কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্প চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা দেখছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প
কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প


বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্রদের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ ঘোষণা করেন। পরের দিন শুক্রবার হোয়াইট হাউসে উত্তর কোরিয়ার দুই নম্বর নেতা কিম জন-চলের সঙ্গে বৈঠকের পরে তিনি জানালেন, ১২ জুন সিঙ্গাপুরে কিম জং-উনের সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হচ্ছেন।
গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা করেছিলেন বৈঠক হবে না। কারণ, উত্তর কোরিয়া পারমাণবিক যুদ্ধের হুমকি ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে গর্দভ বলে গালি দিয়েছে। শুক্রবার ওভাল অফিসে কিম জন-চলের সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প নিশ্চিত করলেন, ১২ তারিখেই বৈঠক হবে, তবে এই বৈঠকের ফলাফল বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলেননি।
শুক্রবার ট্রাম্প ওভাল অফিসে কিমের প্রতিনিধির সঙ্গে প্রায় ৮০ মিনিটের জন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাতের সময় কিম জন-চল ট্রাম্পের হাতে তাঁর নেতার লেখা একটি চিঠি হস্তান্তর করেন। ট্রাম্প পরে সাংবাদিকদের জানান, খুবই চমৎকার চিঠি পাঠিয়েছেন কিম। অবশ্য পরমুহূর্তেই তিনি জানান, সে চিঠি তিনি তখনো পড়ে দেখেননি।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বৈঠকের ফলাফল সম্বন্ধে আগের তুলনায় অনেক সংযত ও অধিক সংশয়ী মন্তব্য করেন। এর আগে হোয়াইট হাউস থেকে বলা হয়েছিল, বৈঠকের লক্ষ্য হবে উত্তর কোরিয়ার পূর্ণ, অপরিবর্তনীয় ও প্রমাণযোগ্য পারমাণবিক নিরস্ত্রীকরণ। ট্রাম্প শর্ত দিয়েছিলেন, ‘উত্তর কোরিয়াকে খুব অল্প সময়ের মধ্যে তার সব পারমাণবিক অস্ত্র ধ্বংস করতে হবে।’ পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, এই শর্তের ব্যাপারে যুক্তরাষ্ট্র অনমনীয়। ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ হতে হবে দ্রুত ও পূর্ণ।’ ট্রাম্পের কথায় স্পষ্ট, সেই লক্ষ্য থেকে তিনি সরে এসেছেন।
অধিকাংশ পর্যবেক্ষকই মনে করেন, কিম জং-উন কিছুতেই এক কথায় তাঁর পারমাণবিক অস্ত্রভান্ডার ধ্বংস করবেন না। চূড়ান্ত দারিদ্র্য সত্ত্বেও উত্তর কোরিয়ার নেতারা পারমাণবিক অস্ত্র নির্মাণে গত তিন দশক বিপুল সম্পদ নিয়োগ করেছেন মুখ্যত এই বিশ্বাস থেকে যে, এই অস্ত্রভান্ডারই হবে তাঁদের নিরাপত্তার প্রধান গ্যারান্টি। ট্রাম্প ব্যক্তিগতভাবে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার পরেও কিম জং-উন নিজের অস্ত্রভান্ডার পুরোপুরি ধ্বংসে রাজি হননি। উত্তর কোরিয়াকে ধনী বানিয়ে দেবেন ট্রাম্প—এমন টোপও দিয়েছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। কিমের এই অনাগ্রহের কারণেই ট্রাম্প এখন বলছেন, এক বৈঠকেই পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্য অর্জিত হবে না। এটি একটি প্রক্রিয়া। আরও বৈঠকের প্রয়োজন পড়বে।
ট্রাম্প বলেন, এই বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে না, কোনো চুক্তিও স্বাক্ষরিত হবে না। ‘আমরা শুধু একটি প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি।’ তবে বৈঠকের সাফল্য বিষয়ে ট্রাম্প এখনো প্রবল আশাবাদী। তিনি বলেন, ‘আমার মনে হয় খুবই সফল বৈঠক হবে।’ এ কথা বলার ঠিক পরমুহূর্তে তিনি বলেন, দেখা যাক কী হয় ১২ তারিখে।
শীর্ষ বৈঠকের ফলাফলের ব্যাপারে ট্রাম্প এখন যে কতটা কম আশাবাদী তার ইঙ্গিত দিয়ে তিনি সাংবাদিকদের জানান, এই বৈঠকের লক্ষ্য একে অপরের সঙ্গে পরিচিত হওয়া।
উত্তর কোরিয়ার নেতা তাঁর নিজের দেশে মানবাধিকার লঙ্ঘনের জন্য পরিচিত হলেও ট্রাম্প জানান, ওভাল অফিসের বৈঠকে তাঁরা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি। এমনকি উত্তর কোরিয়ার ওপর অব্যাহত চাপ প্রয়োগের বিষয়টিও তিনি এড়িয়ে যান। নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ হবে না, সে কথা জানিয়ে ট্রাম্প জানান, সর্বোচ্চ চাপ প্রয়োগের মতো কথা তিনি বলতে চান না। তিনি পাল্টা প্রশ্ন করেন, ‘সবকিছু এমন চমৎকার চলছে, সেখানে নতুন নিষেধাজ্ঞার কথা তোলা কেন?’
ট্রাম্পের এই নমনীয় মনোভাব আসলে কিম জন-উনের জন্য বড় বিজয়—এ কথা মনে করেন জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের কোরিয়া বিশেষজ্ঞ অধ্যাপক ভিক্টর চা। ‘ট্রাম্পের কথা থেকেই স্পষ্ট, তিনি এখন আর কিমের অস্ত্রভান্ডার দ্রুত ধ্বংসের দাবি করছেন না, যা আসলে কিমের প্রতি ছাড় ছাড়া আর কিছুই নয়,’ তিনি নিউইয়র্ক টাইমসকে জানান।
পর্যবেক্ষকেরা বলছেন, কোনো আগাম চিন্তাভাবনা ছাড়া কিমের সঙ্গে শীর্ষ বৈঠকের আমন্ত্রণ গ্রহণের কারণ ছিল ট্রাম্প ধরে নিয়েছিলেন কিমের সঙ্গে একবার মুখোমুখি দেখা হলে তিনি নির্ঘাত একটি চুক্তি করে ফেলবেন এবং তার পুরস্কার হিসেবে নোবেল শান্তি পুরস্কারটিও তাঁর জুটে যাবে। নিজেকে তিনি পৃথিবীর সেরা ‘ডিল মেকার’ বা চুক্তি সম্পাদনকারী বলে ভেবে থাকেন। ট্রাম্প এখনো যে কিমের সঙ্গে সফল চুক্তির আশা ত্যাগ করেননি, তা দেখে তাঁর নিজ দলের অনেক নেতাই অস্বস্তিতে রয়েছেন। সিনেট নেতা মিচ ম্যাককনেল সাবধান করে বলেছেন, সূক্ষ্ম বিষয়গুলোর ওপর নজর দিতে হবে। এ রকম পরিস্থিতিতে চুক্তি সম্পাদনের জন্য ব্যাকুল হয়ে পড়া বুদ্ধিমানের কাজ হবে না। ‘চুক্তির প্রতি আপনি যদি প্রেমে পড়ে যান, চুক্তি করাটাকে খুব জরুরি বলে বিবেচনা করেন, তাহলে অনেক সময় সূক্ষ্ম বিষয়গুলো কম গুরুত্বপূর্ণ হয়ে পড়তে পারে।’
শীর্ষ বৈঠকের সাফল্যের ব্যাপারে ডেমোক্রেটিক নেতারা অবশ্য আরও কম আশাবাদী। কংগ্রেসে ডেমোক্র্যাটদের নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, ট্রাম্পের লম্ফঝম্প দেখে কিম নির্ঘাত হেসে খুন হচ্ছেন। ‘পুরো ঘটনাই কিমের জন্য খুবই লাভজনক। একজন দুর্বৃত্ত, যে ক্ষমতায় টিকে থাকতে নিজের আত্মীয়স্বজনকে খুন করতে পারেন, তিনি এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কর্তৃক আইনসিদ্ধ বলে স্বীকৃতি পাচ্ছেন।’ পেলোসি পরিহাস করে বলেন, ট্রাম্প ও কিম সেয়ানে সেয়ান। ‘একজন বিশ্বের কাছ থেকে সম্মান পাচ্ছেন। অন্যজন শীর্ষ বৈঠক আয়োজনের জন্য পুরস্কৃত হতে যাচ্ছেন।’