কিমের সঙ্গে কথা বলতে আগ্রহী ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছেন। বিবিসি অনলাইনের খবরে আজ বুধবার এ কথা জানানো হয়।

উত্তর কোরিয়ার নেতার ব্যাপারে ট্রাম্প বলেন, ‘আমি তাঁর সঙ্গে কথা বলতে চাই। তাঁর সঙ্গে কথা বলার ব্যাপারে আমার কোনো সমস্যা নেই।’ এ ধরনের বৈঠক দুই দেশের নীতিনির্ধারণী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলেও তাঁর মত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগামী নভেম্বরে। এর আগেই ট্রাম্প যুক্তরাজ্যে যেতে পারেন বলে খবর বের হয়েছে। কূটনীতিকদের ধারণা, জুলাই মাসে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর তিনি যুক্তরাজ্যে যেতে পারেন।

যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত—ট্রাম্পের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও লন্ডনের মেয়র সাদিক খান। এমন পরিস্থিতিতে এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে যে যুক্তরাজ্যের সঙ্গে আমাদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না।’

উত্তর কোরিয়ার নেতার সঙ্গে ট্রাম্পের আলোচনা করার আগ্রহের বিষয়টি সামনে আসে গতকাল মঙ্গলবার রয়টার্সকে দেওয়া তাঁর এক সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে। সেখানে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যে সামরিক শক্তির প্রয়োগ করেছেন তা তিনি সমর্থন করেন না। তবে আগে তিনি বলেছিলেন, তিনি পুতিনকে শ্রদ্ধা করেন। সাক্ষাৎকারে কথা প্রসঙ্গে তিনি উত্তর কোরিয়ার নেতার ব্যাপারে এমন মনোভাব দেখান।