কিম জং-উনের 'খুব সুন্দর একখান চিরকুট'

উত্তর কোরিয়ার নেতা কিম-জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে দ্বিপক্ষীয় সম্পর্কে ‘নতুন ভবিষ্যতের’ প্রত্যাশার কথা বলেছেন। গতকাল বৃহস্পতিবার এক টুইট বার্তায় এ চিঠির কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, এটি ‘খুব সুন্দর একখান চিরকুট’।
বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, ৬ জুলাইয়ের তারিখ দিয়ে পাঠানো ওই চিঠিতে উত্তর কোরিয়ার নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের ‘নতুন ভবিষ্যতের’ বিষয়ে আশা প্রকাশ করেন। তবে ওই চিঠিতে পরমাণু নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়া কী পদক্ষেপ নিতে যাচ্ছে, এ ব্যাপারে কিছু বলা হয়নি।
গতকাল এক টুইটে কিম জং-উনের চার অনুচ্ছেদের ওই চিঠির ইংরেজি অনুবাদ প্রকাশ করেন ট্রাম্প। চিঠিতে কিম বলেছেন, ‘আপনার জোরালো ও ব্যতিক্রমী চেষ্টার খুবই প্রশংসা করি।’ কিম বলেন, ‘দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে যে অগ্রগতি হয়েছে, তা আমাদের পরবর্তী বৈঠকের পথ সুগম করবে।’
টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘বড় ধরনের অগ্রগতি হয়েছে।’ তবে কী অগ্রগতি হয়েছে—সে বিষয়ে ভেঙে কিছু বলেননি তিনি।
যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, অপরিশোধিত তেল আমদানির সীমা তুলে জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে উত্তর কোরিয়া। সম্প্রতি নিজেদের ৮৯টি জাহাজে সমুদ্রপথে তেল আমদানি করেছে উত্তর কোরিয়া। তবে কোন দেশ এই পণ্য পাঠিয়েছে, তা এখনো জানায়নি যুক্তরাষ্ট্র। এক বছরে উত্তর কোরিয়া পাঁচ লাখ ব্যারেলের বেশি তেল আমদানি করতে পারবে না। গত ডিসেম্বরে এমন সীমা বেঁধে দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
১২ জুন ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক এক বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণে সম্মত হন উত্তর কোরিয়ার নেতা। বিনিময়ে ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক অনুশীলন বন্ধ রাখতে রাজি হয়। তবে ওই বৈঠকের এক মাসের মধ্যে দুই দেশের মধ্যে ‘ঘনিষ্ঠ’ সম্পর্কে চিড় ধরতে শুরু করেছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরে শীর্ষ বৈঠকে যে আলোচনা হয়েছিল, তার বাইরে গিয়ে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণের একতরফা চাপ প্রয়োগ করা হচ্ছে। ওয়াশিংটন এমন আচরণ করতে থাকলে পরমাণু নিরস্ত্রীকরণের প্রচেষ্টা ব্যাহত হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
পরমাণু নিরস্ত্রীকরণের উত্তর কোরিয়া চাপ প্রয়োগ করতেই পিয়ংইয়ংয়ে সফর করেন পম্পেও। ধারণা করা হচ্ছে, মাইক পম্পেওর সফরের আগে ওই চিঠি লেখেন কিম।