এমনভাবে এগিয়ে চলেছে, কবে শুনব ঠিক বাচ্চাদের মতো এরা সবকিছু করছে। মানুষও আর ভালোবাসার জন্য শুধু মানুষের ওপর ভর করে থাকবে না। বিদেশে কুকুর বিড়াল পালনের মূল উদ্দেশ্য হচ্ছে, নিঃশর্ত ভালোবাসা। যে স্ত্রী বা স্বামী পাগল হয়ে এক সময় একজন আরেকজনকে বিয়ে করেন, তাদের ভালোবাসায় চির ধরে। জীবনের শুরুতে ঘরে ঢুকতেই ক্লান্ত স্বামী যে উষ্ণ অভ্যর্থনা পেতেন, তা সময়ে কমে আসে। সন্তানেরাও এক সময় আর ছোট বেলার মতো দৌড়ে ছুটে আসে না। কিন্তু একটা গৃহপালিত পশু মনিব ঘরে ঢুকতেই দৌড়ে এসে যে আদর ভালোবাসা দেখায়, তা হচ্ছে নিঃশর্ত ভালোবাসার এক জ্বলন্ত উদাহরণ। কোনো অক্ষমতায় হাতছাড়া হয়ে গেলেও তারা মায়া ভুলে না। মানুষ খুব সহজেই অন্যের ভালোবাসা ভুলে যায়। এ রাবারের বাচ্চার মাঝেও কি মানুষ বিকল্প তৃপ্তি খোঁজে? কিংবা মা হয়ে ওঠার সহজাত তৃপ্তি খোঁজে প্রাণহীন দেহে।
ঘটনা ২
সততা: রোজার মাস, ব্রেক টাইমে ডাইনিংয়ে গেলে খাবারের গন্ধে খিদে লাগে। আমি গেট ৫-৭ এর মাঝখানে একটা চেয়ারে বসলাম। কারণ এখানে ডেস্ক খালি, আশপাশে যাত্রী নেই। জ্যাকেট রেখে ফোনটা হাতে নিয়ে বসতেই উল্টো দিকের চেয়ারের নিচে দেখি কালো মতো কিছু পড়ে আছে। নিচু হয়ে হাত বাড়িয়ে নিলাম, ছেলেদের ওয়ালেট। যথারীতি অনেকগুলো ক্যাশ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, স্ট্যাট আইডি সব। আমি শুধু স্ট্যাট আইডি দেখে নাম দেখলাম। আশপাশে কেউ নেই যে দেখবে। আমি কি রেখে দেব? ভেতরে বেশ কিছু ডলার আছে! না এমন তস্কর চিন্তা কখনোই আমার আসে না। তবে আমরা মানুষ তো, লোভ আসাই স্বাভাবিক।
ছোট বেলায় এক/দুটি চুরির রেকর্ডও আছে। খুব ছোট বেলা দু–একবার আমি আর আমার মেজো ভাই মেলা থেকে খেলনা চুরি করেছি। এটা ছিল প্রতিযোগিতার মতো, কে কয়টি বেশি নিতে পারি? তেমন বড় কিছু না, ছোট প্লাস্টিকের বাসন। কিন্তু বাসায় আনার পর এগুলোর পয়সা এল কোথা থেকে? এমতাবস্থায়ই নানির কড়া শাসন আর নীতি বাক্যের মধ্য দিয়ে যেতেই হতো। মাফ ছিল না। সেই বয়সে মামির ব্যাগ থেকে লিপস্টিক চুরি করে এনে বড় আপাকে দিয়েছি। এক সঙ্গে পাঁচটা লিপস্টিক রাখা, একটার পর আরেকটা রং। আমার চোখে তখন বড় আপা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। তাঁকে এই লিপস্টিক দিতেই হবে। এটা হাফ প্যান্টের রাবারের সঙ্গে পুরো এক রাত মুড়ে রাখতে আমাকে অনেক হার্ট বিট মিস করতে হয়েছে। প্রতি মুহূর্ত ধরা পড়ার ভয়। যদি মামি এসে জিজ্ঞেস করেন, আমার লিপস্টিক কই, এই ভয়ে? সে বাড়ি থেকে পরদিন ফেরার পর আমি স্বাভাবিক হয়েছি। তবে এরপর জীবনে কখনো কারও কিছুতে হাত দিয়েছি বলে মনে হয় না।
ছোট বেলা নানি শিখিয়েছেন, ‘একে সত্তর যায়’। মানে তুমি যদি কারও এক টাকা নাও, তোমার সত্তর টাকা যাবে। কীভাবে যাবে তুমি বুঝবে না, কিন্তু যাবে। জীবনে যখনই এমন দুর্বল মুহূর্ত এসেছে, নানির কথা মনে হয়েছে। একবার ষষ্ঠ শ্রেণিতে পড়াকালে ভুল করে স্কুলের ক্যাশিয়ার স্যার আমাকে বৃত্তির টাকা দেওয়ার সময় দেড় শ টাকা বেশি দিয়েছিলেন। আমি ক্লাস থেকে গিয়ে আবার অফিসে ফেরত দিয়ে এসেছিলাম। এজন্য প্রধান শিক্ষিকা আপা আমার সততায় মুগ্ধ ছিলেন, কিন্তু বেচারা স্যার বকা খেয়েছিলেন।
যাই হোক, ব্যাগটি হাতে নিয়ে প্রথমেই যা চিন্তা করেছি তা হচ্ছে, ‘ইশ্ লোকটা এটা না পেয়ে নিশ্চয় খুব অসহায় বোধ করবে। একটা আইডি কার্ডের অভাবে তার অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে। যেভাবেই হোক তাঁর হাতে পৌঁছাতে হবে। জীবনে অন্য মানুষকে ঠকিয়ে অন্যের জিনিস রেখে দেওয়ার মানসিকতা আমার কোনো দিনও নেই। হতে পারে এটি নানির শিক্ষা। খুব সামান্য জিনিস নিয়ে নিজের মানুষেরা নিজেদের ঠকাতে দেখেছি। সেখানে আমি কোন তুলসী পাতা? তবে আমি ফেরেশতার মতো না হলেও খাঁটি হৃদয়ের অধিকারী। এ পরিশুদ্ধ হৃদয় নিয়ে, তৃপ্তি নিয়ে আমি পৃথিবী ছাড়তে পারব, আত্মবিশ্বাস, অহংকার নিয়ে বলতে পারি। এর আগেও টার্মিনাল সি’তে এরচেয়ে অনেক বেশি ডলারসহ একটা ব্যাগ পেয়েছিলাম আমি। আমার একজন সাক্ষী প্রয়োজন, কারণ পরে দেখা যাবে নিজেই কোনো কারণে ফেঁসে যাচ্ছি।
সাত নম্বর ফটকের ডেস্কের সামনে ম্যানেজার মারিয়াকে পেলাম। তাঁকে ডাকলে তিনি এগিয়ে আসলেন। খুব সুন্দরী বয়স্ক শ্বেতাঙ্গ আমেরিকান মহিলা। তাঁকে বললাম, ব্যাগটি এখানে পেয়েছি। পরে উনি আর আমি মিলে কম্পিউটারে নাম সার্চ করে দেখলাম, এ বিমানে যাত্রীটি শিকাগো যাচ্ছেন। সমস্যা বিমানের দরজা বন্ধ হয়ে গেলে আর দেওয়া সম্ভব না, পরে যোগাযোগ করতে হবে। উনি নিয়ে গেলেন ভেতরে। বিমান নড়াচড়া না করা পর্যন্ত দুজন গেটে থাকতে হয়। একজন গিয়ে ক্যাপ্টেনকে মোট যাত্রীর রিপোর্টশিট দিয়ে আসলে হয়। মারিয়া বের হয়ে বললেন, লোকটিকে পেয়েছেন, দরজা বন্ধ করেনি। যাক শুনে ভালো লাগল যে লোকটা পেয়েছে।
একটু পরে শার্লি ও চীনা এক সহকর্মী বের হয়ে এল। শার্লি বলল, ‘ভদ্রলোক তোমাকে অনেক দোয়া করেছেন।’ আমি হাসলাম। আমাদের টিম লিডার হুয়ানা রুদ্রিগোকে বলতেই বললেন, কেন নিজে দিয়ে এলাম না? বললাম, থাক, তিনি ম্যানেজার মানুষ। উনি বলে দিলেন, অপরিচিত কোনো এজেন্টকে যেন না দিই, অনেক সময় রেখে দেয়, সব খাঁটি না।
আমরা প্রতিদিন গোসল করি শরীর পরিষ্কার করি, কিন্তু আমাদের আত্মা পরিষ্কার করার কথা ভাবি না। ভালো কাজেই আত্মার পরিশুদ্ধি হয়। এখন এমন অবস্থা যখন শুনতে হয়, আপন ভাইকে ভাইয়ের ভাগ থেকে বঞ্চিত করছে। এক বোন আরেক বোনের সম্পত্তি দখল করে ফেলছে। সেখানে বাইরের মানুষের চিন্তা তো অনেক দূরের ব্যাপার। তবে চিন্তাভাবনায় পজবাটন দিয়ে চিন্তা করলেই লোভ সংবরণ সম্ভব।