আফগান পরিস্থিতি নিয়ে কিছুটা দায় নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তিনি কিছু দোষ চাপালেন অন্যের ঘাড়ে।
আফগানিস্তানে তালেবানের হাতে মার্কিন-সমর্থিত সরকার পতনের প্রেক্ষাপটে অবকাশ কাটছাঁট করে হোয়াইট হাউসে ফিরে স্থানীয় সময় গতকাল সোমবার বিকেলে জাতির উদ্দেশে ভাষণ দেন বাইডেন। আফগানিস্তান তালেবানের দখলে যাওয়ার পর বাইডেন এ নিয়ে প্রথম প্রকাশ্যে বক্তৃতা দিলেন। তার আগে কাবুল দূতাবাস থেকে মার্কিন পতাকা নামিয়ে ফেলা হয়। মার্কিন-সমর্থিত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ থেকে পালান।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আমি আমেরিকার জনগণের কাছে সত্য জানানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সত্য হচ্ছে, আমাদের অনুমানের চেয়ে দ্রুততার সঙ্গে আফগান পরিস্থিতি নাজুক হয়ে উঠেছে।’
সবশেষ আফগান পরিস্থিতি নিয়ে নিজ দেশে তোপের মুখে থাকা বাইডেন বলেন, পরিস্থিতি বিশৃঙ্খলার দিকে দ্রুততার সঙ্গে গড়িয়েছে। এমন দ্রুততার সঙ্গে পুরো আফগান পরিস্থিতি নাজুক হয়ে উঠবে বলে তাঁর ধারণা ছিল না। সবশেষ এ পরিস্থিতির জন্য তিনি নিজে কিছুটা দায় গ্রহণ করেন।
তবে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের যে সিদ্ধান্ত বাইডেন নিয়েছেন, তা সঠিক ছিল বলে দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন তিনি। বাইডেন বলেন, ২০ বছরের আফগান যুদ্ধে বেশ মূল্য দিয়ে অনেক শিক্ষা হয়েছে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য কোনো সময়ই ভালো ছিল না। সেনা প্রত্যাহারের কারণে যেকোনো ধরনের আকস্মিকতা মোকাবিলার জন্য তাঁর প্রশাসনের পক্ষ থকে পরিকল্পনা করে রাখা হয়েছিল।
বাইডেন বলেন, তিনি আমেরিকার জনগণকে ভুল বার্তা প্রদান করতে ইচ্ছুক নন। আরও কিছুদিন আফগানিস্তানে মার্কিন সেনাদের উপস্থিতি থাকলেও বর্তমান পরিস্থিতির কোনো ব্যতিক্রম ঘটত না।
বাইডেন বলেন, তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করে সমঝোতা করে গেছেন। সে অনুযায়ী গত মে মাসের মধ্যেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার বা যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছাড়া তাঁর কিছুই করার ছিল না। যুদ্ধ চালিয়ে গেলে মে মাসের পর তালেবানদের বিরুদ্ধে কোনো বিরতি ছাড়াই তা চলত বলে উল্লেখ করেন তিনি।
আফগানিস্তানের দখল দ্রুততার সঙ্গে তালেবানের হাতে চলে যাওয়ার দায় দেশটির নেতাদের ওপরও চাপিয়েছেন বাইডেন। তিনি বলেন, মার্কিন-সমর্থক আফগান নেতারা কোনো প্রতিরোধে না গিয়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মার্কিন-সমর্থক আফগান সামরিক বাহিনী নিজ দেশের জন্য তালেবানদের বিরুদ্ধে লড়তে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেন বাইডেন।
গতকাল কাবুল বিমানবন্দরের দৃশ্য সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ উড়োজাহাজে করে দেশত্যাগের জন্য মরিয়া হয়ে ওঠে। এ দৃশ্য নিয়ে আমেরিকার সর্বত্র আলোচনা-সমালোচনা চলে।
মার্কিন কর্তৃপক্ষ কাবুল বিমানবন্দর থেকে নিরাপদে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য গতকাল ফ্লাইট স্থগিত রাখে। বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ছয় হাজার মার্কিন সেনার কাবুলে পৌঁছানোর কথা। বিমানবন্দর নিরাপদ করেই মার্কিন কর্তৃপক্ষ লোকজনকে ফের স্থানান্তরের কাজ শুরু করবে বলে মার্কিন সংবাদমাধ্যমে বলা হচ্ছে।
ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নেতারা একজোট হয়ে প্রেসিডেন্ট বাইডেনকে এ পরিস্থিতির জন্য দায়ী করছেন। সঠিক পরিকল্পনা ছাড়া সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নে বিশৃঙ্খলার জন্য তাঁরা বাইডেনকে দোষারোপ করছেন। মার্কিন সেনা উপস্থিতিতে তালেবানের হাতে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যাওয়ার বিষয়টি আমেরিকানদের ক্ষুব্ধ করে তুলেছে।
আফগানিস্তান থেকে আগেই বেসামরিক লোকদের কেন নিরাপদে সরানো হলো না—এমন সমালোচনার জবাব দিয়েছেন বাইডেন। তিনি বলেছেন, আফগানিস্তানে মার্কিন-সমর্থক বহু বেসামরিক লোকের দ্রুত দেশত্যাগে অনীহা ছিল। অনেকের মধ্যে তাদের দেশ নিয়ে আশাবাদ অবশিষ্ট ছিল। মার্কিন-সমর্থক আফগান সরকারের পক্ষ থেকেও ব্যাপকভাবে লোকজনকে সরিয়ে না নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছিল। এমনটা করা হলে মার্কিন-সমর্থকদের মনোবল দ্রুততার সঙ্গে ভেঙে পড়বে বলে তখন বলা হয়েছিল।
কিছুটা দায় স্বীকার করে, কিছুটা দায় অন্যের ওপর চাপিয়ে ও কিছুটা পরিস্থিতি ব্যাখ্যা করে বাইডেন যে বক্তৃতা দিয়েছেন, তা আফগানিস্তান পরিস্থিতি নিয়ে সমালোচকদের মুখ বন্ধ করবে না বলে মনে করা হচ্ছে।
প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটির প্রভাবশালী রিপাবলিকান সদস্য মাইক রজার্স বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের বক্তৃতার সঙ্গে আফগানিস্তানের বাস্তব পরিস্থিতির কোনো মিলই নেই।
মাইক রজার্স প্রশ্ন রাখেন, ‘কেন অপ্রত্যাশিত সব বাস্তবতার জন্য পরিকল্পনা নেওয়া হলো না? এখনো এ নিয়ে কোনো পরিকল্পনা নেই কেন?’