কিশোরগঞ্জ অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা
কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যরা

নিউইয়র্কে বসবাসরত কিশোরগঞ্জবাসীর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী কমিটি। ১২ নভেম্বর জ্যাকসন হাইটসের গুলশান টেরেসে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে সংগঠনের নেতারা এই আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতি মাহফুজুল হাসান টুপন বলেন, ‘এবারই প্রথম সম্পূর্ণ গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি কমিটি সংবিধান সম্মতভাবে সংগঠনের দায়িত্ব গ্রহণ করছে। আজকের দিনটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ দিন। আশা করি সবার সক্রিয় সহযোগিতায় আমরা আমাদের প্রিয় এই সংগঠনটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সমর্থ হব।’
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করে মাহফুজুল হাসান বলেন, ‘নিউইয়র্কে বসবাসরত কিশোরগঞ্জবাসীর কল্যাণে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে থাকব। আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের জন্য কাজ করতে চাই।’
কিশোরগঞ্জকে বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী জেলা হিসেবে উল্লেখ করে নবনির্বাচিত সভাপতি বলেন, ‘যুগে যুগে কিশোরগঞ্জে জন্ম নিয়েছেন অনেক কৃতি সন্তান। দেশে-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে তারা প্রতিভার স্বাক্ষর রেখেছেন। কিশোরগঞ্জে জন্মেছিলেন মধ্যযুগের স্বনামধন্য মহিলা কবি চন্দ্রাবতী, বরেণ্য সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়, শিক্ষাবিদ নীরোদ চৌধুরী ও শিল্পাচার্য জয়নুল আবেদিন প্রমুখ। এরা সবাই কিশোরগঞ্জের ঐতিহ্যকে মহিমান্বিত করেছেন। এ ছাড়া বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদ, সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান ও বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামে জন্মস্থানও পুণ্যভূমি কিশোরগঞ্জ। আমরা তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

জ্যাকসন হাইটসের গুলশান টেরেসে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা
জ্যাকসন হাইটসের গুলশান টেরেসে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

অভিষেক অনুষ্ঠানে নিউইয়র্ক ও আশপাশের অঙ্গরাজ্যে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী কিশোরগঞ্জবাসী বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে আগামী দুই বছরের জন্য কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে বরণ করে নেন। বিশিষ্ট ব্যবসায়ী ও আহ্বায়ক কমিটির আহ্বায়ক এ বি এম ওসমান গনি অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান ও বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় সংগীত শিল্পী রিজিয়া পারভীন। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের ৩৯ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনার মো. আকতার হোসেন মনির।
এরপর সংগঠনের সভাপতি টুপনের সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। অভিষেক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সংগীতানুষ্ঠান ও প্রীতিভোজ। এতে রিজিয়া পারভীন ছাড়াও সংগীত পরিবেশন করেন শিমুল খান, কৃষ্ণা তিথি ও আলী মাহমুদ।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আইনুল ইসলাম বলেন, ‘শুধু অভিষেক অনুষ্ঠান নয়, সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে পরবর্তীতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজন করা হবে। আমরা সংগঠনের সব কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে চাই। এ জন্য কার্যকরী কমিটির প্রথম সভায়ই একটি উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ড গঠন করা হবে।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি এবাদুল হক ও কামরুজ্জামান মুরাদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।
আগামী ২০১৮-২০১৯ সালের জন্য কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের দুই বছর মেয়াদি ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গত ২৮ অক্টোবর নির্বাচনের দিন ধার্য ছিল। কিন্তু নির্বাচনের জন্য টুপন-আইনুল পরিষদের বিপরীতে কেউ মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশনার আকতার হোসেন ওই প্যানেলকে নির্বাচিত ঘোষণা করেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন—জ্যেষ্ঠ সহসভাপতি সাইদুর রহমান ডিউক, সহসভাপতি বেলাল হোসেন, শাহিনুর করিম খান, পল্লব সরকার মিল্টন, এবাদুল হক, কামরুজ্জামান মুরাদ ও সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. শফিক খান ও স্বপন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল হুদা (জুয়েল), কোষাধ্যক্ষ মো. ফাইজুল ইসলাম, গণযোগাযোগ, প্রচার ও অভ্যর্থনা সম্পাদক সৈয়দ গোলাম কিবরিয়া (জামান), যুব ও ক্রীড়া সম্পাদক সমীর ঘোষ, সমাজ কল্যাণ সম্পাদক শেখ মাহফুজুর রহমান (টিপু), সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, শিক্ষা বিষয়ক সম্পাদক জুবায়ের আহমেদ রানা, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা রুবাইয়া তাসনিম দিনা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. মামুন ভূঞা, কাজল সরকার, দপ্তর সম্পাদক মো. কামাল উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক মো. দেলোয়ার ইসলাম, নির্বাহী সদস্য সুজন কুমার রায়, নুরুল ইসলাম খান, মো. জাওয়াদ হোসেন (হাসিব), মুজিবুর রহমান ভূঞা, সুবল দেবনাথ, বাদশাহ খান, কাজী হাসিব হাসান, মো. আবুল কাশেম, পলাশ রায়, মনিরুজ্জামান মনির, বাপী রায়, সাইদুল্লাহ সরকার, আবদুল হামিদ ও ফেরদৌস রহমান মুকুল।