কিমের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: ফাইল
কিম জং-উন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: ফাইল

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে সরাসরি আলোচনা করতে চান আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ওই আলোচনার মাধ্যমে পরমাণু কর্মসূচি বন্ধ করতে চান ডোনাল্ড ট্রাম্প।
গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তাঁর এ অবস্থান বাস্তবে রূপ নিলে তা হবে কমিউনিস্ট দেশটি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রনীতির বড় ধরনের পরিবর্তন।
ব্যবসাজগৎ থেকে হঠাৎ রাজনীতিতে নামা ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন নীতিকে সমর্থন করেন না। প্যারিস জলবায়ু চুক্তি নিয়েও আবার আলোচনা করতে চান তিনি।

ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে লেনদেনের ব্যাপারে কীভাবে এগোতে চান, সে পরিকল্পনার খুঁটিনাটি জানাতে রাজি হননি। কিমের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি তাঁর সঙ্গে কথা বলব। তাঁর সঙ্গে কথা বলতে আমার কোনো আপত্তি নেই।’
পরমাণু ইস্যু সমাধান করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্তর কোরিয়ার প্রধান সমর্থনদাতা চীনের সঙ্গেও আলোচনা করার আগ্রহ দেখান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি চীনের ওপর ব্যাপক চাপ তৈরি করব। কেননা, চীনের ওপর ব্যাপক অর্থনৈতিক প্রভাব আছে যুক্তরাষ্ট্রের।’
ট্রাম্পের এই মন্তব্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থিত উত্তর কোরীয় মিশনের কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বিবিসি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এই মন্তব্যের সমালোচনা করেছেন আসন্ন নির্বাচনে তাঁর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। এই মন্তব্যকে লৌহমানব কিমের প্রতি ডোনাল্ড ট্রাম্পের ‘অস্বাভাবিক আকর্ষণ’ বলে সমালোচনা করেছে প্রতিপক্ষ শিবির। হিলারি শিবির থেকে এক বার্তায় বলা হয়েছে, ট্রাম্পের পররাষ্ট্রনীতি কোনো অর্থ বহন করে না।