কুইন্স ও ম্যানহাটনের মধ্যে নতুন ফেরি রুট

নিউইয়র্ক সিটিতে যুক্ত হলো নতুন ফেরি সার্ভিস। ২৯ আগস্ট এ নতুন ফেরি রুট উদ্বোধন করা হয়। এ ফেরির মাধ্যমে কুইন্স ও ম্যানহাটনের পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন হলো। কুইন্সের অ্যাস্টোরিয়ার হ্যালেটস খাড়ির ফেরিঘাট থেকে এ ফেরি চলাচল করবে। এ জন্য ঘাটে একটি ভাসমান পন্টুনের ব্যবস্থা করা হয়েছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উদ্বোধনের আগে ২৬ আগস্ট নতুন এ ফেরি দেখতে হ্যালেটসে ভিড় করেন অনেকে। ইস্ট রিভারের ঘাট এদিন মুখর হয়ে উঠেছিল। বেশ উৎসাহ দেখা গেল আগত দর্শনার্থীদের মধ্যে। এত চাঞ্চল্য এখানকার স্থানীয় কর্মীরা অনেক দিন দেখেননি। নতুন এ ফেরিঘাট কিছু আশঙ্কারও জন্ম দিচ্ছে। নিউইয়র্কবাসীদের মধ্যে বিনোদন ও কর্মক্ষেত্রে যাওয়ার জন্য নৌপথ ব্যবহারের প্রবণতা বাড়ছে। ভাড়ায় চালিত বিভিন্ন নৌকাই সাধারণত এ ক্ষেত্রে তারা ব্যবহার করতেন। এখন একই নৌপথে নতুন নতুন ফেরি সংযোজনের ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
নিউইয়র্কের নৌপথে এমনিতে বিভিন্ন ধরনের নৌযান চলাচল করে। টানা নৌকা, পালের নৌকা, ছোট জাহাজ, ইয়টসহ বিভিন্ন ধরনের নৌযান চলাচল করে এ নৌপথে। চার মাস আগে এ পথে প্রথম ফেরি চালু করলে, এর সঙ্গে বিভিন্ন নৌযানের সংঘর্ষ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত এমন কোনো নৌ দুর্ঘটনা দেখেনি নিউইয়র্ক।
নিউইয়র্কের ফেরির বিষয়টি দেখভাল করেন এ বিষয়ক প্রতিষ্ঠান হর্নব্লোয়ার্সের সহসভাপতি ক্যামেরন ক্লার্ক। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, এ নৌপথ বহু কাজে ব্যবহার হচ্ছে। অনেক ধরনের যানবাহন এখানে চলাচল করে। এসব যানবাহন ও আমরা নিরাপদেই সহাবস্থান করতে পারব বলে আমি বিশ্বাস করি। এমন নয় যে ইস্ট রিভারের শুধু এ অংশেই প্যাডেলচালিত নৌযান চলাচল করে। পুরো নৌপথেই তাদের অস্তিত্ব রয়েছে। ফলে তাদের অস্তিত্ব মাথায় রেখেই আমাদের সবকিছু করতে হবে।
নিউইয়র্কের এ ফেরিগুলোয় চড়তে বাড়তি অর্থ গুনতে হবে না যাত্রীদের। সাবওয়ে বাসের মতোই এর ভাড়া পৌনে তিন ডলার। এত কম ভাড়া আবার শঙ্কিত করেছে সংশ্লিষ্ট শখের নৌভ্রমণ আয়োজকদের। তাদের আশঙ্কা হচ্ছে, শহর কর্তৃপক্ষ এতে অংশ নিলে, তাদের আয় সংকুচিত হবে। যদিও এখন পর্যন্ত শহর কর্তৃপক্ষ এ বিষয়ে তেমন কোনো আগ্রহ দেখায়নি।
অ্যাস্টোরিয়া রুটে চলা ফেরিগুলোর জন্য ম্যানহাটনের পূর্বাঞ্চলীয় এলাকায় দুটি স্টপেজ রয়েছে। এর একটি লং আইল্যান্ড সিটিতে। অন্যটি রুজভেল্ট আইল্যান্ডে। এ নিয়ে নিউইয়র্ক সিটিতে এটি চতুর্থ ফেরি রুট। এর আগের তিনটি রুটের মধ্যে দুটি ইস্ট রিভার দিয়ে রক অ্যাওয়ের দিকে। আর বাকিটি ব্রুকলিন থেকে রেড হুক, সানসেট পার্ক ও বে রিজের মধ্যে সংযোগ স্থাপন করেছে।
লং আইল্যান্ড সিটি বোট হাউসের প্রেসিডেন্ট ডেভিড ম্যাটেন বলেন, ‘কুইন্সের হ্যালেট কোভ থেকে এ নতুন ফেরি রুট একেবারে স্বতন্ত্র। অন্যগুলোর মতো ব্যস্ত নৌরুট এটি নয়। এখানে সাধারণত বিনোদনের উদ্দেশেই মানুষ নৌভ্রমণ করেন। ফলে নতুন এ ফেরি রুটকে খেলার মাঠে সাবওয়ে স্থাপনের সঙ্গে তুলনা করা যেতে পারে।’
২৮ আগস্ট নতুন রুটের জন্য বরাদ্দ ফেরিটি পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়। এ সময় এর আশপাশের অঞ্চলের বহু মানুষ সমবেত হয়েছিলেন সেখানে। তাদের অনেকেই জানতে চাইছিলেন, কবে থেকে এ সেবাটি শুরু হবে। অ্যাস্টোরিয়ার বাসিন্দা শেইলা কোয়াকু-ব্ল্যান্ডও ছিলেন এ উৎসুক মানুষের দলে। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘আমি এ ফেরির প্রথম যাত্রী হতে চাই। আমার ছেলে ম্যানহাটনে পড়াশোনা করে। এ ফেরি চালু হলে, সে আগের চেয়ে কম সময়ে সেখানে যাতায়াত করতে পারবে। তার শরীরের ওপর ধকলও কমবে।’ তার পাশে দাঁড়ানো আরেক ব্যক্তি বললেন, ‘এমনকি ইউরোপেও এত চমৎকার নৌযান নেই। এটিই সত্যিই দারুণ।’
ফেরি ব্যবস্থাপকেরা জানান, এতটা উৎসাহ ও আনন্দ অনেক দিন দেখা যায়নি নিউইয়র্কবাসীদের মধ্যে। এ ক্ষেত্রে সবার আন্তরিকতাকেই কৃতিত্ব দিলেন তারা। তারা জানান, এ নৌপথ সম্প্রসারণের ক্ষেত্রে আগের ফেরি রুটগুলোর বিষয়ে মানুষের প্রতিক্রিয়া জানতে একটি জরিপ করা হয়েছিল। এতে দেখা গেছে, জরিপে অংশগ্রহণকারীদের ৯০ শতাংশই ফেরি পারাপার সেবাকে গড়ে ৭০ শতাংশের বেশি নম্বর দিয়েছেন।