কী কথা হলো হিলারি-ওয়ারেনের?
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী

ক্লিনটন গতকাল শুক্রবার ওয়াশিংটন ডিসিতে নিজের বাড়িতে সিনেটর এলিজাবেথ ওয়ারেনকে কফির দাওয়াত দিয়েছিলেন। দাওয়াতের কথা সবাই আগেই জেনেছিলেন। কিন্তু কী কথা হলো, তা জানতে পারেননি কেউ।
গতকাল সকাল থেকেই হিলারির বাড়ির সামনে অনেক টিভি ক্যামেরাম্যান ও সাংবাদিক গভীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ওয়ারেন ঢুকলেন। কিন্তু কারও সঙ্গে কোনো কথা বললেন না। ৬৬ মিনিট পরে ওয়ারেন বেরিয়ে গেলেন। যাওয়ার সময়ও কোনো কথা বলেননি।
দুপুরে স্থানীয় এক কফির দোকানে ঢুকেছিলেন হিলারি। তক্কে তক্কে ছিলেন সাংবাদিকেরা। হিলারিকে প্রশ্ন করলেন, কী কথা হলো? তিনি কি এলিজাবেথ ওয়ারেনকে রানিং মেট করার কথা ভাবছেন?
জবাবে কফির কাপ তুলে হিলারি বলেন, ‘চমৎকার কফি! তোমরা অবশ্যই পান করে দেখতে পারো।’
সাংবাদিকদের কাছে আলোচনার সারবস্তু ফাঁস করতে রাজি না হলেও এলিজাবেথ ওয়ারেনকে রানিং মেট করতে হিলারির ওপর নানা মহল থেকে চাপ বাড়ছে। ডেমোক্রেটিকরা ভাবছেন, প্রগতিশীল মহলে জনপ্রিয় এই সিনেটরকে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন দিলে বার্নি স্যান্ডার্সের অনেক অনুসারী হিলারিকে সমর্থন দেবেন।
তবে ডেমোক্রেটিক দলের ভেতরেও অনেকে ওয়ারেনকে নিয়ে সন্দিহান। পেনসিলভানিয়ার সাবেক গভর্নর ও বর্ষীয়ান ডেমোক্রেটিক নেতা এড র্যান্ডাল বলেছেন, ভাইস প্রেসিডেন্ট হওয়ার প্রধান শর্ত হলো, কোনো কারণে প্রেসিডেন্ট তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভাইস প্রেসিডেন্ট সেই দায়িত্ব নেবেন। র্যান্ডাল মনে করেন, এলিজাবেথ সেই দায়িত্ব পালনে প্রস্তুত নন। একই কথা বলেছেন মন্টানা থেকে নির্বাচিত ডেমোক্রেটিক সিনেটর জন টেস্টার।
এর আগের দিন ওয়ারেন স্পষ্ট জানান, ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সব যোগ্যতা তাঁর রয়েছে। তিনি অবশ্য এ কথাও বলেন, সিনেটরের দায়িত্ব পালনে তিনি খুশি। এর বাইরে অন্য কোনো পরিকল্পনা তাঁর নেই।
জনমত জরিপে এগিয়ে হিলারি
গতকাল রয়টার্স ও জনমত জরিপ সংগঠন আফসোস তাদের সর্বশেষ জরিপের যে ফলাফল প্রকাশ করেছে, তাতে ট্রাম্পের তুলনায় ১১ পয়েন্টে এগিয়ে রয়েছেন হিলারি ক্লিনটন। এই জরিপ অনুসারে হিলারির ৪৬ শতাংশ ও ট্রাম্পের ৩৬ শতাংশ জনসমর্থন রয়েছে। ১৯ শতাংশ ভোটার এখনো মনস্থির করেননি।
এর আগে করা বেশির ভাগ জরিপে দেখা গেছে, এই দুই প্রার্থীর জনসমর্থন প্রায় সমান সমান ছিল। বিশেষজ্ঞেরা বলছেন, ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন নিশ্চিত করার পর হিলারি স্বাভাবিকভাবেই বাড়তি সমর্থন অর্জন করেছেন। ট্রাম্পের ক্ষেত্রেও মনোনয়ন নিশ্চিত হওয়ার পর তাঁর জনসমর্থনে ‘স্ফীতি’ লক্ষ করা যায়।
ফক্স টিভির গৃহীত অন্য এক জরিপে ক্লিনটন অবশ্য ট্রাম্পের তুলনায় মাত্র ৩ পয়েন্টে এগিয়ে রয়েছেন।