কিমের সঙ্গে কথা বলবেন ট্রাম্প!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সে কর্মসূচি বন্ধ করতে চান আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
গত মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তাঁর এ অবস্থান বাস্তবে রূপ নিলে তা হবে নিভৃতকামী কমিউনিস্ট দেশটি সম্পর্কে মার্কিন পররাষ্ট্রনীতির বড় ধরনের পরিবর্তন।
সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন নীতিকে সমর্থন করেন না। প্যারিস জলবায়ু চুক্তি নিয়েও আবার আলোচনা করতে চান তিনি।
ট্রাম্প উত্তর কোরিয়ার নেতার সঙ্গে লেনদেনের ব্যাপারে কীভাবে এগোতে চান সে পরিকল্পনার খুঁটিনাটি জানাতে রাজি হননি। তবে তিনি কিমের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন। ট্রাম্প বলেন, ‘আমি তাঁর সঙ্গে কথা বলব। তাঁর সঙ্গে কথা বলতে আমার কোনো আপত্তি নেই।’
পরমাণু ইস্যু সমাধান করার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্তর কোরিয়ার প্রধান সমর্থনদাতা চীনের সঙ্গেও আলোচনা করার আগ্রহ দেখান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি চীনের ওপর ব্যাপক চাপ তৈরি করব। কেননা, চীনের ওপর ব্যাপক অর্থনৈতিক প্রভাব আছে যুক্তরাষ্ট্রের।’